Soumitrisha-Exclusive: ‘তৃণমূল সরকারই থাকছে, দিদিই থাকছে’, মমতায় আশাবাদী সৌমিতৃষা, করতে বললেন অপেক্ষা
ভোটে না দাঁড়ালেও, ২০২৬ সালের বিধানসভা ভোটের আগে পুরো বাংলা জুড়ে তৃণমূল কংগ্রেসের প্রচার করেছিলেন সৌমিতৃষা কুণ্ডু। ভোটের গণনার যে ট্রেন্ড সামনে আসছে, সেখানে এগিয়ে বিজেপি! তা দেখে একটু হলেও কি আশাহত সৌমিতৃষা?
বয়স খুব একটা বেশি নয়, তবুও নিজের মতাদর্শ নিয়ে স্পষ্টভাষী অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে যাকে বলে নাওয়া-খাওয়া ভুলে প্রচার করেছেন। বাংলার বিভিন্ন প্রান্তে পৌঁছে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের হয়ে ভোট চাইতে। নির্বাচনের ফলাফলের যে ট্রেন্ড সামনে এসেছে, তাতে কি একটু হলেও মন খারাপ অভিনেত্রীর?

হিন্দুস্তান টাইমস বাংলার তরফে সৌমিতৃষার সঙ্গে যোগাযোগ করা হলে জবাব এল, ‘না না এখনো তো পুরোপুরি সবটা আসেনি। আরও অপেক্ষা করতে হবে। যেখানে আমাদের রাজ্যের ৩বারের মুখ্যমন্ত্রী যখন সবাইকে আস্থা দিয়েছেন। বলেছেন একটু অপেক্ষা করুন।’
‘আর অনেকরকম চাপ আছে, নির্বাচন কমিশন, সবই তো কেন্দ্রের হাতে। এই সমস্ত জটিলতা কাটিয়ে বাংলার মানুষেরই জয় হবে। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কিচ্ছু দেখে না। তবে আর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তৃণমূল কংগ্রেসের সরকারই থাকছে। আমাদের দিদিই থাকছে।’, জোর গলায় বললেন সৌমিতৃষা।
আর যদি বিজেপি জেতে তাহলে…! কথার মাঝেই থামিয়ে দিলেন তিনি। বলে উঠলেন, ‘কোনো যদির জায়গাই নেই। দিদিই আবার আসছে। নিশ্চিন্ত আমরা বাংলার মানুষেরা সবাই যে দিদি আসছে। কারণ ওঁর রিপ্লেসমেন্ট কিচ্ছু নেই।’
আপাতত ভোট গণনার যে ট্রেন্ড সামনে এসেছে তাতে ২০০ আসনে এগিয়ে আছে বিজেপি। এদিকে ডবল ডিজিটেই আটকে আছে তৃণমূল কংগ্রেস। এমনকী, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুর আসনেও হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। যদিও তৃণমূল সুপ্রিমো সোমবার বেলা ১১টার কাছাকাছি সরাসরি বার্তা দেন সমর্থক ও দলের কর্মীদের উদ্দেশে। বলেন, ইচ্ছাকৃতভাবে ঢিমেতালে গণনা করছে নির্বাচন কমিশন। এখন মোটে তিন-চার রাউন্ড গণনা করা হয়েছে। যত শেষের দিকে এগোবে গণনা, তত ছবিটা পালটাবে বলে দাবি করেন।
মমতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গের বিদায়ী মুখ্যমন্ত্রী বর্তা দেন, ‘প্রথম ২-৩ রাউন্ডে আমি কাল থেকেই বলছি ওদেরগুলো (বিজেপি) আগে দেখাবে। আমাদেরগুলো পরে দেখাবে। এটা দেখে ভয় পেয়ে বা হতাশ হয়ে কেন্দ্র ছেড়ে চলে আসবেন না।’
‘আমি আমাদের সব কাউন্টিং এজেন্টদের, আমাদের সমস্ত পার্টির কর্মীদের বলব, অত মন খারাপ করার কারণ নেই। আমি বলেছিলাম, সূর্যাস্তের পরে আপনারা জিতবেন। তিন-চার রাউন্ড কাউন্ট হলেও এটা ১৪-১৮ রাউন্ড কাউন্ট হয়। তখন আপনারা জিতবেন। ওয়েট অ্যান্ড সি, ওয়াচ। আমরা সবাই আপনাদের সঙ্গে আছি। আপনারা কেউ ভয় পাবেন না। নিশ্চিতে থাকুন। আমরা বাঘের বাচ্চার মতো লড়াই করে যাব।’, আরও বলেন মমত।
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper


