হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।
মঞ্চে উঠে দিলজিতকে চুমু মহিলা ভক্তের, প্রথমে বাধা দিয়েও শেষে কী করলেন গায়ক?
আমদাবাদের কনসার্টে একদিকে মহিলা অনুরাগীর আবদারে গালে চুমু খেতে দিলেন দিলজিৎ দোসাঞ্জ, অন্যদিকে নিজের গানের উপর নিষেধাজ্ঞা নিয়ে সরব হলেন গায়ক। মঞ্চে উঠে দিলজিতকে চুমু খেয়ে তাঁকে জড়িয়ে ধরেন এক মহিলা ভক্ত। পাল্টা তাঁকেও উপহার দেন শিল্পী।
মঞ্চে তখন গানের তালে মেতে উঠেছেন হাজার হাজার দর্শক। নিজের জনপ্রিয় গান দিয়ে অনুরাগীদের মাতিয়ে রাখছেন দিলজিৎ দোসাঞ্জ। সেই সময় হঠাৎই এক মহিলা ভক্ত মঞ্চে উঠে তাঁর কাছে এগিয়ে আসেন। গায়কের আরও কাছে গিয়ে তাঁকে চুমু খাওয়ার চেষ্টা করতেই প্রথমে হাত তুলে তাঁকে আটকানোর ইঙ্গিত দেন দিলজিৎ। তবে শেষ পর্যন্ত ভক্তকে গালে চুমু খাওয়ার অনুমতি দেন তিনি। শুধু তাই নয়, এরপর দু'জনের মধ্যে চলে বেশ মজার কথোপকথনও। আমদাবাদের কনসার্টে দিলজিতের সঙ্গে এক মহিলা অনুরাগীর এই মুহূর্তের ভিডিও এখন সমাজমাধ্যমে ভাইরাল। তবে শুধু এই ঘটনাই নয়, ওই কনসার্ট থেকে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়ে সরব হয়েছেন গায়ক। বিদেশি শিল্পীদের সঙ্গে ভারতীয় শিল্পীদের ক্ষেত্রে আলাদা নিয়ম কেন, সেই প্রশ্ন তুলে একরকম দ্বিচারিতার বিরুদ্ধেই মুখ খুলেছেন তিনি।

মঞ্চে উঠে দিলজিতকে চুমু মহিলা ভক্তের
সম্প্রতি আমদাবাদের কনসার্টে পারফর্ম করছিলেন দিলজিৎ। সেই সময় এক মহিলা অনুরাগী মঞ্চে উঠে তাঁর কাছে এগিয়ে যান। গায়ককে জড়িয়ে ধরার পাশাপাশি তাঁর গালে চুমু খাওয়ার চেষ্টা করেন ওই মহিলা। প্রথমে দিলজিৎ হাত তুলে তাঁকে থামানোর চেষ্টা করলেও পরে গালে চুমু খেতে দেন। এরপর ভক্তের সঙ্গে বেশ হাসিঠাট্টাও করেন তিনি।
মহিলার সঙ্গে কথা বলতে গিয়ে নিজের স্বভাবসিদ্ধ রসিকতার পরিচয় দেন দিলজিৎ। মজা করে বলেন, “দেখুন ম্যাডাম, বিদেশিরাও ভাংড়া নাচছেন। আমার অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ। আমার ইংরেজি অতটা সুন্দর নয়, তবে আমি বেশ সুদর্শন!” তাঁর এই কথায় হাসির রোল ওঠে দর্শকদের মধ্যে। এরপর ওই অনুরাগীকে একটি উপহারও দেন গায়ক। যাওয়ার আগে মহিলাটি তাঁকে জড়িয়ে ধরে আরও একবার গালে চুমু খেয়ে মঞ্চ ছাড়েন। টিম দোসাঞ্জের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এই মুহূর্তের ভিডিও প্রকাশ্যে আসতেই তা ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়।
কোল্ডপ্লে গাইলে আপত্তি নেই, দিলজিৎ গাইলেই সমস্যা?
তবে কনসার্টের এই মজার মুহূর্তের পাশাপাশি গানের উপর বিধিনিষেধ নিয়েও সরব হয়েছেন দিলজিৎ। তাঁর অভিযোগ, ভারতীয় শিল্পীদের ক্ষেত্রে যে ধরনের আপত্তি বা বাধার মুখে পড়তে হয়, বিদেশি শিল্পীদের ক্ষেত্রে সেই একই নিয়ম কার্যকর করা হয় না। নিজের গানের কথা নিয়ে ওঠা আপত্তির প্রসঙ্গে ব্রিটিশ ব্যান্ড কোল্ডপ্লের উদাহরণ টানেন তিনি।
দিলজিৎ জানান, গত বছর আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে কোল্ডপ্লের কনসার্ট দেখতে গিয়েছিলেন তিনি। সেই অনুষ্ঠান তাঁকে একই মঞ্চে পারফর্ম করার অনুপ্রেরণা জুগিয়েছিল। এরপর কোল্ডপ্লের জনপ্রিয় গান ‘Hymn for the Weekend’-এর প্রসঙ্গ তুলে প্রশ্ন করেন, সেখানে ‘I'm feeling drunk and high’ কথাগুলি নিয়ে কারও আপত্তি না থাকলেও তাঁর গানের ক্ষেত্রে কেন নিষেধাজ্ঞার প্রশ্ন ওঠে?
এই প্রসঙ্গে দিলজিৎ বলেন, “কোল্ডপ্লে যখন গায়, ‘I'm feeling drunk and high’, তখন তো কারও কোনও সমস্যা হয় না। কোল্ডপ্লে এখানে এসে এই গান গাইলেও আপত্তি নেই। কিন্তু দিলজিৎ গাইলেই সমস্যা! এই দ্বিচারিতা কেন?”
বিদেশি শিল্পী বলে কটাক্ষের জবাব দিলজিতের
শুধু গানের উপর নিষেধাজ্ঞা নয়, ভারতীয় শিল্পীদের প্রতি এই দৃষ্টিভঙ্গি নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর কথায়, বিদেশ থেকে কোনও শিল্পী এসে গান গাইলে কারও সমস্যা হয় না, অথচ তাঁর ক্ষেত্রেই আপত্তি তোলা হচ্ছে। এমনকী তাঁকে বিদেশি বলে কটাক্ষ করার প্রসঙ্গেও জবাব দিয়েছেন গায়ক। স্পষ্ট ভাষায় তিনি বলেন, ‘আমাকে বলে, আমি বাইরে থেকে এসেছি। অথচ আমার জন্ম তো এখানেই। আমি কি হোনোলুলুতে জন্মেছি?’
উল্লেখ্য, ২০২৫ সালের ২৫ জানুয়ারি আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে কোল্ডপ্লে তাদের ‘Music of the Spheres’ ওয়ার্ল্ড ট্যুরের অংশ হিসেবে পারফর্ম করেছিল। সেই কনসার্টের স্মৃতিই এবার নিজের বক্তব্যে তুলে আনলেন দিলজিৎ। একদিকে মঞ্চে ভক্তের সঙ্গে তাঁর মিষ্টি ও মজার মুহূর্ত, অন্যদিকে ভারতীয় শিল্পীদের প্রতি দ্বিচারিতার বিরুদ্ধে প্রশ্ন—দুই কারণেই আমদাবাদের এই কনসার্ট এখন চর্চায়।
E-Paper
