শ্রেয়া কালরাকে জাপটে ধরে বারবার চুমু, লকআপ ২-এ নতুন বিতর্কে রাম কাপুর! বরের কাণ্ডে মুখ খুললেন বউ গৌতমী
LockUpps 2 Controversy: লক আপ ২'-এ শ্রেয়া কালরাকে অনুমতি ছাড়া চুমু দেওয়ার অভিযোগে তীব্র সমালোচনার মুখে পড়েছেন রাম কাপুর। সোশ্যাল মিডিয়ায় যখন বিতর্ক তুঙ্গে, তখন অভিনেতার পাশে দাঁড়িয়ে প্রতিক্রিয়া দিলেন তাঁর স্ত্রী গৌতমী কাপুর। কী বললেন তিনি? জেনে নিন।
ওটিটি রিয়্যালিটি শো ‘লক আপ ২: সাচ ইয়া সাজা’-কে ঘিরে বিতর্ক যেন থামছেই না। সম্প্রতি একটি টাস্ক চলাকালীন অভিনেতা রাম কাপুরের বিরুদ্ধে সহ-প্রতিযোগী শ্রেয়া কালরাকে তাঁর সম্মতি ছাড়াই বারবার কপাল ও গালে চুমু দেওয়ার অভিযোগ ওঠে। সম্প্রচারিত পর্বের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়েন রাম।

পরে শোয়ের একটি পর্বে শ্রেয়া কালরা নিজের ক্ষোভ প্রকাশ করে বলেন, কোনও ব্যক্তিগত সীমারেখা না মেনেই রাম তাঁর কাছে এসেছিলেন। এমনকি তিনি স্পষ্ট জানিয়ে দেন, ভবিষ্যতে এমন পরিস্থিতি হলে তিনি রামকে দূরে সরে যেতে বলবেন। তাঁর মন্তব্য, ‘আমার বাবাও আমাকে এভাবে চুমু খান না। তাই আমার থেকে দূরে থাকুন, আমাকে চুমু খাবেন না।’
শুধু তাই নয়, শ্রেয়া অভিযোগ করেন, একটি টাস্কের সময় রাম কাপুর অভিনেত্রী শিবাঙ্গী জোশীর মুখেরও খুব কাছে চলে গিয়েছিলেন। সেই সময় হর্ষদ চোপড়া রামকে দূরে থাকার অনুরোধ করেছিলেন বলেও দাবি করেন তিনি।
এই বিতর্কের মাঝেই প্রথমবার মুখ খুলেছেন রাম কাপুরের স্ত্রী, অভিনেত্রী গৌতমী কাপুর। স্বামীর সমালোচনার জবাবে তিনি জানান, রাম অত্যন্ত স্নেহপ্রবণ এবং মানুষের প্রতি তাঁর ভালোবাসা প্রকাশের ধরনই এমন। তাঁর দাবি, রামের উদ্দেশ্য কাউকে অস্বস্তিতে ফেলা নয়। বরং যাঁরা তাঁকে ব্যক্তিগতভাবে চেনেন, তাঁরা জানেন তিনি সবার সঙ্গে আন্তরিক ও স্নেহপূর্ণ ব্যবহার করেন।
গৌতমী আরও বলেন, কোনও একটি ভিডিয়ো ক্লিপ বা ছোট অংশ দেখে কারও চরিত্র বিচার করা উচিত নয়। গোটা ঘটনার প্রেক্ষাপট না জেনে সিদ্ধান্তে পৌঁছনো ঠিক হবে না বলেও মত তাঁর।
যদিও গৌতমীর এই বক্তব্যের পরও বিতর্ক থামেনি। সোশ্যাল মিডিয়ায় একাংশের মত, স্নেহ প্রকাশের ক্ষেত্রেও অন্যের সম্মতি এবং ব্যক্তিগত সীমারেখাকে সম্মান করা জরুরি। অন্যদিকে, রামের সমর্থকদের দাবি, বিষয়টি অযথা বড় করে দেখা হচ্ছে।
প্রসঙ্গত, ‘লক আপ ২: সাচ ইয়া সাজা’-র সঞ্চালনায় রয়েছেন ফারাহ খান ও রীতেশ দেশমুখ। একতা কাপুর প্রযোজিত এই রিয়েলিটি শো বর্তমানে নানা বিতর্ক ও টানটান প্রতিযোগিতার কারণে দর্শকদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper


