ক্লাস ফাইভে বাগদান,১৫-তে বিয়ে! ১৮ বছরে জয়ন্তর সন্তানের মা হন, কেন ‘বালিকা বধূ’ হয়েছিলেন মৌসুমী?

‘ক্লাস ফাইভেই পাকা কথা, ১৫-তেই বিয়ে!’ পিসির শেষ ইচ্ছে রাখতে পরীক্ষা ছেড়েই হেমন্ত-পুত্র জয়ন্তের গলায় মালা দিয়েছিলেন মৌসুমী চট্টোপাধ্যায়!

Published on: Nov 13, 2026, 15:26:33 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

কিংবদন্তি গায়ক হেমন্ত মুখোপাধ্যায়ের পুত্র তথা বর্ষীয়ান অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়-এর স্বামী জয়ন্ত মুখোপাধ্যায়-এর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন ও সঙ্গীতমহলে। আজ তাঁর প্রয়াণের সঙ্গেই দীর্ঘ পাঁচ দশকের এক সুন্দর দাম্পত্য পথচলার অবসান ঘটল। জয়ন্ত মুখোপাধ্যায়ের বিদায়ের এই শোকাবহ মুহূর্তে নতুন করে ফিরে আসছে মৌসুমীর সঙ্গে তাঁর সেই রূপকথার মতো বিয়ে ও সম্পর্কের অজানা গল্প।

ক্লাস ফাইভে বাগদান,১৫-তে বিয়ে! ১৮ বছরে জয়ন্তর সন্তানের মা হন, কেন ‘বালিকা বধূ’ হয়েছিলেন মৌসুমী?
ক্লাস ফাইভে বাগদান,১৫-তে বিয়ে! ১৮ বছরে জয়ন্তর সন্তানের মা হন, কেন ‘বালিকা বধূ’ হয়েছিলেন মৌসুমী?

অবাক করার মতো বিষয় হলো, মৌসুমী যখন মাত্র পঞ্চম শ্রেণিতে (ক্লাস ফাইভ) পড়তেন, তখনই দুই পরিবারের সম্মতিতে তাঁদের বিয়ের পাকা কথা হয়ে গিয়েছিল। আর মাত্র ১৫ বছর বয়সেই হেমন্ত-পুত্র জয়ন্তের গলায় মালা দিয়েছিলেন তিনি।

পিসির শেষ ইচ্ছে রাখতেই তড়িঘড়ি বিয়ে:

বলিউডে পা রাখার আগেই বিবাহিত জীবন শুরু করেছিলেন মৌসুমী। এক সাক্ষাৎকারে অভিনেত্রী নিজেই ফাঁস করেছিলেন এত কম বয়সে বিয়ের পিঁড়িতে বসার নেপথ্য কাহিনি। মৌসুমীর আসল নাম ছিল ইন্দিরা চট্টোপাধ্যায়। তাঁর বাবা ছিলেন ভারতীয় সেনাবাহিনীতে এবং ঠাকুরদা ছিলেন বিচারক। বাবার বড় দিদি অর্থাৎ মৌসুমীর পিসি ছিলেন বাবার অত্যন্ত প্রিয়। দুর্ভাগ্যবশত, সেই পিসি ক্যানসারের শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছিলেন। মৃত্যুর আগে তাঁর শেষ ইচ্ছে ছিল আদরের ভাইঝি মৌসুমীর বিয়ে দেখে যাওয়া।

পিসির সেই অন্তিম ইচ্ছেকে সম্মান জানাতেই এগিয়ে আসেন মৌসুমীর শ্বশুরমশাই, স্বয়ং হেমন্ত মুখোপাধ্যায়। তাঁর পরামর্শেই দ্রুত বিয়ের আয়োজন করা হয়। মৌসুমীর কথায়, ‘আমার বাবার বড় দিদি ক্যানসারের শেষ পর্যায়ে ছিলেন। তাঁর শেষ ইচ্ছে ছিল আমার বিয়ে দেখা। তাই আমার শ্বশুরমশাই পরামর্শ দেন যে বিয়েটা হয়ে যাওয়াই উচিত। বিয়ের জন্য আমি এমনকি আমার স্কুলের পরীক্ষাও দিইনি। ঠিক সেই সময়েই আমার কাছে সিনেমার প্রস্তাবও আসে। যেন সবকিছু নিজে থেকেই সুন্দরভাবে মিলে যাচ্ছিল।’

সংসার ও স্টারডমের সমান্তরাল পথচলা:

মাত্র ১৫ বছর বয়সে জয়ন্ত মুখোপাধ্যায়ের হাত ধরে নতুন জীবন শুরু করেন মৌসুমী, আর ১৮ বছর বয়সেই মা হন তিনি। সংসার ও মাতৃত্ব সামলানোর পাশাপাশি অভিনয় জগতেও অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেন— আর এই পুরো যাত্রায় ছায়াসঙ্গী হয়ে পাশে ছিলেন জয়ন্ত।

১৯৬৯ সালে বাংলা ছবি ‘পরিণীতা’-র মাধ্যমে জনপ্রিয়তা পাওয়ার পর, ১৯৭২ সালে ‘অনুরাগ’ ছবির হাত ধরে বলিউডে অভিষেক ঘটে মৌসুমীর। এরপর ‘রোটি কাপড়া অউর মকান’, ‘বেনাম’, ‘স্বর্গ নরক’, ‘মাং ভরো সাজনা’-র মতো একের পর এক সুপারহিট ছবি উপহার দিয়ে সত্তরের দশকের অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত (Highest-Paid) অভিনেত্রী হয়ে উঠেছিলেন তিনি। কিন্তু কেরিয়ার নিয়ে কোনওদিন উচ্চাকাঙ্খী ছিলেন না মৌসুমী। সংসার, সন্তান ছিল তাঁর জীবনের প্রায়োরিটি। তাই বলিউডে একের পর এক সাফল্যও কোনওদিন তাঁর মাথা ঘুরিয়ে দেয়নি।

দুই মেয়ে জয়ন্ত-মৌসুমীর। বড় মেয়েকে আগেই হারিয়েছেন মৌসুমী। আজ জয়ন্ত মুখোপাধ্যায়ের প্রয়াণে ভেঙে গেল সেই দীর্ঘ সময়ের অটুট বন্ধন। সদাহাস্যময় মৌসুমীর জীবনে নেমে এল বৈধব্য় যন্ত্রণা। শোকস্তব্ধ পরিবার ও অনুরাগী মহলে এখন কেবলই স্মৃতিচারণ।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More