প্রেমিকা মাহিকা ও ছেলেকে নিয়ে দীপাবলি পালন হার্দিকের! বাবার কপালে তিলক পরাল অগস্ত্য
প্রাক্তন স্ত্রী নাতাশা-র সঙ্গে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে জড়িয়েছেন ক্রিকেটার হার্দিক পান্ডিয়া। প্রেমিকা মাহিকা শর্মার সঙ্গে তাঁর সম্পর্ক এখন বেশ চর্চায়। এবার ছোটি দিওয়ালিতে প্রেমিকা ও ছেলে অগস্ত্যকে নিয়ে বাড়িতেই উৎসবে মাতলেন ক্রিকেটার।
প্রেমিকা মাহিকা শর্মা এবং ছেলে অগস্ত্যকে নিয়ে ছোট দীপাবলির আনন্দে মাতলেন হার্দিক পান্ডিয়া। বাড়িতেই ঘরোয়া আয়োজনে উৎসব উদযাপন করলেন ভারতীয় ক্রিকেটার। সেই বিশেষ মুহূর্তের একাধিক ছবি ও ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন তিনি। আর সেখানেই নজর কেড়েছে হার্দিকের সঙ্গে ছেলে অগস্ত্যর মিষ্টি মুহূর্ত। অন্য দিকে, প্রেমিকার সঙ্গে রং মিলিয়ে পোশাক পরতেও দেখা গিয়েছে ক্রিকেটারকে।

প্রেমিকা ও ছেলেকে নিয়ে কীভাবে কাটল হার্দিকের ছোটি দিওয়ালি?
সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভিডিয়োতে দেখা যাচ্ছে, মাহিকার সঙ্গে পুজোর নানা আচার-অনুষ্ঠানে অংশ নিচ্ছেন হার্দিক। উৎসবের সাজে দু'জনের পোশাকেও ছিল মিল। নীল রঙের পোশাকে সেজেছিলেন হার্দিক ও মাহিকা। তবে সবথেকে বেশি নজর কেড়েছে অগস্ত্যর একটি কাণ্ড। বাবার কপালে নিজের হাতে তিলক পরিয়ে দিয়েছে সে। সেই দৃশ্য অনুরাগীদের মন জয় করেছে।

এক বছর ধরে প্রেমের সম্পর্কে হার্দিক-মাহিকা
গত এক বছর ধরে সোশ্যাল মিডিয়ায় একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ভাগ করে নিচ্ছেন হার্দিক ও মাহিকা। তাঁদের সম্পর্কের নানা ঝলক প্রায়ই অনুরাগীদের নজর কাড়ে। ২০২৫ সালে হার্দিকের জন্মদিনেও সমুদ্রসৈকতে একসঙ্গে সময় কাটিয়েছিলেন তাঁরা। কখনও সমুদ্রে ঘনিষ্ঠ মুহূর্ত, কখনও আবার একসঙ্গে গাড়ি পরিষ্কার করার ছবি—প্রেমের নানা মুহূর্তই অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন এই যুগল। তাঁদের পোস্টে মাঝেমধ্যেই দেখা গিয়েছে অগস্ত্যকেও।

২০২৪ সালে নাতাশার সঙ্গে বিচ্ছেদ হার্দিকের
উল্লেখ্য, ২০২০ সালে করোনা অতিমারির সময় নাতাশা স্টানকোভিচকে বিয়ে করেছিলেন হার্দিক। তাঁদের একমাত্র সন্তান অগস্ত্য। তবে দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে ২০২৪ সালের জুলাই মাসে বিচ্ছেদের কথা ঘোষণা করেন দু'জনে। যৌথভাবে আলাদা হওয়ার সিদ্ধান্তের কথা জানিয়ে হার্দিক বলেছিলেন, চার বছরের সম্পর্ক টিকিয়ে রাখার জন্য তাঁরা নিজেদের সাধ্যমতো চেষ্টা করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত দু'জনের ভালোর কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছেন।
পাশাপাশি ছেলে অগস্ত্যর দায়িত্ব দু'জনে একসঙ্গেই পালন করবেন বলেও জানিয়েছিলেন ক্রিকেটার। সন্তানের সুখ ও ভবিষ্যৎ তাঁদের দু'জনের কাছেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে স্পষ্ট করেছিলেন তিনি।
মাহিকা শর্মা সম্পর্কে
ফ্যাশন দুনিয়ায় ইতিমধ্যেই নিজের পরিচিতি তৈরি করেছেন হার্দিকের প্রেমিকা। একাধিক নামি ডিজাইনারের হয়ে র্যাম্পে হেঁটেছেন মাহিকা। ২০২৪ সালে তিনি Indian Fashion Awards-এ ‘Model of the Year (New Age)’ পুরস্কারও পান।
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper


