Shefali Shah: ‘বাচ্চা নেওয়ার বদলে কুকুর পোষো’, বিয়ের পরামর্শ দিতে গিয়ে বিতর্কিত মন্তব্য শেফালির!

বলিউডের অন্যতম শক্তিশালী অভিনেত্রী শেফালি শাহ বরাবরই সোজাসাপ্টা কথা বলতে ভালোবাসেন। পর্দায় তাঁর অভিনয় যেমন তীক্ষ্ণ, বাস্তব জীবনে তাঁর মতামতও ঠিক ততটাই সাহসী ও স্বচ্ছ। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ে এবং সন্তান ধারণের সামাজিক চাপ নিয়ে মুখ খুলে একপ্রকার বোমা ফাটালেন তিনি।

Published on: May 15, 2026, 20:51:43 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

সমাজ আজও মনে করে নির্দিষ্ট বয়সে বিয়ে আর তারপর সন্তান হওয়াই জীবনের চরম সার্থকতা। কিন্তু এই প্রথাগত ধারণার বিরুদ্ধেই এবার সওয়াল করলেন ‘দিল্লি ক্রাইম’ খ্যাত অভিনেত্রী শেফালি শাহ। সম্প্রতি লিলি সিং-এর সঙ্গে এক আড্ডায় তিনি তরুণীদের উদ্দেশ্যে বলেন, খুব অল্প বয়সে বিয়ের পিঁড়িতে বসা উচিত নয়। তাঁর মতে, নিজের শরীর এবং মনকে চেনার আগে এত বড় সিদ্ধান্ত নেওয়া স্রেফ বোকামি।

‘বাচ্চা নেওয়ার বদলে কুকুর পোষো’, বিয়ের পরামর্শ দিতে গিয়ে বিতর্কিত মন্তব্য শেফালির!
‘বাচ্চা নেওয়ার বদলে কুকুর পোষো’, বিয়ের পরামর্শ দিতে গিয়ে বিতর্কিত মন্তব্য শেফালির!

কুকুর বনাম সন্তান:

আড্ডার এক পর্যায়ে যখন লিলি জানান তাঁর বয়স ৩৭ এবং তিনি এখনও অবিবাহিত, তখন শেফালি হেসে বলেন, “আমি জানি এর জন্য আমাকে মারাত্মক ট্রোল হতে হবে, তাও বলছি— বাচ্চা নিও না, বরং কুকুর পোষো। স্রেফ কুকুর নিয়ে থাকো।” শেফালির যুক্তি, মানুষের জীবনে একমাত্র কুকুরই পারে নিঃস্বার্থ ভালোবাসা (Unconditional Love) দিতে। সন্তানদের বড় করা এবং বিয়ে টিকিয়ে রাখা যে কতটা কঠিন কাজ, তা নিজের অভিজ্ঞতা থেকেই ব্যাখ্যা করেন অভিনেত্রী।

ব্যক্তিগত জীবনের টানাপোড়েন:

শেফালির এই মন্তব্য কিন্তু নিছক মজার ছলে নয়। তাঁর ব্যক্তিগত জীবনও ছিল চড়াই-উতরাইয়ে ভরা। অভিনেতা হর্ষ ছায়ার সঙ্গে তাঁর প্রথম বিয়ে মাত্র চার বছরের মাথায় ভেঙে যায়। এরপর ২০০০ সালে পরিচালক বিপুল অমৃতলাল শাহের সঙ্গে ঘর বাঁধেন তিনি। তাঁদের দুই পুত্র সন্তান— আর্যমান এবং মৌর্য রয়েছে। মা হিসেবে নিজের দায়িত্ব পালন করলেও শেফালি মনে করেন, মানসিকভাবে পরিণত না হয়ে এই পথে পা বাড়ানো ঠিক নয়।

পশুপ্রেমী শেফালি:

শেফালি নিজে একজন বড় পশুপ্রেমী। তাঁর বাড়িতে ‘অ্যাশ’ এবং ‘সিম্বা’ নামে দুটি সাইবেরিয়ান হাস্কি রয়েছে। শুটিং থেকে ফিরে পোষ্যদের সঙ্গে সময় কাটানোর ছবি তিনি মাঝেমধ্যেই সমাজমাধ্যমে ভাগ করে নেন। তাঁর মতে, মানুষের থেকে পাওয়া ভালোবাসায় অনেক শর্ত থাকে, কিন্তু পোষ্যরা কোনো প্রতিদান ছাড়াই বুক উজাড় করে ভালোবাসে।

কাজেও সফল:

ব্যক্তিগত মতামতের পাশাপাশি পেশাদার জীবনেও শেফালি এখন তুঙ্গে। নেটফ্লিক্সের ‘দিল্লি ক্রাইম’ সিজন ৩-এ ডিসিপি বর্তিকা চতুর্বেদীর চরিত্রে তাঁর অভিনয় আবারও প্রশংসিত হয়েছে। নিখোঁজ মেয়েদের রহস্য সমাধানে তাঁর সেই দাপুটে উপস্থিতি দর্শকদের মুগ্ধ করেছে।

শেফালির এই ‘ডগস ওভার কিডস’ তত্ত্ব নিয়ে সোশ্যাল মিডিয়ায় ইতিমধেই দ্বিমত তৈরি হয়েছে। তবে অভিনেত্রী বুঝিয়ে দিয়েছেন, ভিড়ের পথে না হেঁটে নিজের শর্তে বাঁচাই আসল জীবন।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More