Qazi-Arijit: ‘ঘণ্টার পর ঘণ্টা সেতার নিয়ে বসে থাকে, অরিজিৎ আমার জীবন', বিগ বসের ঘরে মনের কথা বললেন কাজী
‘ও আমার জীবন, ওর লড়াকু মানসিকতা ক্রেজি...’, অরিজিৎ সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ ‘বিগ বস’ তারকা কাজী তৌকির!
‘বিগ বস ২০’ (Bigg Boss 20)-এর ঘরে নিজের গায়কি, রসবোধ আর নানা কর্মকাণ্ড দিয়ে দর্শক থেকে শুরু করে সঞ্চালক সালমান খানের মন জয় করে নিয়েছেন ২০০৫ সালের ‘ফেম গুরুকুল’ জয়ী তারকা কাজী তৌকির। তবে শুধু দর্শকই নন, কাজীকে দেখার জন্য জীবনের প্রথমবার ‘বিগ বস’ দেখতে শুরু করেছেন বলে খোদ এক্স (টুইটার) হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছিলেন সংগীতজগতের শাহেনশাহ অরিজিৎ সিং।

এবার বিগ বসের ঘরের ভেতরে অরিজিতের প্রতি নিজের অকৃত্রিম ভালোবাসা ও তাঁর কঠোর পরিশ্রমের গল্প শুনিয়ে দর্শকদের আবেগপ্লুত করলেন কাজী তৌকির।
‘ঘণ্টার পর ঘণ্টা সেতার নিয়ে বসে থাকে অরিজিৎ...’
এক সময়ের সহ-প্রতিযোগী তথা বহু বছরের পুরোনো বন্ধু অরিজিৎ সিংয়ের সঙ্গীতের প্রতি অধ্যাবসায় নিয়ে কথা বলতে গিয়ে কাজী তৌকির বলেন. ‘ভাই, ও আমার জীবন! ওর লড়াকু মানসিকতা সত্যি ক্রেজি। ও টানা ৮ ঘণ্টা ধরে কাজ করলেও ক্লান্ত হয় না। একবার সেতার নিয়ে বসলে সময়ের কোনো খেয়াল থাকে না ওঁর। ছ’ঘণ্টা, সাত ঘণ্টা ধরে একটানা একই জিনিসে ডুবে থাকে। আমার যেমন পোশাকের ওপর প্যাশন, ওর প্যাশন হলো গান এবং গানের সেই পুরো প্রসেসটা।’
অরিজিতের সাপোর্ট ও সালমানের প্রশংসা
কাজী তৌকির ঘরে ঢোকার পর অরিজিৎ সিং সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, ‘জীবনের প্রথমবার আমাকে বিগ বস দেখতে হবে, কারণ আমাদের রকস্টার কাজী ওখানে রয়েছে!’
অন্যদিকে, শো-এর ‘উইকেন্ড কা বার’-এ খোদ সঞ্চালক সলমন খানও কাজীর ভূয়সী প্রশংসা করেন। কাজীর খুনসুটি ও মজাদার স্বভাবের কথা উল্লেখ করে সালমান বলেন, ‘এই ঘরে বহু তারা (স্টার) থাকতে পারে, কিন্তু রকস্টার একজনই—সে হলো কাজী তৌকির!’
প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারি মাসেই প্লেব্যাক গায়কি থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়ে কোটি কোটি অনুরাগীর মন ভেঙেছিলেন অরিজিৎ সিং। তবে সম্প্রতি নীতিশ তিওয়ারির ‘রায়ায়ণ’ ছবিতে এ আর রহমানের সুরে শ্রেয়া ঘোষালের সঙ্গে তাঁর গাওয়া ‘জয় জয় রাম’ গানটি মুক্তি পেয়ে ব্যাপক সাড়া ফেলেছে। আর এর মাঝেই বিগ বসের ঘর থেকে অরিজিৎ-কাজীর এই গভীর বন্ধুত্বের রসায়ন ফের একবার সুরের জগতের দুই তারকাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এলো।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


