হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।
ভারতে নিষিদ্ধ আতিফ, সেই গায়কের সঙ্গেই নাচ হানি সিংয়ের! ভাইরাল ভিডিও ঘিরে চর্চা
ভারতে পাকিস্তানি শিল্পীদের অনুষ্ঠান ও কাজ নিয়ে যখন বিতর্ক চলছে, ঠিক তখনই অন্য ছবি ধরা পড়ল দুবাইয়ে। এক বন্ধুর বিয়েতে একসঙ্গে হাজির হানি সিং ও আতিফ আসলাম। শুধু উপস্থিতিই নয়, আব্রার-উল-হকের গানে দুই তারকার জমিয়ে নাচের ভিডিও এখন নেটপাড়ায় ভাইরাল।
ভারতীয় র্যাপার হানি সিং এবং পাকিস্তানি গায়ক আতিফ আসলামের একটি ভিডিয়ো ঘিরে এখন সরগরম সোশ্যাল মিডিয়া। দুবাইয়ের একটি বিয়ের অনুষ্ঠানে দুই তারকাকে একসঙ্গে নাচতে দেখা গিয়েছে। শুধু তাই নয়, পাকিস্তানি গায়ক আব্রার-উল-হকের জনপ্রিয় গানের তালে জমিয়ে নাচতে দেখা যায় তাঁদের। দুই শিল্পীর এই মুহূর্তের ভিডিয়ো ইতিমধ্যেই নেটমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিশেষ করে ভারত-পাকিস্তান সম্পর্কের টানাপোড়েনের মধ্যে এই ভিডিয়ো সামনে আসায় তা নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে।

আব্রারের গানে জমিয়ে নাচ দুই তারকার
ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যাচ্ছে, কোনও আনুষ্ঠানিক মঞ্চ পরিবেশনা নয়, বরং বিয়ের আনন্দঘন পরিবেশেই নাচে মেতে উঠেছেন হানি সিং ও আতিফ আসলাম। দুজনেই আব্রার-উল-হকের গানের তালে নিজেদের মতো করে উপভোগ করছেন মুহূর্তটি। ভিডিয়োটি প্রকাশ্যে এনেছেন অনুষ্ঠানের সঞ্চালক সাদিক সলিম। তাঁর পোস্ট থেকেই জানা গিয়েছে, এটি তাঁদের এক বন্ধুর বিয়ের অনুষ্ঠান। দুই জনপ্রিয় গায়ককে একই অনুষ্ঠানে এমন মেজাজে দেখতে পাওয়া যে বেশ বিরল অভিজ্ঞতা, তা তাঁর লেখাতেই স্পষ্ট।
রিহার্সাল শেষ করেই বিয়ের অনুষ্ঠানে আতিফ
সাদিক সলিমের পোস্টে দুই শিল্পীর উপস্থিতি নিয়েও উঠে এসেছে মজার কিছু তথ্য। তাঁর কথায়, হানি সিং অনুষ্ঠানে আসতেই নজর কেড়েছিলেন। তাঁর ব্যক্তিত্ব, পোশাক এবং আন্তরিক ব্যবহার সবার মন জয় করে নেয়। অন্যদিকে আতিফ আসলাম ছিলেন একেবারেই শান্ত স্বভাবের। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, নিজের কনসার্টের রিহার্সাল শেষ করেই সরাসরি বিয়ের অনুষ্ঠানে চলে এসেছিলেন তিনি। বন্ধুকে দেওয়া কথা রাখতেই তাঁর এই উপস্থিতি।
সাদিক জানিয়েছেন, অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে এমন একটি সন্ধ্যার অংশ হতে পেরে তিনি আনন্দিত। একই সঙ্গে তাঁর পোস্টে উঠে এসেছে বর্তমান ভারত-পাকিস্তান পরিস্থিতির প্রসঙ্গও। ভারতে যেখানে পাকিস্তানি সিরিজ 'জো বচে হ্যায় সঙ্গ সমেট লো' নিষিদ্ধ করার দাবি উঠছে, সেখানে দুবাইয়ে দুই দেশের শিল্পীরা একসঙ্গে সংগীত ও বন্ধুত্বের আনন্দ ভাগ করে নিচ্ছেন। এই বৈপরীত্যের কথাই নিজের পোস্টে তুলে ধরেছেন তিনি।
কী বলছেন নেটিজেনরা?
হানি সিং ও আতিফ আসলামের একসঙ্গে নাচের ভিডিয়ো দেখে উচ্ছ্বসিত নেটিজেনদের একাংশ। অনেকেই দুই শিল্পীকে একসঙ্গে দেখে আনন্দ প্রকাশ করেছেন। কেউ আবার তাঁদের একসঙ্গে একটি গান করার প্রস্তাব দিয়েছেন। এক নেটিজেনের কথায়, দুজনকে একসঙ্গে দেখতে বেশ ভালো লাগছে। অন্য একজন মজা করে লিখেছেন, এবার হানি সিংয়ের চিঠিও হয়তো প্রধানমন্ত্রীর কাছে যাবে! আবার অনেকেরই দাবি, হানি সিং ও আতিফ আসলাম যদি একসঙ্গে কোনও গান করেন, তা হলে দারুণ হবে।
প্রায় ১০ বছর ধরে ভারতে কাজ করছেন না আতিফ
আতিফ আসলাম পাকিস্তানের অন্যতম জনপ্রিয় গায়ক। বলিউডেও একাধিক জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। 'তেরা হোনে লাগা হুঁ', 'দিল দিয়াঁ গল্লাঁ', 'তু জানে না'-র মতো গান আজও শ্রোতাদের পছন্দের তালিকায় রয়েছে। তবে ভারত-পাকিস্তানের রাজনৈতিক সম্পর্কের অবনতির কারণে দীর্ঘদিন ধরেই ভারতে কাজ করতে পারছেন না এই গায়ক।
২০২৬ সালের অগস্টে ক্রিস ফেডের ইউটিউব চ্যানেলের 'ওয়ান অন ওয়ান উইথ ক্রিস ফেড' পডকাস্টে এই প্রসঙ্গে মুখ খুলেছিলেন আতিফ। তিনি জানিয়েছিলেন, গত প্রায় ১০ বছর ধরে ভারতে কোনও গান করেননি তিনি। তাঁর ভারতীয় অনুরাগীরা ভিপিএন ব্যবহার করে তাঁর গান শুনছেন বলেও জানান গায়ক। যদিও পাইরেসিকে সমর্থন করেন না তিনি, তবে তাঁর মতে, সংগীতের নিজস্ব একটা পথ রয়েছে। যে জায়গায় পৌঁছনোর, গান ঠিক সেখানেই পৌঁছে যায়।
E-Paper
