Sreelekha Mitra: ‘অসম্ভব অহংকারী অভিনেত্রী আমি', মনোনয়ন পেয়েও কেন অ্যাওয়ার্ড সেরেমানি বয়কট শ্রীলেখার?

‘এই ছবির প্রোটাগনিস্ট আমি। এলাকে নিয়ে গল্প শুরু হয়। তাহলে একটা সাধারণ প্রশ্ন করি— আমি এই ছবিতে কোন অভিনেত্রীকে সাপোর্ট করলাম?' ক্ষোভ উগরে প্রশ্ন শ্রীলেখার।

Published on: Sep 22, 2026, 10:30:56 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ইন্ডাস্ট্রির বিতর্ক যেন থামতেই চাইছে না! এবার কোনও ছবির প্রচার বা বক্স অফিস লড়াই নয়, সরাসরি টলিউডের এক নামজাদা অ্যাওয়ার্ড প্রদানকারী সংস্থা এবং তাদের নির্বাচন কমিটির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন শ্রীলেখা মিত্র। 'মায়ানগর' ( Once Upon a Time in Calcutta) ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করা সত্ত্বেও তাঁকে দেওয়া হয়েছে 'সেরা পার্শ্ব অভিনেত্রী' (Best Supporting Actress)-র মনোনয়ন! আর তাতেই চরম ক্ষুব্ধ হয়ে সম্মান রক্ষা করতে সোজা ওই পুরস্কার অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী।

শ্রীলেখা মিত্র।
শ্রীলেখা মিত্র।

‘আমি এই ছবিতে কোন অভিনেত্রীকে সাপোর্ট করলাম?’

আদিত্য বিক্রম সেনগুপ্ত পরিচালিত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ছবি 'মায়ানগর'-এর মূল চালিকাশক্তি হলেন 'এলা'— যে চরিত্রে অনবদ্য অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন শ্রীলেখা। জাতীয় পুরস্কারে 'সেরা অভিনেত্রী' বিভাগে মনোনীত হওয়া এই শিল্পীকে যখন আঞ্চলিক অ্যাওয়ার্ডে 'পার্শ্ব অভিনেত্রী' করা হলো, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলেছেন ঠোঁটকাটা শ্রীলেখা।

সোশ্যাল মিডিয়ায় মনের যাবতীয় ক্ষোভ উগরে দিয়ে আয়োজক সংস্থাকে বিঁধে অভিনেত্রী লেখেন, ‘এই ছবির প্রোটাগনিস্ট আমি। এলাকে নিয়ে গল্প শুরু হয়। তাহলে একটা সাধারণ প্রশ্ন করি— আমি এই ছবিতে কোন অভিনেত্রীকে সাপোর্ট করলাম? সাধারণভাবে Supporting Actress বলা হয় সেই অভিনেত্রীকে, যাঁর চরিত্রটি মুখ্য অভিনেত্রীর পরবর্তী প্রাধান্য পায়। কর্তৃপক্ষের কাছে আমার প্রশ্নটা এটুকুই।’

‘অসম্ভব অহংকারী একজন অভিনেত্রী আমি, অনুষ্ঠানে যাব না!’

পদ্ধতিগত ত্রুটি নিয়ে পত্রিকার সম্পাদককে জানালে উত্তর আসে— ‘কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে।’ এতে কমিটির যোগ্যতা ও ক্রেডেনশিয়াল নিয়েই প্রশ্ন তুলেছেন তারকা। তিনি সাফ জানান, জীবনে কখনো পুরস্কারের জন্য লবিং করেননি বা কাউকে ফোন করেননি। আত্মসম্মানের জায়গায় সমঝোতা করতে তিনি একেবারেই নারাজ।

আসন্ন ৪ অক্টোবরের মূল অনুষ্ঠানে যাবেন না জানিয়ে তিনি আরও লেখেন, ‘অসম্ভব অহংকারী একজন মানুষ আমি। তার থেকেও বেশি অহংকারী একজন অভিনেত্রী। আর তাকেই আপনারা ভুল বিভাগে মনোনীত করলেন। না করতেন... সেটা আমার জন্য সম্মানের হতো। আর তারপর আপনারা আশা করছেন, আমি ৪ অক্টোবর আপনাদের অনুষ্ঠানে গিয়ে উপস্থিত হব? না। আত্মসম্মান নিয়ে বাঁচি দাদা, ভাই, বোনেরা।’

ইমেল করেও মেলেনি জবাব:

অভিনেত্রী জানান, দু’দিন আগেই আয়োজক সংস্থাকে নিজের অভিযোগ জানিয়ে ইমেল পাঠালেও এখনও কোনো উত্তর পাননি শ্রীলেখা মিত্র। ইন্ডাস্ট্রির বর্তমান পরিস্থিতি এবং ক্ষমতাশালীদের তোষামোদের দিকে আঙুল তুলে তোপ দেগেছেন তিনি। তাঁর কথায়, ‘যাঁদেরকে দেওয়া প্রয়োজন তাঁদের দিন, আমাকে রেহাই দিন’'— সাফ জানিয়ে নিজেকে এই তামাশা থেকে গুটিয়ে নিলেন অভিনেত্রী। টলিপাড়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠানগুলোর স্বচ্ছতা নিয়ে তাঁর এই চাবুক পোস্ট এখন নেটপাড়ায় আলোচনার কেন্দ্রবিন্দু!

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More