Ram Kapoor: ‘বিয়ের আগে প্লে-বয় ছিলাম, কত মেয়ের সাথে সম্পর্ক ছিল গুণলে শেষ হবে না’: রাম কাপুর

‘ঘর এক মন্দির’-এর সেটে গৌতমীর সঙ্গে আলাপ রামের। তার আগে রাম কাপুরের জীবনে ছিল একাধিক নারীসঙ্গ। নিজেকে ‘প্লে-বয়’ তকমা দিলেন অভিনেতা। 

Published on: Jul 7, 2026, 16:13:48 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

টেলিভিশন দুনিয়ার অন্যতম জনপ্রিয় এবং আদর্শ দম্পতি হিসেবে চেনা হয় রাম কাপুর (Ram Kapoor) এবং গৌতমী কাপুর (Gautami Kapoor)-কে। দেখতে দেখতে সুখী দাম্পত্যের ২০ বছর পার করে ফেলেছেন তাঁরা। কিন্তু বিয়ের আগে রাম কাপুরের জীবন কেমন ছিল? সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নতুন রিয়্যালিটি শো ‘লক আপ: সচ ইয়া সজা’-র মঞ্চে প্রতিযোগী শ্রেয়া কালরার সাথে আলাপচারিতায় নিজের অতীত জীবন নিয়ে এক বিস্ফোরক ও অকপট স্বীকারোক্তি দিলেন ‘বড়ে আচ্ছে লাগতে হ্যায়’ অভিনেতা।

‘বিয়ের আগে প্লে-বয় ছিলাম, কত মেয়ের সাথে সম্পর্ক ছিল গুণলে শেষ হবে না’: রাম কাপুর
‘বিয়ের আগে প্লে-বয় ছিলাম, কত মেয়ের সাথে সম্পর্ক ছিল গুণলে শেষ হবে না’: রাম কাপুর

রাম কাপুর সোজাসুজি মেনে নিয়েছেন যে, বিয়ের আগে তিনি আক্ষরিক অর্থেই একজন ‘প্লেবয়’ ছিলেন এবং তাঁর অসংখ্য নারীর সাথে সম্পর্ক ছিল। নায়কের এই অতীত দেখে স্বয়ং একতা কাপুরও ভয় পেয়ে গিয়েছিলেন।

‘বিয়ের পর একটাও নয়, কিন্তু আগে আমি প্লেবয় ছিলাম’

‘লক আপ’-এর সাম্প্রতিক পর্বে কথপোকথনের সময় শ্রেয়া কালরা রাম কাপুরকে তাঁর অতীতের প্রেম নিয়ে প্রশ্ন করেন। শ্রেয়া জানতে চান অভিনেতার জীবনে কতগুলো প্রেম এসেছে। জবাবে রাম কাপুর স্বভাবসিদ্ধ রসিকতায় প্রথমে বলেন, ‘বিয়ের পর একটাও নয়।’ এরপর শ্রেয়া যখন স্পষ্ট করেন যে তিনি বিয়ের আগের কথা বলছেন, তখন রাম কাপুর অকপটে জানান, ‘বিয়ের আগে আমি একজন পাক্কা প্লেবয় ছিলাম। আমার কতগুলো অ্যাফেয়ার ছিল, তা আমি নিজেও গুনে শেষ করতে পারব না!’

‘তুই ওকে বিয়ে করছিস? ও তো আস্ত একটা প্লেবয়!’— গৌতমীকে একতার ফোন

রামের এই ‘প্লেবয়’ ইমেজ হিন্দি টেলিভিশনে ইন্ডাস্ট্রির অনেকেরই চেনা ছিল। তাই যখন রাম এবং গৌতমীর বিয়ের খবর সামনে আসে, তখন রামের ঘনিষ্ঠ বন্ধু তথা বিখ্যাত প্রযোজক একতা কাপুর বেশ চিন্তায় পড়ে গিয়েছিলেন।

সেই মজাদার ও সত্ ঘটনাটি শেয়ার করে রাম জানান, ‘যখন সবাই জানতে পারল যে আমি আর গৌতমী বিয়ে করছি, আমার বন্ধু একতা সঙ্গে সঙ্গে গৌতমীকে ফোন করে। ও বলে, ‘তুই সত্যিই ওকে বিয়ে করছিস? ও কিন্তু প্রচুর মেয়ের সাথে অ্যাফেয়ার করেছে, সাবধানে থাকিস!’ একতা গৌতমীর জন্য ভীষণ চিন্তিত ছিল। আর আমি মনে করি একতা বন্ধু হিসেবে সেদিন একদম ঠিক কাজটাই করেছিল, কারণ বিয়ের আগে আমি সত্যিই ওমনই ছিলাম।’

যেভাবে শুরু রাম-গৌতমীর পথচলা

২০০০ সালে জনপ্রিয় ধারাবাহিক ‘ঘর এক মন্দির’-এর সেটে প্রথম দেখা হয়েছিল রাম ও গৌতমীর। সেই সময় গৌতমী ডিভোর্সের পর জীবনের এক অত্যন্ত কঠিন ও সংবেদনশীল সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। রাম সেই সময় তাঁর পাশে বন্ধুর মতো শক্ত ঢাল হয়ে দাঁড়ান। ধীরে ধীরে সেই বন্ধুত্ব প্রেমে রূপ নেয়। প্রায় দু’বছর ডেটিং এবং লিভ-ইন করার পর ২০০৩ সালের ১৪ ফেব্রুয়ারি বিয়ে সারেন তাঁরা। বর্তমানে সিয়া ও আক্স নামের দুই সন্তানের বাবা-মা রাম-গৌতমী।

ফরাহ খান এবং রিতেশ দেশমুখ সঞ্চালিত ‘লক আপ: সচ ইয়া সজা’ শো-টি গত ২৭ জুন থেকে নেটফ্লিক্সে স্ট্রিম হওয়া শুরু করেছে। ধীরাজ ধূপার, শিবাঙ্গি জোশী, হর্ষদ চোপড়া এবং ওয়াইল্ড কার্ড হিসেবে ঢোকা শিল্পা শিন্ডের মতো একঝাঁক তারকার উপস্থিতিতে এই শো ইতিমধ্যেই বেশ জমে উঠেছে, আর সেখানেই রাম কাপুরের এই পুরোনো ‘প্লেবয়’ কাহিনীর স্বীকারোক্তি শো-এর পারদ আরও চড়িয়ে দিল।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More