Chirodine Tumi Je amar: শিরিন-জীতুর ‘কোল্ড ওয়ার’! বন্ধ হচ্ছে চিরদিনই তুমি যে আমার? জবাব নতুন অপর্ণার

Chirodine Tumi Je amar: পর্দার প্রেম কি তবে বাস্তবের তিক্ততায় রূপ নিয়েছে? টলিপাড়ার অন্দরে কান পাতলে এখন শোনা যাচ্ছে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের প্রধান দুই মুখ শিরিন পাল এবং জীতুর মনোমালিন্যের খবর। এর মাঝেই চর্চা শীঘ্রই বন্ধ হবে এই মেগা।

Published on: May 3, 2026, 09:31:02 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ছোটপর্দায় যখন কোনও ধারাবাহিক শেষের মুখে থাকে, তখন সাধারণত চারদিকে বিষণ্ণতার ছোঁয়া লাগে। কিন্তু ‘চিরদিনই তুমি যে আমার’-এর সেটে পরিস্থিতি যেন উল্টো। সেখানে এখন বিষণ্ণতার চেয়েও বেশি তিক্ততা। টলিপাড়ার জোর খবর, কম টিআরপি আর অভিনেতা-অভিনেত্রীদের ঝামেলায় জর্জরিত এই মেগার কাহিনিতে ইতি টানতে চলেছে চ্যানেল। হ্যাঁ, সিরিয়ালের সময় আগেই বদলেছে চ্যানেল। এবার পাকাপাকিভাবে আর্য-অপর্ণার গল্পে দাঁড়ি টানতে চলেছে।

শিরিন-জীতুর ‘কোল্ড ওয়ার’! বন্ধ হচ্ছে চিরদিনই তুমি যে আমার? জবাব নতুন অপর্ণার
শিরিন-জীতুর ‘কোল্ড ওয়ার’! বন্ধ হচ্ছে চিরদিনই তুমি যে আমার? জবাব নতুন অপর্ণার

জল্পনার নেপথ্যে কী?

২০২৫ সালের মার্চ মাসে পথচলা শুরু করেছিল এই ধারাবাহিক। সম্প্রতি এক বছর পূর্ণ হয়েছে। এই ১২ মাসে গল্পের গরুকে গাছে তুলতে কম চেষ্টা করেননি নির্মাতারা। এমনকি নায়ক-নায়িকার দ্বন্দ্ব নিয়ে চর্চা যখন তুঙ্গে, তখন গল্পের মোড় ঘোরাতে নতুন নায়িকাকে আনা হয়। বর্তমানে জনপ্রিয় অভিনেত্রী পায়েল দে-কেও এই ধারাবাহিকে এক নেতিবাচক চরিত্রে দেখা যাচ্ছে। তা সত্ত্বেও টিআরপি-র দৌড়ে প্রথম সারিতে জায়গা করে নিতে কার্যত ব্যর্থ হয়েছে এই মেগা। মনে করা হচ্ছে, এই কম টিআরপি-ই ধারাবাহিক বন্ধের জল্পনাকে উস্কে দিয়েছে।

কী বলছেন নায়িকা শিরিন?

ধারাবাহিক বন্ধের গুঞ্জন নিয়ে আনন্দবাজার অনলাইনের তরফে যোগাযোগ করা হয়েছিল প্রধান মুখ শিরিন পালের সঙ্গে। শিরিন অবশ্য বেশ কৌশলী উত্তর দিয়েছেন। তিনি জানান, ‘আমাকে কলটাইম দেওয়া হয়, আমি শুটিংয়ে আসি আর কাজ শেষ করে বাড়ি চলে যাই। এর বাইরে আমার কাছে আর কোনও তথ্য নেই। বন্ধ হবে কি না, সেই বিষয়ে আমার সত্যিই কোনও ধারণা নেই।’

ধারাবাহিক শেষের কারণ কি নায়ক-নায়িকার তিক্ততা?

ইন্ডাস্ট্রির একটা বড় অংশের মতে, যখন প্রধান দুই চরিত্রের মধ্যে অফ-স্ক্রিন রসায়ন তলানিতে ঠেকে, তখন তার প্রভাব পড়ে পর্দার অভিনয়েও। টিআরপি তলানিতে নামার এটাও অন্যতম বড় কারণ। এক বছর আগে ধুমধাম করে শুরু হলেও, মাঝে নায়ক-নায়িকার মুখ দেখাদেখি বন্ধ হয়েছিল। জীতুর সঙ্গে কাজ করতে অস্বীকার করে সিরিয়াল ছেড়ে বেরিয়ে যান দিতিপ্রিয়া। হালে শিরিনের সঙ্গেও জীতুর সম্পর্কের অবনতি ঘটেছে। রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্য়ু পরবর্তী সময়ে নিজের ছবিতে মালা পরিয়ে জীতু যে কাণ্ড ঘটিয়েছিলেন তাতে ক্ষুব্ধ হয়ে ফেসবুকে জীতুকে একহাত নেন এই মেগার অপর অভিনেত্রী পায়েল দে। সেই পোস্টে শিরিন লাইক দিতেই বদলে যায় জীতুর সঙ্গে তাঁর সমীকরণ। ফেসবুকে পরস্পরকে আনফ্রেন্ড করে দেন নায়ক-নায়িকা। এবং অন্দরমহলের এই ‘অস্বাস্থ্যকর’ পরিবেশের কারণেই চ্যানেল কর্তৃপক্ষ দ্রুত ধারাবাহিকটি বন্ধ করার সিদ্ধান্ত নিতে পারে বলে খবর।

দর্শকদের মন ভাঙার পালা?

নতুন প্রোজেক্টের ভিড়ে পুরনো অনেক ধারাবাহিকই এখন জায়গা হারাচ্ছে। ‘চিরদিনই তুমি যে আমার’ কি সত্যিই সেই তালিকায় নাম লেখাবে, নাকি গল্পের নতুন কোনও মোড় একে জীবনদান করবে— সেটাই এখন দেখার।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More