Badshah-Isha Rikhi Divorce Rumor: চার মাসেই ভাঙছে বাদশার বিয়ে? ‘চুপ ছিলাম, কারণ আমি ভয় পেতাম’, লিখলেন বউ ইশা রিখি
চলতি বছরের শুরুতে র্যাপার বাদশাহকে বিয়ে করেছিলেন অভিনেত্রী ঈশা রিখি। বিয়ের কয়েক মাসের মধ্যেই তাঁর একটি আবেগঘন ইনস্টাগ্রাম পোস্ট ঘিরে শুরু হয়েছে জোর চর্চা। পোস্টে ভয়, নীরবতা এবং দাম্পত্য জীবনের মানসিক চাপের কথা লিখেছেন অভিনেত্রী। যদিও কোনও নির্দিষ্ট অভিযোগ বা ঘটনার উল্লেখ করেননি তিনি।
র্যাপার বাদশা-র স্ত্রী ও অভিনেত্রী ইশা রিখি সম্প্রতি ইনস্টাগ্রামে একটি দীর্ঘ ব্যক্তিগত বার্তা শেয়ার করেছেন। সেই পোস্টে তিনি জানান, দীর্ঘদিন ধরে এমন এক লড়াইয়ের মধ্যে ছিলেন, যার কোনও দৃশ্যমান চিহ্ন বাইরে থেকে বোঝা যায় না।

ইশা লেখেন, ‘অনেক দিন আমি চুপ ছিলাম, কারণ আমি ভয় পেতাম। আমার মনে হয়েছিল, নীরব থাকাই সবচেয়ে নিরাপদ পথ।’ অভিনেত্রীর দাবি, স্বামীর ‘প্রভাব, ক্ষমতা এবং সামর্থ্য’ তাঁকে মানসিকভাবে চাপে রেখেছিল। সেই কারণেই এতদিন তিনি নিজের অনুভূতির কথা প্রকাশ করতে পারেননি।
তিনি আরও স্পষ্ট করে বলেন, ‘আমার নীরবতাকে কখনও সম্মতি হিসেবে দেখবেন না। নীরবতা ছিল শুধু নিজেকে বাঁচিয়ে রাখার উপায়।’
পোস্টের শেষে ইশা জানান, এখনও তিনি পুরো ঘটনা প্রকাশ করার জন্য প্রস্তুত নন। তবে আর সবকিছু ঠিক আছে বলে দেখানোর ভানও করতে চান না। তাঁর কথায়, ‘আজ আমি ভয়ের বদলে সাহসকে বেছে নিচ্ছি। হয়তো এখনও পুরো গল্প বলার জন্য প্রস্তুত নই, কিন্তু আর সব ঠিক আছে বলে অভিনয় করতে চাই না।’ তবে পোস্টে তিনি কোনও নির্দিষ্ট ঘটনা বা অভিযোগের কথা উল্লেখ করেননি। ঠিক কী কারণে এই বার্তা লিখেছেন, সে বিষয়েও কিছু জানাননি।
এর আগে ইশা নিজের সোশ্যাল মিডিয়ায় বাদশার সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্তের একটি ভিডিয়ো শেয়ার করেছিলেন। সেখানে তাঁদের ব্যক্তিগত বিয়ের অনুষ্ঠানের কিছু ঝলকও ছিল। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছিলেন, ‘প্রতিটি ঝড় একটি শিক্ষা, প্রতিটি প্রার্থনা একটি আশা।’ সঙ্গে ছিল একটি ভাঙা হৃদয়ের ইমোজি। সেই পোস্টের পর থেকেই তাঁদের দাম্পত্য সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়।
প্রসঙ্গত, ২০২৬ সালের মার্চ মাসের শেষের দিকে ঘনিষ্ঠদের উপস্থিতিতে বিয়ে করেন বাদশা ও ইশা রিখি। দীর্ঘদিন সম্পর্ককে আড়ালেই রেখেছিলেন তাঁরা। পরে ইশার মা বিয়ের কিছু ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলে বিষয়টি প্রকাশ্যে আসে। এরপর ইনস্টাগ্রামের একটি প্রশ্নোত্তর পর্বে নিজেই বিয়ের বিষয়টিতে সিলমোহর দেন ইশা।
তবে ইশার সাম্প্রতিক পোস্ট নিয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া দেননি বাদশা। অভিনেত্রীর পোস্টেও কোনও নির্দিষ্ট অভিযোগ না থাকায়, এই বার্তার প্রকৃত প্রেক্ষাপট এখনও স্পষ্ট নয়। তবে নেটপাড়ার বড় একাংশের ধারণা, ডিভোর্সের ইঙ্গিতই করছেন ইশা।
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper


