Karan Johar-Shah Rukh Khan: শাহরুখ-আলিয়াকে আনফলো করণের! তবে প্রিয়াঙ্কাকে অনুসরণ করছেন, কীসের ঝামেলা? সাফ করলেন পরিচালক
ইনস্টাগ্রামে BFF শাহরুখকে খানকে আনফলো করলেন করণ জোহর, তবে সুপারস্টারের একসময়ের চর্চিত প্রেমিকা প্রিয়াঙ্কা চোপড়াকে অনুসরণ করছেন পরিচালক। কী ব্যাপার?
বলিউড আর গসিপ— এই দুইয়ের রসদ জোগাতে ওস্তাদ প্রযোজক-পরিচালক করণ জোহর। কিন্তু এবার কোনো সিনেমার ট্রেলার বা কফি উইথ করণের বিতর্কিত কাউচ নয়, খোদ করণের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ঘিরেই রাতারাতি শোরগোল পড়ে গেল টিনসেল টাউনে। ঘনিষ্ঠ বন্ধু শাহরুখ খান থেকে শুরু করে নিজের মানস কন্যা আলিয়া ভাট, মণীশ মলহোত্র কিংবা অনন্যা পাণ্ডে— এক ঝটকায় বলিউডের প্রায় সব প্রথম সারির তারকাদের আনফলো করে দিলেন করণ। নেটপাড়ায় যখন এই নিয়ে তুমুল জল্পনা, তখনই খোদ পরিচালক মুখ খুলে জানালেন আসল কারণ।

মাঝরাতে আনফলোর হিড়িক, নেটপাড়ায় শোরগোল
১৭ মিলিয়নেরও বেশি ফলোয়ার্স থাকা করণের ইনস্টাগ্রামের ফলোয়িং তালিকা বৃহস্পতিবার হুট করে নেমে আসে মাত্র সত্তর-আশির ঘরে। নেটিজেনরা লক্ষ্য করেন, করণের হিট লিস্ট থেকে বাদ পড়েছেন তাঁর অতি ঘনিষ্ঠ বৃত্তের মানুষেরা। শাহরুখ খান, করিনা কাপুর, মালাইকা আরোরা তো বটেই, এমনকি যাঁদের হাত ধরে কেরিয়ার শুরু করেছিলেন সেই আলিয়া ভাট, বরুণ ধাওয়ান ও সিদ্ধার্থ মালহোত্রও এখন করণের ফলোয়িং লিস্টে ব্রাত্য। বাদ যাননি ফ্যাশন ডিজাইনার মণীশ মলহোত্র বা অনন্যা পাণ্ডেও। কার্তিক আরিয়ান, যাঁর সঙ্গে করণের আগামী ছবি নাগজিলা আসার কথা, ওহী তালিকায় ওঁর নামটাও আর খুঁজে পাওয়া যায়নি।
স্বভাবতই প্রশ্ন ওঠে, ২৫ মে ধুমধাম করে ৫৪ বছরের জন্মদিন উদযাপনের ঠিক পরেই এমন কী হলো যে টলিপাড়ার মেন্টর সবার সঙ্গে ভার্চুয়াল সম্পর্ক চটিয়ে দিলেন? কোনো ঝগড়া, নাকি ছবির বক্স অফিস ব্যর্থতার জের?
ব্যতিক্রম শুধু প্রিয়াঙ্কা চোপড়া!
সবচেয়ে বেশি জল্পনা উসকে দিয়েছে একটি নাম— প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। একসময় বলিপাড়ায় করণ এবং প্রিয়াঙ্কার আদায়-কাঁচকলা সম্পর্ক নিয়ে কম খবর হয়নি। প্রিয়াঙ্কা নিজে এক সাক্ষাৎকারে দাবি করেছিলেন, বলিউডের একটা বড় গ্যাং তাঁকে কোণঠাসা করার চেষ্টা করেছিল, যেখানে পরোক্ষ আঙুল ছিল করণের দিকে। অথচ, বলিউডের সবাইকে ঝাঁট দিয়ে সাফ করে দিলেও করণ কিন্তু প্রিয়াঙ্কাকে আনফলো করেননি! এই রহস্যময় ব্যতিক্রমী সিদ্ধান্ত দেখে ভক্তদের রসিক মন্তব্য, তাহলে কি প্রিয়াঙ্কাই এখন করণের সবচেয়ে প্রিয় বন্ধু? তালিকায় প্রিয়াঙ্কা ছাড়াও অবশ্য রয়েছেন ধর্মা প্রোডাকশনের সিইও অপূর্ব মেহতা এবং ব্যবসায়ী আদার পুনাওয়ালা।
জাতীয় খবর বানাবেন না প্লিজ! খেপে লাল করণ
সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে যখন কাটাছেঁড়া চলছে, তখন আর চুপ থাকতে পারেননি কেজো। ইনস্টাগ্রাম স্টোরিতে একটি কড়া নোট শেয়ার করে সমস্ত জল্পনায় জল ঢেলে দিলেন তিনি। করণ স্পষ্ট ভাষায় লিখেছেন, এটা একটা ডিজিটাল ডিটক্স! ইনস্টাগ্রামে তাঁর সময় নষ্ট এবং এনার্জি কমানোর জন্যই তিনি সবাইকে আনফলো করছেন। ঈশ্বরের দোহাই, এটাকে জাতীয় খবর বানিয়ে তুলবেন না কেউ। দয়া করে অন্য কোনো ক্লিকবেইট খুঁজুন। এটা একেবারেই অপ্রাসঙ্গিক একটা বিষয়।
অর্থাৎ, কোনো ব্যক্তিগত বিবাদ বা টালবাহানা নয়, স্রেফ সোশ্যাল মিডিয়ার নেশা কাটাতে আর মানসিক শান্তির খোঁজেই এই পদক্ষেপ করেছেন করণ। তবে করণের মুখ বন্ধ করার এই মরিয়া চেষ্টা সত্ত্বেও, বলিউড স্টারদের ভার্চুয়াল দুনিয়া থেকে ছেঁটে ফেলার এই মাস্টারস্ট্রোক যে সহজে চর্চার বাইরে যাচ্ছে না, তা বলাই বাহুল্য।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


