সোনিয়ার বই পড়ে মুগ্ধ জাভেদ! কংগ্রেসের সঙ্গে সম্পর্ক নিয়ে করলেন বড় মন্তব্য

সোনিয়া গান্ধীর লেখা বই পড়তে শুরু করেছেন জাভেদ আখতার। বইটির সহজ ভাষা ও লেখার ধরন বেশ পছন্দ হয়েছে তাঁর। তবে সোনিয়ার বইয়ের প্রশংসা করলেও কংগ্রেসের সঙ্গে নিজের রাজনৈতিক যোগের কথা অস্বীকার করেছেন গীতিকার। একই সাক্ষাৎকারে 'রামায়ণ' ও ভগবান রাম নিয়েও মুখ খুলেছেন তিনি।

Published on: Nov 18, 2026, 14:00:23 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

গীতিকার ও চিত্রনাট্যকার জাভেদ আখতার কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর লেখা বই ‘বিলংগিং: আ জার্নি অফ লাভ’-এর প্রশংসা করেছেন। তিনি জানিয়েছেন, সম্প্রতি তিনি বইটি পড়া শুরু করেছেন এবং এর লেখার ধরন তাঁর বেশ ভালো লাগছে। তবে জাভেদ এটাও স্পষ্ট করে দিয়েছেন যে তিনি কংগ্রেস দলের সঙ্গে যুক্ত নন, এমনকি দলের সমর্থকও নন। তা সত্ত্বেও তিনি সোনিয়া গান্ধীকে অত্যন্ত সম্মান করেন।

জাভেদ আখতার সোনিয়া গান্ধীর বই পড়ছেন।
জাভেদ আখতার সোনিয়া গান্ধীর বই পড়ছেন।

সংবাদ সংস্থা এএনআই (ANI)-কে দেওয়া এক সাক্ষাৎকারে জাভেদ আখতার বলেন, ‘আমি সবেমাত্র সোনিয়া গান্ধীর বইটি পড়া শুরু করেছি। আমার কাছে এটি বেশ আকর্ষণীয় মনে হচ্ছে এবং পড়তে খুব ভালো লাগছে। এর লেখার শৈলী অত্যন্ত সহজ-সরল, তাই খুব সহজেই পড়া যাচ্ছে। পুরো বইটি শেষ করার পরই আমি এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে পারব। তবে আমি প্রকাশ্যে এটা বলতে চাই যে, আমি সোনিয়া গান্ধীকে ভীষণ সম্মান করি। আমি কংগ্রেসের সঙ্গে যুক্ত নই, কিন্তু তাঁকে অনেক শ্রদ্ধা করি, কারণ আমি তাঁকে ব্যক্তিগতভাবে চিনতাম। আমি তাঁর দ্বারা ভীষণভাবে প্রভাবিত।’

সোনিয়া গান্ধী তাঁর সদ্য প্রকাশিত স্মৃতিকথা 'বিলংগিং: আ জার্নি অফ লাভ'-এর সঙ্গে। (AICC)
সোনিয়া গান্ধী তাঁর সদ্য প্রকাশিত স্মৃতিকথা 'বিলংগিং: আ জার্নি অফ লাভ'-এর সঙ্গে। (AICC)

কবে প্রকাশিত হয়েছে সোনিয়া গান্ধির বই?

সোনিয়া গান্ধির বই 'বিলংগিং: আ জার্নি অফ লাভ' প্রকাশিত হয় ১০ নভেম্বর। এরপর ১৬ নভেম্বর নয়াদিল্লিতে একটি অনুষ্ঠানের মাধ্যমে বইটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনিয়ার ছেলে রাহুল গান্ধি এবং মেয়ে প্রিয়াঙ্কা গান্ধি বঢড়াও।

বই প্রকাশের অনুষ্ঠানে দেশের একাধিক বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, কর্নাটকের ডি কে শিবকুমার এবং হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুক্কু। এছাড়াও হাজির ছিলেন হামিদ আনসারি, ক্যাপ্টেন অমরিন্দর সিং, ফারুক আবদুল্লা, পি চিদম্বরম ও তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

জাভেদ আখতার।
জাভেদ আখতার।

'রামায়ণ' নিয়ে কী মত জাভেদের?

সাক্ষাৎকারে জাভেদ আখতার 'রামায়ণ' ছবিটি নিয়েও কথা বলেছেন। যদিও তিনি এখনও ছবিটি দেখেননি, তাঁর মেয়ে তথা পরিচালক জোয়া আখতার ছবিটি দেখেছেন এবং প্রশংসা করেছেন বলে জানান। মজার ছলে জাভেদ বলেন, জোয়া খুব সহজে কোনও কিছুর প্রশংসা করেন না। এমনকি বাবার কাজের প্রশংসাও তিনি আজ পর্যন্ত করেননি।

ভগবান রাম সম্পর্কে কী বললেন জাভেদ?

ভগবান রাম প্রসঙ্গে জাভেদ আখতারের বক্তব্যও নজর কেড়েছে। তাঁর মতে, ধর্ম নির্বিশেষে রামের ভাবনা ভারতীয়দের অস্তিত্বের সঙ্গে জড়িয়ে রয়েছে। রামকে শুধুমাত্র একজন ব্যক্তি হিসেবে দেখলে তাঁর তাৎপর্য সীমিত হয়ে যায়। বরং রাম এক ধরনের জীবনদর্শন ও জীবনযাপনের পথ বলেই মনে করেন জাভেদ।

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More