দেবের ভয়ে বদল সিদ্ধান্ত? পুজোর ভিড়ে আসছে না কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত, মুখ খুললেন জিৎ
টলিউডের আসন্ন মেগা-ক্ল্যাশ নিয়ে সরগরম স্টুডিও পাড়া। দেবের সঙ্গে টক্কর এড়াতে গিয়ে এবার জিতের সামনে দক্ষিণি সুপারস্টার যশের চ্যালেঞ্জ?
বক্স অফিসে কি এবার জিৎ বনাম দেবের লড়াই হচ্ছে না? সিনেপাড়ার অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, দুর্গাপুজোয় নয় মে মাসে মুক্তি পেতে পারে জিতের বহু প্রতীক্ষিত ছবি ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’। আগে কথা ছিল ছবিটি পুজোয় আসবে, কিন্তু দেবের ছবির সঙ্গে সংঘর্ষ এড়াতেই নাকি এই সিদ্ধান্ত নিয়েছেন টলিউডের ‘বস’। তবে দেবের মেঘ কাটলেও জিতের সামনে এখন দক্ষিণি অভিনেতা যশের অভিনীত ‘টক্সিক’ (Toxic)-এর কালো মেঘ!

কেন পিছোলেন জিৎ?
আসলে ২০২৬ সালের পুজোর ক্যালেন্ডার এবং স্বাধীনতা দিবসের স্লট ইতিমধ্যেই দেবের দখলে। পুজোয় আসছে দেব-শুভশ্রী জুটির সাত নম্বর ছবি, স্বাধীনতা দিবসে দেব আনবেন বাইক অ্য়াম্বুলেন্স দাদা করিমূল হকের বায়োপিক। জিতের ছবিও যদি একই সময়ে মুক্তি পায়, তবে হল পাওয়া নিয়ে দুই তারকার অনুরাগীদের মধ্যে বড়সড় সংঘাতের আশঙ্কা ছিল। দেবের স্টারডম আকাশছোঁয়া, জিৎও তাঁকে টেক্কা দেন সোয়ানে সোয়ানে। কিন্তু বক্স অফিসে গত কয়েক বছর ধরে মন্দা টলিপাড়ার সুলতানের।
পুজো থেকে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের মুক্তি সরানো নিয়ে আনন্দলোককে জিৎ বলেছন, ‘পুজোতে ওই ভিড়ের মধ্যে রিলিজ় করলে আমার ছবি সেরকম শো পেত না। শো না পেলে দর্শক দেখবেন কীভাবে?। স্বাধীনতাদিবসেও তাই হত। এর জন্যই আমরা ঠিক করেছি, হয়তো গরমের ছুটিতেই আসবে ‘কেউ বলে বিপ্লবী...’। আমার ছবি নিয়ে যা আগ্রহ আছে, তাতে সময়টা ফ্যাক্টর নয়, ভাল শো পাওয়াটা সবচেয়ে জরুরী। আর সত্যি বলতে অন্য ছবিদের ভয়ে আমি নিজের ছবি সরিয়ে নিচ্ছি এটা কিন্তু নয়। কারণ ‘কেউ বলে বিপ্লবী...’ যে বড় মাপের ছবি সেই মাপে অন্য ছবিগুলো কিন্তু নয়।’
২৯ মে-র চ্যালেঞ্জ:
২৯ মে তারিখটি বেছে নিলেও জিতের সামনে কাঁটা কম নেই। ওই একই সময়ে উইন্ডোজ এবং সুরিন্দর ফিল্মসের দুটি বড় বাজেটের ছবি মুক্তির অপেক্ষায়। তার ঠিক কয়েক দিন পরেই ৪ জুন মুক্তি পাচ্ছে প্যান-ইন্ডিয়া ছবি ‘টক্সিক’। ৪ বছর পর বড়পর্দায় ফিরছেন যশ, তাই ‘টক্সিক’ নিয়ে উন্মাদনা তুঙ্গে। যশের এই দাপটে জিতের ‘অনন্ত সিংহ’ (বিপ্লবী)-র লড়াই কতটা জমবে, সেটাই এখন দেখার। যদিও এখনও আনুষ্ঠানিকভাবে ছবি মুক্তির তারিখ ঘোষণা করেননি জিৎ।
প্রযোজকের বয়ান:
জিতের ভাই, তথা এই ছবির অন্যতম প্রযোজক গোপাল মদনানির কথায়, ‘আমরা এখনও চূড়ান্ত তারিখ ঘোষণা করিনি, আলোচনা চলছে। একটি হিন্দি ছবি মুক্তি পেলে তাও সামলানো যায়, কিন্তু দক্ষিণি ছবির দাপট ভাবাচ্ছে।’ যশের দাপট নয়, জিতের টিম বাংলা ছবির বক্স অফিস নিয়ে বেশি চিন্তিত।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


