‘জীতু পারিবারিক বন্ধু, তবু রাজবীরকে মহাভারতের কর্ণের মতোই মনে হলো!’ কার হাতে বিগ বসের ট্রফি দেখতে চান সুদীপা?

Bigg Boss Bangla: ‘যেন মহাভারতের কর্ণের মতোই রাতের অন্ধকারের নক্ষত্ররেখায় সে বেশ ঠাহর করতে পেরেছে, এই যুদ্ধের ফলাফল’, রাজবীরের সঙ্গে কর্ণের তুলনা টেনে কী লিখলেন সুদীপা?

Published on: Nov 23, 2026, 08:30:12 IST
As Prefered on
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

‘বিগ বস বাংলা’-র (Bigg Boss Bangla) ফাইনাল যত এগিয়ে আসছে, ততই উত্তেজনা বাড়ছে অন্দরমহল ও দর্শকমহলে। ঘরের ভেতরে জীতু কমল, সৌরভ দাস, মনামী, দুর্নিবারদের মতো হেভিওয়েট তারকাদের ভিড়ে একদম সাদামাটা ঘর থেকে উঠে আসা তরুণ রাজবীর দে এখন দর্শকদের আবেগের কেন্দ্রবিন্দুতে। আর এবার রাজবীরের সমর্থনে সোশাল মিডিয়ায় একটি অত্যন্ত আবেগঘন ও দীর্ঘ পোস্ট করলেন জনপ্রিয় সঞ্চালিকা তথা অভিনেত্রী সুদীপা চট্টোপাধ্যায়। জীতু কমল তাঁদের ‘পারিবারিক বন্ধু’ হওয়া সত্ত্বেও, সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়ের সামনে (‘দাদার দরবারে’) রাজবীরকে দেখে তাঁর মহাভারতের ‘কর্ণ’-এর কথা মনে পড়েছে বলে জানিয়েছেন সুদীপা। পাশাপাশি, উত্তরবঙ্গের এই সাধারণ ছেলেটির হাতেই বিগ বসের ট্রফি দেখতে চাইছেন তিনি!

‘জীতু পারিবারিক বন্ধু, তবু রাজবীরকে মহাভারতের কর্ণের মতোই মনে হলো!’ কার হাতে বিগ বসের ট্রফি দেখতে চান সুদীপা?
‘জীতু পারিবারিক বন্ধু, তবু রাজবীরকে মহাভারতের কর্ণের মতোই মনে হলো!’ কার হাতে বিগ বসের ট্রফি দেখতে চান সুদীপা?

‘দাদার দরবারে রাজবীরকে মহাভারতের কর্ণের মতোই মনে হলো’— কেন লিখলেন সুদীপা?

সম্প্রতি সপ্তাহান্তে সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়ের এপিসোড দেখার পর নিজের অনুভূতি ভাগ করে নিয়ে সুদীপা চট্টোপাধ্যায় লিখেছেন, প্রতিদিন তিনি বিগ বস বাংলা দেখছেন এবং এটি তাঁর স্ট্রেস ও টেনশন দূর করতে সাহায্য করছে। কিন্তু শনিবারের পর্ব দেখার পর রাজবীরের মুখের অভিব্যক্তি তাঁকে গভীরভাবে নাড়া দিয়েছে।

সুদীপার কলমে, ‘জীতু কমল— আমাদের পারিবারিক বন্ধু, তবু আমার রাজবীরকে দাদার দরবারে কাল, ‘অধিরথ সূতপুত্র, রাধাগর্ভজাত’ কর্ণের মতোই মনে হলো। ‘আমি রব হতাশের, নিষ্ফলের দলে’— এরকম একটা মুখ করে বেচারা বসে ছিল… যেন মহাভারতের কর্ণের মতোই রাতের অন্ধকারের নক্ষত্ররেখায় সে বেশ ঠাহর করতে পেরেছে, এই যুদ্ধের ফলাফল।’

পাশাপাশি সুদীপা এও লক্ষ্য করেছেন যে, মনামী, নিরঞ্জন এবং দুর্নিবারের হাবভাবেও যেন আগেভাগেই পরাজয়ের একটা হতাশা ফুটে উঠেছে— সবাই যেন মেনেই নিয়েছেন যে তাঁরা জিতবেন না।

কেন আপামর মধ্যবিত্ত বাঙালি রাজবীরের জয় চাইছে? ব্যাখ্যা দিলেন সঞ্চালিকা:

প্রতিযোগিতার পুরস্কারমূল্যে দর্শকদের কোনো ভাগ না থাকলেও কেন রাজবীরের জয়ের জন্য এত আবেগ কাজ করছে, তার মনস্তাত্ত্বিক ব্যাখ্যা দিয়েছেন সুদীপা। তাঁর মতে, সাধারণ মানুষ নিজেদের মধ্যে থাকা হেরে যাওয়া ‘আমি’-টাকে ওই উপেক্ষিত ও অবহেলিত রাজবীরের মধ্যে খুঁজে পাচ্ছেন।

সুদীপা লিখেছেন, ‘রাজবীর— আমাদের মতো মধ্যবিত্ত, সাধারণ অথচ উচ্চাকাঙ্ক্ষী বাঙালিদের রিপ্রেজেন্ট করছে এখন। ঠিক যেমন সৌরভ গঙ্গুলি স্টেপ আউট করে ছয় মারলে আপামর বাঙালি জয়ের আনন্দে মেতে উঠত— কতকটা সেরকম… যে বাঙালি ছেলেটা বসের গালাগাল খেয়ে কোনোদিন উত্তর দিতে পারেনি, যে লোকটা চাকরির পরীক্ষায় বসে বসে শেষে চায়ের দোকানে কাটিয়ে দিল দুপুরগুলো, যে মেয়েটা শাশুড়ির মুখের ওপর বলতে পারেনি যে তার রান্না করতে ভালো লাগে না— সেরকম হাজার হাজার মানুষ চাইছে রাজবীর জিতুক।’

‘এবার একটা নতুন গল্প লেখা হোক’— রাজবীরের হাতে ট্রফি দেখার আর্জি:

জীতু, সৌরভ, মনামী কিংবা দুর্নিবার— এঁদের প্রত্যেকের সাফল্য ও জয়ের কাহিনি দর্শক আগেও দেখেছেন। কিন্তু উত্তরবঙ্গের সাদামাটা ঘর থেকে উঠে আসা একটি প্রাণবন্ত ছেলে, যাঁকে কিছুদিন আগেও কেউ চিনতেন না— তাঁর হাতে ট্রফি উঠলে সেটাই হবে আসল জয়, এমনটাই মনে করেন সুদীপা। পোস্টের শেষে নেটিজেনদের উদ্দেশে তাঁর বার্তা— ছেলেটি ট্রফিটা হাতে নিয়ে বলুক ‘আমি পেরেছি’, এবার একটা নতুন গল্প লেখা হোক! সুদীপার এই পোস্ট ইতিমধ্যেই রাজবীর-ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

ABOUT THE AUTHOR

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।