Jeetu-BBB: এ সপ্তাহান্তেই বিগ বসের ঘরে জীতু? শহর ছাড়লেন নায়ক,যে বিশেষ কারণে সৌরভের শো-তে ‘আর্য’, জানলে শ্রদ্ধা বাড়বে
Jeetu-BBB: শো-এর অন্যতম হায়েস্ট পেইড প্রতিযোগী হতে চলেছেন জীতু কমল, চর্চা এমনটাই। বিগ বস থেকে প্রাপ্ত টাকায়, অনাথ বাচ্চাদের জন্য একটি হোম করবেন।
টেলিপাড়ায় কান পাতলেই এখন এক বিরাট গুঞ্জন। হঠাৎ করেই শহর কলকাতা ছেড়ে মুম্বই পাড়ি দিয়েছেন বাংলা সিনেমা ও ছোটপর্দার অত্যন্ত পরিচিত মুখ, অভিনেতা জীতু কমল। আর তাঁর এই আচমকা মুম্বই সফরের পর থেকেই সামাজিক মাধ্যমে জল্পনা তুঙ্গে— তবে কি চলতি সপ্তাহেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনায় ‘বিগ বস বাংলা ৩’-এর ঘরে নতুন ওয়াইল্ড কার্ড প্রতিযোগী হিসেবে প্রবেশ করতে চলেছেন তিনি?

সোশ্যাল মিডিয়া পোস্ট ও তুঙ্গে ওঠা জল্পনা:
বেশ কিছুদিন ধরেই ‘বিগ বস বাংলা’-র ঘরে জীতু কমলের সম্ভাব্য আগমন নিয়ে চর্চা চলছিল। তবে বিষয়টিতে রহস্য বজায় রেখে নীরবতা বজায় রেখেছিলেন অভিনেতা। কিন্তু সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোশাকের ছবি পোস্ট করে তিনি লেখেন, একটি ‘নন-ফিকশন শো’-তে অংশ নিতে চলেছেন। সেখানে জয়ী হলে পুরস্কারের প্রাপ্ত অর্থের ৭৫ শতাংশ অনাথ শিশু, বৃদ্ধাশ্রমের প্রবীণ ও গৃহহীন মানুষদের সাহায্যে দান করার অঙ্গীকারও করেছেন তিনি।
মেগা ধারাবাহিক আর করবেন না আগেই জানিয়েছেন জীতু। অগ্নিদেব চট্টোপাধ্যায়ের ‘চোর’-এর কাজ শেষ করেছেন। বড় কাজের ব্যস্ততা না থাকায় তাঁর বিগ বসের ঘরে পা রাখার জল্পনা আরও মজবুত রূপ নেয়। শোনা যাচ্ছে, জীতুর বিগ বসের ঘরে যাওয়ার অন্যতম কারণ মোটা পারিশ্রমিক। শো-এর অন্যতম হায়েস্ট পেইড প্রতিযোগী হতে চলেছেন তিনি। শো-এ থেকে প্রাপ্ত টাকায়, অনাথ বাচ্চাদের জন্য একটি হোম করবেন। এই হোমের জন্য জমিও নাকি দেখা হয়ে গিয়েছে নায়কের, বলছে সূত্র। যদিও এই বিষয়ে মুখ খুলতে নারাজ জীতু।
ঘরের ভেতরের সাম্প্রতিক সমীকরণ ও ওয়াইল্ড কার্ডের ইঙ্গিত:
সম্প্রতি ‘বিগ বস’-এর ঘর থেকে প্রথম প্রতিযোগী হিসেবে বিদায় নিয়েছেন অভিনেতা অনিন্দ্য সেনগুপ্ত। তাঁর বিদায়ের পরেই মডেল-অভিনেতা রাজবীর দের ওয়াইল্ড কার্ড এন্ট্রি ঘরের আবহ পুরোপুরি বদলে দিয়েছে। খাটের জায়গা দখল থেকে শুরু করে সহ-প্রতিযোগীদের সঙ্গে বাকবিতণ্ডা—রাজবীরের আগমনে ঘরে যখন উত্তেজনা চরমে, ঠিক তখনই জীতু কমলের প্রবেশের গুঞ্জনে দর্শকদের কৌতূহল বহুগুণ বেড়ে গেছে।
শনিবারেই কি মেগা চমক?
সূত্রের খবর, আগামী শনিবারের বিশেষ পর্বেই ‘বিগ বস’-এর অন্দরমহলে চমকপ্রদ এন্ট্রি ঘটতে পারে জীতু কমলের, আর সেই লক্ষ্যেই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। 'অপরাজিত' ছবিতে সত্যজিৎ রায়ের আদলে অভিনয় করে নজর কাড়া এবং অত্যন্ত ঠাণ্ডা মাথার যুক্তিবাদী অভিনেতা হিসেবে পরিচিত জীতু কমল যদি সত্যিই বিগ বসের ঘরে পা রাখেন, তবে খেলার চালচিত্র সম্পূর্ণ পাল্টে যেতে পারে বলেই মনে করছেন অনুগামীরা। এখন অপেক্ষা শনিবারের পর্বের, যেখানে জীতুর সম্ভাব্য ধামাকা দেখার অপেক্ষায় প্রহর গুনছে নেটপাড়া!
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


