Jisshu-Srijit: 'স্বামী-স্ত্রীর মতো সম্পর্ক', অভিমান ভুলে সৃজিতের গোয়েন্দা কানাইচরণ হচ্ছেন যিশু!
Jisshu-Srijit: অবশেষে অপেক্ষার অবসান। জুটিতে ফিরছেন সৃজিত-যিশু। পরিচালকের নতুন গোয়েন্দা ‘কানাইচরণ’ হচ্ছেন যিশু সেনগুপ্ত।
টলিউড এবং গোয়েন্দা গল্প— এই দুইয়ের রসায়ন সবসময়ই সুপারহিট। ফেলুদা, ব্যোমকেশ, কাকাবাবুর পর এবার রূপোলি পর্দায় আসতে চলেছে আরও এক নতুন বাঙালি গোয়েন্দা। সেই খবর তো বাসি। শুক্রবার সন্ধ্য়াতেই সৃজিত মুখোপাধ্য়ায় জানিয়েছেন, তিনি বড়পর্দায় নিয়ে আসছেন লেখক রাজর্ষি দাস ভৌমিকের সৃষ্ট কাল্পনিক গোয়েন্দা ‘কানাইচরণ’-কে। ছবির নাম ‘কুইন ভিক্টোরিয়া আর গোয়েন্দা কানাইচরণ’। কিন্তু সেখানে লিড রোলে কে থাকবেন, বাকি চরিত্র কারা- তা খোলসা হল শনিবার সকালে।

এই নতুন গোয়েন্দা ফ্র্যাঞ্চাইজির নামভূমিকায় অভিনয় করতে চলেছেন সৃজিতের অত্যন্ত পছন্দের এবং টলিউডের অন্যতম প্রতিভাবান অভিনেতা যিশু সেনগুপ্ত (Jisshu Sengupta)।
নতুন গোয়েন্দা ‘কানাইচরণ’ ও সৃজিতের ম্যাজিক
সৃজিত মুখোপাধ্যায় মানেই টানটান থ্রিলার আর নিখুঁত রহস্যের জাল। এর আগে তিনি কাকাবাবু ও ফেলুদাকে নিয়ে কাজ করে দর্শকদের মন জয় করেছেন। তবে এবার আর চেনা কোনো গোয়েন্দা নয়, বরং একদম নতুন ঘরানার গোয়েন্দা ‘কানাইচরণ’-কে রূপোলি পর্দায় সেলুলয়েডের রূপ দিতে চলেছেন তিনি। রাজর্ষি দাস ভৌমিকের গোয়েন্দা কানাইচরণের কেস সলভ করার ধরণ বাকিদের চেয়ে বেশ আলাদা, যা বড়পর্দায় দেখার জন্য দর্শকেরা বেশ উৎসাহিত হবেন বলেই মনে করছেন সিনেমা সমালোচকেরা।
আবার একজোটে সৃজিত-যিশু
এর আগে সৃজিতের পরিচালনায় ‘জাতিস্মর’, ‘রাজকাহিনী’, ‘জুলফিকার’ এবং ‘এক যে ছিল রাজা’-র মতো একাধিক জাতীয় পুরস্কার জয়ী ও ব্লকবাস্টার ছবিতে অভিনয় করেছেন যিশু। এমনকি সৃজিতের ওয়েব সিরিজ ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’-তেও যিশুর অভিনয় প্রশংসিত হয়েছিল। সৃজিতের হাত ধরে যিশু যে পর্দায় আরও একবার ছকভাঙা পারফর্ম্যান্স দিতে চলেছেন, তা বলাই বাহুল্য।
অভিমানের প্রচারের সময়ই যিশু স্পষ্ট জানিয়েছিলেন, সৃজিতের উপর তাঁর অভিমান হয়েছিল। বলেছিলেন, ‘কাছের মানুষ না হলে সেটা রাগ হয় । অভিমান এমন একটা জিনিস যেটা যে কোনও একটা পক্ষ ভেঙে দেবে, সময় লাগলেও’। সময় লেগেছে কিন্তু ফের একজোট এই হিট জুটি। এর আগে লহ গৌরাঙ্গের নাম রে ছবি নিয়ে দুজনের মধ্যে সমস্যা তৈরি হয়েছিল।
কানাইচরণের চশমা ও চেনা অবয়বে যিশুকে কেমন লাগবে, তা নিয়ে এখন থেকেই টলিপাড়ায় চর্চা শুরু হয়ে গিয়েছে। এর আগে যিশুকে বলতে শোনা গিয়েছে, সৃজিতের সঙ্গে তাঁর সম্পর্ক অনেকটা স্বামী-স্ত্রীর মতো। তাই দূরত্ব ভুলে ফের একসঙ্গে দুজনে।
‘কালাপানির দিশা’-র রহস্যভেদ
‘কুইন ভিক্টোরিয়া আর গোয়েন্দা কানাইচরণ’-এর গল্পটি আবর্তিত হবে রাজর্ষি দাসের ‘কালাপানির দিশা’ উপন্যাসকে কেন্দ্র করে। গল্পের পটভূমিতে যেমন থাকবে ঐতিহাসিক ছোঁয়া, তেমনই থাকবে এক জটিল রহস্যের জাল। কালাপানি বা আন্দামানের সেলুলার জেলের ইতিহাস ও এক অদ্ভুত মনস্তাত্ত্বিক রহস্যের টানাপোড়েন এই ছবির মূল ইউএসপি (USP)। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের শেষেই শুরু হতে পারে এই মেগা প্রজেক্টের শ্যুটিং। যিশু ছাড়াও এই ছবিতে থাকছেন- টোটা রায়চৌধুরী, অনুজয় চট্টোপাধ্যায়, ইধিকা পাল, সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়, সুমন্ত মুখোপাধ্যায়-সহ আরও একাধিক পরিচিত মুখ।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


