করিনার দীপাবলির পোশাক নিয়ে বিতর্ক, ৩০ ক্যারেটের পান্নার লকেট নিয়ে এত হৈচৈ কেন?

দিওয়ালিতে করিনা কাপুরের গলায় থাকা একটি সবুজ পান্নার হার ঘিরেই শুরু হয়েছে বিতর্ক। নেটিজেনদের একাংশের দাবি, ওই ৩০ ক্যারেটের পান্নায় খোদাই করা রয়েছে কোরানের পবিত্র আয়াত ‘আয়াতুল কুরসি’। আর তা গয়না হিসেবে পরা নিয়ে আপত্তি তুলেছেন অনেকে।

Published on: Nov 11, 2026, 19:00:23 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

ফ্যাশন সেন্সের জন্য বরাবরই চর্চায় থাকেন করিনা কাপুর খান। তাঁর পোশাক থেকে সাজসজ্জা, সবেতেই থাকে আলাদা চমক। তবে এবার দীপাবলিতে অভিনেত্রীর সাজ প্রশংসার পাশাপাশি বিতর্কও তৈরি করেছে। বিশেষ করে তাঁর গলায় থাকা একটি পান্নার হার ঘিরে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে আলোচনা। নেটিজেনদের একাংশের দাবি, ওই পান্নার উপর খোদাই করা রয়েছে কোরানের অত্যন্ত পবিত্র আয়াত ‘আয়াতুল কুরসি’। সেই আয়াতকে গয়না হিসেবে ব্যবহার করা নিয়েই আপত্তি তুলেছেন তাঁরা।

করিনা কাপুরের দিওয়ালি লুক। (instagram)
করিনা কাপুরের দিওয়ালি লুক। (instagram)

কী ছিল করিনার দীপাবলির সাজে?

দীপাবলির অনুষ্ঠানে ফ্যাশন ডিজাইনার পুনীত বালানার ডিজাইন করা নিউড-বেইজ রঙের কাফতান পরেছিলেন করিনা। সেই সঙ্গে মাথায় ছিল একটি পাগড়ি। পাগড়িতে লাগানো ছিল প্রায় ২০০ বছরের পুরনো একটি ঐতিহাসিক কলগি, যা পতৌদি পরিবারের বংশপরম্পরায় পাওয়া সম্পদ বলে জানা গিয়েছে। অভিনেত্রীর এই রাজকীয় সাজের প্রশংসা করেছিলেন অনুরাগী থেকে শুরু করে বলিউডের একাধিক তারকা।

৩০ ক্যারেটের পান্নার হার ঘিরেই বিতর্ক

তবে করিনার গলায় থাকা সবুজ রঙের হার নিয়েই আপত্তি নেটিজেনদের একাংশের। দাবি, হারটির পান্নাটি প্রায় ৩০ ক্যারেটের এবং তার গায়ে খোদাই করা রয়েছে ‘আয়াতুল কুরসি’। ইসলাম ধর্মে এই আয়াতের বিশেষ পবিত্রতা রয়েছে। তাই সেটিকে অলংকার হিসেবে পরা উচিত নয় বলেই মত অনেকের।

এক নেটিজেনের কথায়, এমন কাজ অত্যন্ত অসম্মানজনক। অন্য এক ব্যবহারকারী লিখেছেন, সত্যিই যদি পান্নার গায়ে ওই পবিত্র আয়াত খোদাই করা থাকে, তা হলে সেটি এভাবে গয়না হিসেবে পরা উচিত নয়। যদিও এই বিতর্ক নিয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া জানাননি করিনা। এর আগেও বিভিন্ন সময়ে ট্রোলিংয়ের মুখে পড়লেও সাধারণত সে সব বিষয়ে প্রকাশ্যে মুখ খুলতে দেখা যায়নি তাঁকে।

কী রয়েছে করিনার আগামী ছবির তালিকায়?

কাজের দিক থেকে, শেষবার মেঘনা গুলজার পরিচালিত ‘দায়রা’ ছবিতে দেখা গিয়েছে করিনাকে। ছবিতে তাঁর বিপরীতে ছিলেন পৃথ্বীরাজ সুকুমারন। তবে ছবিটি বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পায়নি এবং দর্শকদের কাছ থেকেও মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে।

শাহরুখ খানের ‘কিং’ ছবিতেও বিশেষ চরিত্রে দেখা যেতে পারে করিনাকে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিতে রয়েছেন দীপিকা পাড়ুকোন, রানি মুখোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাঘব জুয়াল-সহ একাধিক তারকা। তবে মুখ্য চরিত্রে করিনার পরবর্তী ছবি নিয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More