Katrina Son: মায়ের নাকে হাত ঘষছে কিউটের ডিব্বা বিহান, জন্মদিনে ছেলেকে সামনে আনলেন ক্যাটরিনা

জন্মদিনে অনুরাগীদের জন্য বিশেষ চমক নিয়ে এলেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। সোশ্যাল মিডিয়ায় জন্মদিন উদযাপনের একাধিক ছবি শেয়ার করার পাশাপাশি প্রথমবারের মতো ছেলে বিহান কৌশলের বিরল ঝলকও দেখালেন তিনি। আবেগঘন ক্যাপশনে ছেলেকে জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ বলে উল্লেখ করেছেন অভিনেত্রী।

Published on: Jul 19, 2026, 13:30:34 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ সম্প্রতি ৪৩তম জন্মদিন উদযাপন করেছেন। ব্যক্তিগত জীবনকে আড়ালেই রাখতে পছন্দ করেন অভিনেত্রী। তবে এবার পরিবারের সঙ্গে কাটানো কিছু ব্যক্তিগত মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়ে অনুরাগীদের চমকে দিয়েছেন। তবে সব ছবির মধ্যেই সবচেয়ে বেশি নজর কেড়েছে তাঁর ছেলে বিহান কৌশলের বিরল ঝলক, যা এতদিন জনসমক্ষে খুব একটা দেখা যায়নি।

ছেলে বিহানের সঙ্গে ক্যাটরিনা।
ছেলে বিহানের সঙ্গে ক্যাটরিনা।

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একাধিক ছবি পোস্ট করেন ক্যাটরিনা। সেই ছবিগুলির সঙ্গে তিনি লেখেন, ‘তুমি যে আমার জীবনের সবচেয়ে মূল্যবান আশীর্বাদ, তার জন্য আমি চিরকাল কৃতজ্ঞ থাকব। এটা ছিল দারুণ একটা জন্মদিন’। অভিনেত্রীর এই আবেগঘন বার্তা মুহূর্তেই অনুরাগীদের মন জয় করে নেয়।

ছবির প্রথমটিতে দেখা যায়, ক্যাটরিনা কোলে করে ছোট্ট বিহানকে আদর করছেন এবং তাকে চুমু খাচ্ছেন। আরেকটি ছবিতে স্বামী ভিকি কৌশলের সঙ্গে হাসিমুখে ধরা দিয়েছেন তিনি। পোস্টের শেষ ছবিতে দেখা যায়, ছোট্ট বিহান মায়ের নাকে আলতো করে হাত বুলিয়ে দিচ্ছে। এই মিষ্টি মুহূর্তই সবচেয়ে বেশি মন কেড়েছে নেটিজেনদের।

পোস্টে ক্যাটরিনা আরও জানিয়েছেন, বিহান তাঁর জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ এবং মা হওয়ার অনুভূতি তাঁর জীবনকে সম্পূর্ণ বদলে দিয়েছে। সেই কারণেই জন্মদিনে ছেলেকে ঘিরেই নিজের আনন্দ ও কৃতজ্ঞতার কথা প্রকাশ করেছেন অভিনেত্রী।

এর আগেই ভিকি কৌশলও ক্যাটরিনার জন্মদিন উপলক্ষে একটি বিশেষ ছবি শেয়ার করেছিলেন। সেই ছবিতে দেখা যায়, ভিকির হাতে এক টুকরো জন্মদিনের কেক, আর ক্যাটরিনা তাঁকে জড়িয়ে ধরে হাসিমুখে দাঁড়িয়ে রয়েছেন। ভিকির পোস্টেও দম্পতির প্রতি ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরা।

প্রসঙ্গত, ২০২১ সালের ডিসেম্বরে রাজস্থানের সাওয়াই মাধোপুরে একান্ত পারিবারিক অনুষ্ঠানে বিবাহবন্ধনে আবদ্ধ হন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। ঘনিষ্ঠ বন্ধু এবং পরিবারের সদস্যদের উপস্থিতিতে সম্পন্ন হয়েছিল তাঁদের বিয়ে। এরপর ২০২৫ সালের ৭ নভেম্বর দম্পতির ঘরে জন্ম নেয় তাঁদের প্রথম সন্তান, পুত্র বিহান কৌশল।

কাজের ক্ষেত্রে ক্যাটরিনাকে শেষবার দেখা গিয়েছিল বিজয় সেতুপতির বিপরীতে 'মেরি ক্রিসমাস' ছবিতে। ২০২৪ সালের ১২ জানুয়ারি মুক্তিপ্রাপ্ত এই হিন্দি-তামিল দ্বিভাষিক ছবিতে তাঁর অভিনয় এবং বিজয় সেতুপতির সঙ্গে অনস্ক্রিন রসায়ন দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিল। বর্তমানে নতুন কোনও ছবির ঘোষণা না হলেও, ব্যক্তিগত জীবনের এই বিশেষ মুহূর্ত ভাগ করে নিয়ে আবারও শিরোনামে উঠে এলেন অভিনেত্রী।

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More