Happy Birthday Adrit: মিঠাই থেকে প্রেম, বিয়ের ২ বছর! আদৃতকে জন্মদিনে আদুরে শুভেচ্ছা কৌশাম্বির!

আদৃত ও কৌশাম্বি বিয়ে করেন ২০২৪ সালের মে মাসে। সম্প্রতি বিয়ের ২ বছর পূর্ণ করেছেন। বরের জন্মদিনে কী লিখলেন সোশ্যাল মিডিয়ায়?

Updated on: May 25, 2026, 17:05:02 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

মিঠাই ধারাবাহিক চলাকলীন অনস্ক্রিন ভাইয়ের প্রেমে পড়েছিলেন কৌশাম্বি চক্রবর্তী। একসময় তাঁদের সম্পর্ক ঘিরে কম বিতর্ক হয়নি। আসলে জি বাংলার এই ধারাবাহিকটির জনপ্রিয়তা ছিল আকাশছোঁয়া। সিড আর মিঠাই চরিত্রদুটি টিভির পর্দা থেকে বেরিয়ে দর্শকের মনে ঘর করে নিয়েছিল। তাই সকলেই চেয়েছিলেন আদৃত আর ধারাবাহিকের নায়িকা সৌমিতৃষার মধ্যে প্রেমটা হোক। কিন্তু নায়িকা নয়, ধারাবাহিকের পার্শ্ব-চরিত্র কৌশাম্বির প্রেমে পড়েন আদৃত। তারপরই ট্রোল শুরু হয়। সোশ্যাল মিডিয়ার একটা বড় অংশ যাকে বলে তেড়েফুড়ে ব্যাক্তিগত আক্রমণ করা শুরু করে দুজনকে।

আদৃতকে জন্মদিনের শুভেচ্ছা বউ কৌশাম্বির।
আদৃতকে জন্মদিনের শুভেচ্ছা বউ কৌশাম্বির।

তবে নিন্দুকের মুখএ ছাই দিয়ে, বছরখানেক চুটিয়ে প্রেম করার পর ২০২৪ সালের মে মাসে বিয়ে করেন কৌশাম্বি আর আদৃত। দেখতে দেখতে পার করে ফেলেছেন বিয়ের ২টো বছর। এবারের জন্মদিনে বরের সঙ্গে একটি ছবি শেয়ার করে নিলেন।

নীল রঙের ফুল হাতা টি-শার্ট পরে আছেন আদৃত। বড় চুলে হাফ পনিটেল। পায়ে স্পোর্টস শু। যাকে বলে পুরো রকস্টার লুক! কৌশাম্বির গায়ে সাদা টপ, ডেনিম। ছবি শেয়ার করে লিখলেন, ‘হ্যাপি বার্থ ডে’। কাজের সূত্রে, মিঠাইয়ের পর ‘ফুলকি’ ও ‘গৃহপ্রবেশ’ ধারাবাহিকে দেখা গিয়েছিল কৌশাম্বিকে। ‘গৃহপ্রবেশ’-এ নেতিবাচক চরিত্রে দেখা যায় কৌশাম্বিকে। আর আপাতত কাজ করছেন স্টার জলসার ‘গঙ্গা’তে।

আদৃতকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন শিশুশিল্পী ধৃতিষ্মান চক্রবর্তী। তাঁর ও আদৃতের গান গাওয়ার একটা ভিডিয়ো শেয়ার করে লিখলেন, ‘হ্যাপি বার্থ ডে আদৃত কাকু। এটা আমাদের মিঠাইয়ের শ্যুটচলাকালীন একটা পুরনো ভিডিয়ো। আমরা একসঙ্গে কয়েকটি গান গেয়েছিলাম আর খুব সুন্দর সময় কাটিয়েছিলাম। কী সুন্দর স্মৃতি!’ প্রসঙ্গত, আদৃতের অনস্ক্রিন ছেলের চরিত্রে কাজ করেছিলেন ধৃতিষ্মান।

আদৃত রায় তাঁর কেরিয়ার শুরু করেছিলেন বড় পর্দা দিয়ে। ২০১৮ সালের নূরজাহান সিনেমা দিয়ে অভিনয়ে হাতেখড়ি। এরপর প্রেম আমার ২-তেও তাঁকে দেখা যায় কেন্দ্রীয় চরিত্রে। তবে দুটি সিনেমাই সেভাবে ছাপ ফেলতে পারেনি বক্স অফিসে। রাজ চক্রবর্তীর পরিচালনায় শুভশ্রীর পরিণীতা সিনেমাতেও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন আদৃত।

তার ছোটপর্দায় কাজের শুরু মিঠাই দিয়ে। প্রায় আড়াই বছর চলেছিল এটি। টিআরপিতে মোট ৫৬ বার 'বেঙ্গল টপার' হয়েছিল জি বাংলার এই সিরিয়ালটি। মিঠাই শেষ হওয়ার পর আদৃত কাজ করেন মিত্তির বাড়িতে। যদিও এটি সেভাবে সাফল্য পায়নি, টিআরপিতেও ছাপ ফেলতে পারেনি। খবর রয়েছে খুব জলদিই নাকি ছোট পর্দায় দেখা যাবে আদৃতকে। মাঝে শোনা গিয়েছিল, আদৃতের নতুন ধারাবাহিকের নায়িকা হবেন সুস্মিতা দে। যদিও কোনো অফিসিয়াল ঘোষণা হয়নি এখনো।

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More