প্রেম ছিল ঐশ্বর্য-ক্যাটরিনাদের সঙ্গে! ‘তুমি কি সত্যিই ভার্জিন?’, কফি উইথ করণে সলমনকে খোঁচা করণের
প্রায় দুই দশক ধরে তারকাদের ব্যক্তিগত জীবন, বিতর্কিত মন্তব্য ও মজার কথোপকথনের সাক্ষী ‘কফি উইথ করণ’। এবার শেষবারের মতো ফিরছে করণ জোহরের জনপ্রিয় চ্যাট শো। নবম সিজনের প্রথম অতিথি হিসেবে দেখা যাবে সলমন খানকে। আগামী ১৪ অক্টোবর জিওহটস্টারে শুরু হবে এই সিজন।
প্রায় দুই দশকের যাত্রায় একাধিক তারকার অজানা কাহিনি, ব্যক্তিগত স্বীকারোক্তি এবং বিতর্কিত মন্তব্য সামনে এনেছে ‘কফি উইথ করণ’। বলিউডের তারকাদের নিয়ে করণ জোহরের এই জনপ্রিয় চ্যাট শো এবার শেষবারের মতো পর্দায় ফিরতে চলেছে। নবম সিজনের হাত ধরেই ইতি পড়তে চলেছে এই দীর্ঘ যাত্রায়। আগামী ১৪ অক্টোবর জিওহটস্টারে শুরু হবে শোয়ের নতুন সিজন। আর প্রথম পর্বেই করণের বিখ্যাত সোফায় বসতে চলেছেন সলমন খান। প্রকাশ্যে এসেছে শোয়ের প্রথম টিজার, যেখানে পুরনো মেজাজেই দেখা গিয়েছে দুই তারকাকে।

সলমনের সঙ্গে পুরনো মেজাজে করণ, ফিরছে সেই চেনা রসিকতা
শেষ সিজনের প্রথম অতিথি হিসেবে সলমনকে স্বাগত জানাতে গিয়ে পরিচিত ভঙ্গিতেই কথা শুরু করেন করণ। টিজারে তাঁকে বলতে শোনা যায়, এক জ্ঞানী ব্যক্তি একবার বলেছিলেন, ‘ইটস ডান ব্রো’। তাই নিজের শেষ সিজন শুরু করার জন্য সলমন খানের চেয়ে ভালো অতিথি আর কে হতে পারেন!
এরপরই ফিরে আসে শোয়ের অন্যতম স্মরণীয় একটি মুহূর্ত। এর আগে সলমন যখন এই শোয়ে এসেছিলেন, তখন করণ তাঁকে একটি ব্যক্তিগত প্রশ্ন করেছিলেন। সেই প্রসঙ্গ তুলে ফের মজা করেন পরিচালক। তিনি সলমনকে প্রশ্ন করেন, ‘তুমি কি এখনও ভার্জিন?’ উত্তরে সলমন নিজের চেনা রসিকতার ভঙ্গিতে বলেন, ‘সংযম রাখো ভাই, সংযম।’
শুধু করণই নন, সলমনও সঞ্চালকের শেষ সিজন নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর ইঙ্গিত, শো শেষ হয়ে যাচ্ছে শুনেই হয়তো তারকারা অতিথি হতে রাজি হয়েছেন। করণের পরিকল্পনা নিয়ে মজা করলেও সলমন স্পষ্ট করে দেন, তিনি চান না এই শো শেষ হয়ে যাক।
বয়স বাড়ার সঙ্গে বদলেছে সলমনের দৃষ্টিভঙ্গি?
টিজারে সলমনের আরও একটি অন্য রূপ ধরা পড়েছে। করণ মন্তব্য করেন, আগের তুলনায় সলমনকে এখন অনেক শান্ত মনে হয়। উত্তরে অভিনেতা বলেন, এত দিন ধরে অন্যদের যে পরামর্শ দিয়ে এসেছেন, এবার নিজের জীবনে সেই পরামর্শ মেনে চলার সময় এসেছে।
এরপর কথোপকথন ঘুরে যায় সোশ্যাল মিডিয়ায় তারকাদের নিয়ে ট্রোলিং এবং পাপারাজ্জিদের বাড়বাড়ন্তের প্রসঙ্গে। গত মাসে ‘বিগ বস ২০’-এর মঞ্চে এই বিষয়গুলি নিয়ে মন্তব্য করেছিলেন সলমন। নতুন টিজারেও সেই প্রসঙ্গ উঠে আসে। ফোনের ক্যামেরা নিয়ে নিজের বিরক্তির কথা রসিকতার ছলে প্রকাশ করেন অভিনেতা।
বাবার সঙ্গে আলোচনা থেকেই শুরু হয়েছিল ‘কফি উইথ করণ’
সম্প্রতি শোয়ের দীর্ঘ যাত্রা নিয়ে একটি ভিডিয়ো প্রকাশ করেছেন করণ জোহর। সেখানে তিনি জানান, ২০০৪ সালে বাবা তথা প্রযোজক যশ জোহরের সঙ্গে এই শোয়ের পরিকল্পনা নিয়ে আলোচনা করেছিলেন তিনি। তবে প্রথমে এই ধারণা নিয়ে খুব একটা আশাবাদী ছিলেন না যশ।
করণের কথায়, তাঁর বাবা প্রশ্ন করেছিলেন, বন্ধুদের সঙ্গে বসে গল্প করার জন্য দর্শক কেন টাকা দেবেন? সেই সংশয় সত্ত্বেও নিজের পরিকল্পনা নিয়ে এগিয়ে যান করণ। ২০০৪ সালের জুনে যশ জোহরের মৃত্যু হয়। তার দু’মাস পর, আগস্টে ‘কফি উইথ করণ’-এর প্রথম পর্বের শুটিং করেন করণ। এরপর ধীরে ধীরে এই অনুষ্ঠান বলিউডের তারকাদের নিয়ে আলোচনার অন্যতম জনপ্রিয় মঞ্চ হয়ে ওঠে।
বছরের পর বছর এই শোয়ে এসেছেন অভিনেতা-অভিনেত্রী, পরিচালক, তারকা দম্পতি এমনকী প্রাক্তন প্রেমিক-প্রেমিকারাও। তাঁদের ব্যক্তিগত জীবন, সম্পর্ক ও নানা মন্তব্য নিয়ে একাধিকবার তৈরি হয়েছে বিতর্ক। করণও তাঁর ভিডিওতে সেই অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন। তাঁর কথায়, এই শোয়ে তিনি প্রেমিক-প্রেমিকা, বন্ধু, পরিবার এবং এমন অনেক জুটিকে আমন্ত্রণ জানিয়েছেন, যাঁরা পরে একে অপরের প্রাক্তন হয়ে গিয়েছেন। তাঁদের মধ্যে কেউ কেউ পরবর্তী সময়ে বিয়েও করেছেন।
পাশাপাশি, বলিউডে স্বজনপোষণ বা নেপোটিজম নিয়ে দীর্ঘদিন ধরে যে সমালোচনার মুখে পড়তে হয়েছে তাঁকে, সেই প্রসঙ্গও উল্লেখ করেন করণ। তাঁর কথায়, এত বছর পরেও ‘নেপোটিজম’ শব্দটি তাঁর সঙ্গে জড়িয়ে রয়েছে।
শেষ সিজনে কি দেখা যাবে শাহরুখ, আমির ও করিনাদের?
নবম সিজনের টিজারে আপাতত সলমন খানের নামই নিশ্চিতভাবে সামনে এসেছে। তবে বাকি অতিথিদের তালিকা এখনও প্রকাশ করা হয়নি। বিভিন্ন রিপোর্টে শাহরুখ খান, আমির খান, করিনা কাপুর খান এবং সইফ আলি খানের সম্ভাব্য উপস্থিতি নিয়ে জল্পনা শুরু হয়েছে।
এ ছাড়াও ডিজিটাল বিনোদন জগতের নতুন প্রজন্মের তারকা এবং দক্ষিণী সিনেমার অভিনেতাদেরও শেষ সিজনে দেখা যেতে পারে বলে অনুরাগীদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। তবে এই জল্পনাগুলির বিষয়ে নির্মাতাদের তরফে এখনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।
প্রায় দুই দশকের স্মৃতি, তারকাদের নানা স্বীকারোক্তি এবং একাধিক বিতর্ককে সঙ্গী করে শেষবারের মতো ফিরছে ‘কফি উইথ করণ’। সলমন খানের সঙ্গে প্রথম পর্বে কী কী চমক অপেক্ষা করছে, এখন সেদিকেই নজর দর্শকদের।
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper


