Kunal Ghosh-Swastika: দেবের দাদাগিরিতে 'দিদি নম্বর ১' স্বস্তিকার সঙ্গে TMC-র কুণাল! ‘মতের অমিল বিবেচ্য নয়’
দেবের দাদাগিরির বিশেষ পর্বে দেখা যাবে কুণাল ঘোষকে। জি বাংলার এই গেম শো-এর সেট থেকে স্বস্তিকার সঙ্গে ছবি শেয়ার তৃণমূল নেতার।
রাজনীতির উত্তপ্ত ময়দান থেকে সোজা টেলিভিশনের গ্ল্যামারাস সেটে! সম্প্রতি ছোটপর্দায় বড় চমক নিয়ে হাজির হচ্ছেন তৃণমূল নেতা তথা রাজনৈতিক ব্যক্তিত্ব কুণাল ঘোষ। টেলিভিশনের নতুন 'দিদি নম্বর ১' (Didi No. 1) স্বস্তিকা মুখোপাধ্যায়ের সঙ্গে একফ্রেমে ধরা দিলেন তৃণমূল বিধায়ক। তবে দিদি নম্বর ১-এ নয়, তাঁর দেখা মিলবে অন্যত্র। খবর, সঞ্চালক দেবের মেগা রিয়েলিটি শো 'দাদাগিরি'-তে দেখা যাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক কুণালকে।

টলিউডের অত্যন্ত প্রতিবাদী ও ডাকাবুকো অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়-এর সঙ্গে ছবি পোস্ট করে প্রশংসায় পঞ্চমুখ বিধায়ক কুণাল।
রাজনৈতিক দ্বিমত সরিয়ে স্বস্তিকার প্রশংসায় পঞ্চমুখ কুণাল
বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে স্বস্তিকা মুখোপাধ্যায়ের অবস্থান প্রায়শই প্রাক্তন শাসকদলের বিপরীতে থাকে। বহুবার তাঁকে ব্যবস্থার বিরুদ্ধে সরব হতে দেখা গেছে। কিন্তু রাজনীতির বৈরিতা যে শিল্প বা প্রতিভার মূল্যায়নকে আটকে রাখতে পারে না, তা আরও একবার প্রমাণ করলেন কুণাল ঘোষ।
দাদাগিরির শুটিং ফ্লোরে স্বস্তিকার পাশাপাশি দাঁড়িয়ে ছবি শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় কুণাল লেখেন: 'স্বস্তিকা দারুণ অভিনেত্রী। মেধাযুক্ত বুদ্ধিদীপ্ত অভিনয়ে অন্যতম সেরা। অন্য ইস্যুতে মতের মিল বা অমিল এখানে বিবেচ্য নয়। আমারও সকলকে অনুরোধ থাকল, স্বস্তিকার 'দিদি নাম্বার ওয়ান' দেখুন।'
ছবিতে দেখা যাচ্ছে, দাদাগিরির পোডিয়ামের পেছনে (যেখানে 'দক্ষিণ ২৪ পরগনা' লেখা) দাঁড়িয়ে আছেন কুণাল ও স্বস্তিকা। একটি গাঢ় কালো শাড়িতে স্বস্তিকার আভিজাত্য আর পাশে মেরুন শার্টে সহজ-সরল হাসিতে কুণাল ঘোষ। মতাদর্শগত পার্থক্য ভুলে একজন শিল্পীকে কুণালের এই অকুণ্ঠ সম্মান জানানো নেটিজেনদের মন জয় করে নিয়েছে।
'দাদাগিরি'-র মঞ্চেও কুণালের সাথে সজল ও মদনের মুখোমুখি লড়াই!
'দিদি নম্বর ১'-এ স্বস্তিকাকে নিয়ে মিষ্টি বার্তার মাঝেই খবর, 'দাদাগিরি'-তে পুরোদস্তুর রাজনৈতিক তরজার উত্তাপ ছড়াবে!
অভিজিৎ সেনের পরিচালনায় ও দেবের সঞ্চালনায় চলা এই শোয়ের মঞ্চে কুণাল ঘোষের মুখোমুখি হতে চলেছেন, মমতার শিবির থেকে সদ্য ঋতব্রতর শিবিরে নাম লেখানো তৃণমূলের বর্ষীয়ান ও মেজাজি নেতা মদন মিত্র। এবং বিজেপির প্রভাবশালী নেতা, তথা বরাহনগরের বিধায়ক সজল ঘোষ।
রাজনৈতিক ময়দানের এই তিন হেভিওয়েট প্রতিপক্ষকে দাদাগিরির মঞ্চে সামলাতে সঞ্চালক দেবকে যে বেশ কসরত করতে হবে, তা বলাই বাহুল্য! এই বিশেষ পর্ব কবে সম্প্রচারিত হবে, এখন সেটাই দেখবার।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


