রণবীরের চেয়ে মাত্র ৪ বছরের বড়, পর্দায় মায়ের চরিত্র করতে দ্বিধাবোধ হয়েছিল লারার?

মাত্র চার বছরের ছোট রণবীরের মা হতে আমার বিন্দুমাত্র দ্বিধা ছিল না!’ ‘রামায়ণ’-এ কৈকেয়ীর চরিত্রে অভিনয় নিয়ে অকপট লারা দত্ত, বয়সের ফারাক নিয়ে কী বললেন অভিনেত্রী?

Published on: Nov 20, 2026, 16:30:33 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

নিতেশ তিওয়ারি পরিচালিত বহুপ্রতীক্ষিত মহাকাব্যিক ছবি ‘রামায়ণ’ (Ramayana) ইতিমধ্যেই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়ে দর্শকদের প্রশংসা কুড়োচ্ছে। এই ছবিতে রামের সৎমা অর্থাৎ কৈকেয়ী-র মতো গুরুত্বপূর্ণ ও জটিল চরিত্রে অভিনয় করে নজর কেড়েছেন লারা দত্ত। ৪৮ বছর বয়সি লারা পর্দায় অভিনয় করেছেন নিজের চেয়ে মাত্র চার বছরের ছোট রণবীর কাপুর (রাম) এবং ৪২ বছর বয়সি আদিনাথ এম কোঠারে (ভরত)-র মায়ের চরিত্রে। বয়সের এত কম ব্যবধান থাকা সত্ত্বেও রণবীর বা আদিনাথের মায়ের ভূমিকায় অভিনয় করতে কি কোনো দ্বিধা বা সংকোচ ছিল তাঁর? সম্প্রতি এক সাক্ষাৎকারে এই বিষয়ে নিজের স্পষ্ট মতামত জানালেন লারা দত্ত।

রণবীরের চেয়ে মাত্র ৪ বছরের বড়, পর্দায় মায়ের চরিত্র করতে দ্বিধাবোধ হয়েছিল লারার?
রণবীরের চেয়ে মাত্র ৪ বছরের বড়, পর্দায় মায়ের চরিত্র করতে দ্বিধাবোধ হয়েছিল লারার?

‘বয়স নিয়ে ভাবা এখন পুরনো আমলের চিন্তা’— লারা দত্ত:

সম্প্রতি ‘নিউজ১৮’-কে দেওয়া এক সাক্ষাৎকারে লারা জানান, সহ-অভিনেতাদের সঙ্গে বয়সের সামান্য ব্যবধান থাকা সত্ত্বেও কৈকেয়ীর চরিত্রে অভিনয় করতে তাঁর বিন্দুমাত্র আপত্তি বা সংকোচ ছিল না। তাঁর কথায়, ‘১০০ শতাংশ না! আমার মনে হয় আমরা সবাই এখন এই ভাবনাগুলোর অনেক ঊর্ধ্বে উঠে গিয়েছি। আজকের দিনে অভিনেতারা আর সেই পুরনো আমলের চিন্তায় আটকে নেই যে— ‘ওহ, আমি একজন অভিনেত্রী, কীভাবে আমি অমুক চরিত্রে অভিনয় করব?’ এখন আমরা কেবল চরিত্রগুলোকে পর্দায় ফুটিয়ে তুলি। আমার মনে এই নিয়ে লেশমাত্রও দ্বিধা ছিল না।’

কৈকেয়ী চরিত্রের প্রস্তুতি ও গল্পের প্রেক্ষাপট:

গল্পের বৃহত্তর প্রেক্ষাপট ব্যাখ্যা করে লারা মনে করিয়ে দেন যে, রাজা দশরথের তিন রানির মধ্যে কৈকেয়ী ছিলেন কনিষ্ঠতম এবং তিন রানির বয়স ও প্রেক্ষাপট ছিল ভিন্ন। কৈকেয়ী চরিত্রটি কীভাবে ফুটিয়ে তুললেন, সে প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘কৈকেয়ীর চরিত্রে অভিনয়ের জন্য নিতেশ স্যার এবং আমি সবার প্রথমে বসে চরিত্রটির পুরো ইতিহাস তৈরি করেছিলাম— এমনকি সেই অংশগুলোও যা পর্দায় দেখানো হয়নি। যেমন, কেন তিনি ওই দুটি বর চেয়েছিলেন, কোথায় সেই বর দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তিনি কে ছিলেন এবং কোথা থেকে এসেছিলেন— সবটাই আমরা খুঁটিয়ে আলোচনা করেছিলাম।’

‘বেলবটম’-এর ইন্দিরা গান্ধীর পর ফের আইকনিক চরিত্র:

লারার মতে, কৈকেয়ীর মতো এমন শক্তিশালী চরিত্রে অভিনয়ের সুযোগ একজন শিল্পীর কেরিয়ারে খুব কমই আসে, তাই তা দু’হাত ভরে লুফে নেওয়া উচিত। এর আগে অক্ষয় কুমারের ‘বেলবটম’ ছবিতে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয়ের স্মৃতিচারণ করে তিনি জানান, এমন কালজয়ী ও ঐতিহাসিক চরিত্রে অভিনয় করা যেকোনো শিল্পীর জন্যই জীবনের অন্যতম সেরা সুযোগ।

‘রামায়ণ’-এর তারকাখচিত কাস্ট ও দ্বিতীয় পর্বের মুক্তি:

নমিত মালহোত্রা প্রযোজিত এবং নিতেশ তিওয়ারি পরিচালিত এই ছবিতে রামের ভূমিকায় রণবীর কাপুর, সীতার ভূমিকায় সাই পল্লবী, রাবণের চরিত্রে দক্ষিণী তারকা যশ এবং লক্ষ্মণের ভূমিকায় রবি দুবে অভিনয় করেছেন। গত ৫ নভেম্বর, ২০২৬ ছবিটির প্রথম পর্ব প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এবং দ্বিতীয় পর্বটি ২০২৮ সালের দীপাবলিতে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More