ফের নতুন মেগা নিয়ে ছোট পর্দায় ফিরছেন লীনা! কোন চ্যানেলে দেখা যাবে এই ধারাবাহিক?
লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল বন্দ্যোপাধ্যায়ের প্রযোজনা সংস্থার নতুন মেগা ‘সৈরাব’ আসছে। এই মেগা স্টার প্লাসে দেখা যাবে। এটি এই সংস্থার পঞ্চম হিন্দি প্রযোজনা।
লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল বন্দ্যোপাধ্যায়ের প্রযোজনা সংস্থার মেগা ‘ভোলেবাবা পার করেগা’র শ্যুটিং করতে গিয়ে তালসারির সমুদ্রে তলিয়ে গিয়ে মৃত্যু হয় রাহুল অরুণোদয় বন্দোপাধ্যায়ের। তাঁর এই মৃত্যুতে অব্যবস্থা ও গাফিলতির অভিযোগ ওঠে প্রযোজনা সংস্থার বিরুদ্ধে। তারপর রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা সরকার আর্টিস্ট ফোরামকে সঙ্গে নিয়ে তালসারি থানায় ও কলকাতায় প্রযোজনা সংস্থার বিরুদ্ধে এফআইআর করে। এরপর প্রযোজনা সংস্থার সব মেগা বন্ধ করে দেওয়া হয়। এরপর প্রযোজনা সংস্থার হিন্দির মেগাও বন্ধ হয়ে যাবে এমন গুঞ্জন শোনা যায়। তার মাঝেই দেখা শোনা যায় এই প্রযোজনা সংস্থার জনপ্রিয় হিন্দি মেগা 'ঝনক' শেষ হয়ে যাচ্ছে।

এই খবরে অনেকেই অনুমান করেন এবার এই সংস্থার হিন্দি মেগাগুলিও তাহলে বন্ধ হয়ে যেতে পারে। এর মাঝেই খবর ফের এই প্রযোজনা সংস্থার নতুন হিন্দি মেগা আসছে। ‘সৈরাব’ নামে একটি নতুন মেগা আসছে। এই মেগা স্টার প্লাসে দেখা যাবে। এটি এই সংস্থার পঞ্চম হিন্দি প্রযোজনা।
ইতিমধ্যেই ধারাবাহিকের প্রথম ঝলক প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা গিয়েছে এক গায়কের জীবনের গল্প তুলে ধরা হবে। প্রোমো দেখে অনেকেরই অনুমান করেছেন মেগায় ত্রিকোণ প্রেমের গল্প দেখানো হবে। এক গায়কের প্রেমে পড়ে এক তরুণী। কিন্তু সেই গায়ক আসলে নাকি তরুণীর মায়ের প্রতি আকৃষ্ট! এই প্রসঙ্গে লীনা আনন্দবাজার ডট কমকে বলেন, ‘এ রকম কিছুই দেখানো হচ্ছে না। গল্পে ত্রিকোণ প্রেম বা পরকীয়া নেই। এখানেও বাঙালি অভিনেতারা অভিনয় করবেন। বাঙালি পরিবারের গল্প দেখানো হবে।’
এই মেগায় নায়কের চরিত্রে দেখা যাবে রোহিত চন্দেলকে। ধারাবাহিকে তাঁর চরিত্রের নাম ‘ইশান’। ‘নয়নিকা’র ভূমিকায় অভিনয় করবেন মদিরাক্ষী মুন্ডলে। পর্দায় তিনি চিকিৎসক। এক সময় সে এই গায়কের হারানো কণ্ঠস্বর ফিরিয়ে দিয়েছিল! সে সিঙ্গল মাদার। এই মেগা ২ জুন থেকে আসছে স্টার প্লাসে।
লীনার অন্যান্য হিন্দি মেগার মতো এই ধারাবাহিকেও থাকবে ভরপুর বাঙালিয়ানা। এখানেও বহু বাঙালি অভিনেতা অভিনেত্রীকে দেখা যাবে। থাকবে দুর্গাপুজোর আবহ ও হাওড়া ব্রিজও। প্রোমোতে এর ঝলকও দেখা গিয়েছে
কিন্তু বাংলা মেগা তা নিয়ে কী ভাবছেন লীনা? 'ভোলাবাবা পার করেগা' বন্ধ হয় তার পাশাপাশি বন্ধ হয়ে যায় এই সংস্থার আরও এক ধারাবাহিক 'চিরসখা'ও। সেই নিয়ে কম জলঘোলাও হয়নি। এমনকী লীনা যে যে মেগার লেখিকা সেই সব মেগা নিয়েও প্রশ্ন ওঠে। শেষে জানানো হয়, তিনি লেখিকা হিসেবেও যদি কোনও মেগার সঙ্গে যুক্ত থাকেন সেই মেগাও বন্ধ হয়ে যেতে পারে। যদিও পরে লীনা সেই সব মেগা থেকে সরে যান। কিন্তু আবার কবে বাংলা মেগা নিয়ে ফিরবেন তিনি? সেই প্রসঙ্গে লীনা বলেন, ‘যথা সময়ে সবাই সব জানতে পারবেন।’
E-Paper

