মনস্তাত্ত্বিক থ্রিলারে মধুমিতা! রহস্যে মোড়া ছবিতে, চরিত্রে বিশেষ চমক নায়িকার
টলিপাড়ার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। অবশেষে সামনে এল নায়িকার নতুন কাজের খবর। মধুমিতার নতুন ছবি আসছে।
টলিপাড়ার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। ছোটপর্দার হাত ধরে পথ চলা শুরু করলেও, ওটিটি থেকে বড়পর্দা সব ক্ষেত্রেই দাপটের সঙ্গে কাজ করে চলেছেন নায়িকা। বেশ কিছুটা বিরতির পর ছোটপর্দায় ফিরেছিলেন মধুমিতা, ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের হাত ধরে। কিন্তু তারপর এই মেগা থেকে সরে যান নায়িকা। তিনি জানান আপাতত তিনি মেগা নয় বরং ছবি ও ওটিটিতেই মনোনিবেশ করতে চান। তারপর থেকেই নায়িকার অনুরাগীরা তাঁর নতুন কাজের অপেক্ষায় ছিলেন। অবশেষে সামনে এল নায়িকার নতুন কাজের খবর। মধুমিতার নতুন ছবি আসছে।

নায়িকার নতুন ছবির নাম ‘141 Church Street’। ছবির ফার্স্ট লুক সামনে আনলেন নির্মাতারা। ছবিটি মূলত একটি রহস্যে মোড়া মনস্তাত্ত্বিক থ্রিলার। গল্পে সম্পর্কের টানাপোড়েন, মানসিক অস্থিরতা এবং চাপা অন্ধকার ধীরে ধীরে এক ভয়ঙ্কর রূপ নেয়।
গল্পের কেন্দ্রে রয়েছে 'আরাত্রিকা'। সে এই '১৪১ চার্চ স্ট্রিট' ঠিকানার মালকিন। অত্যন্ত রাগী, একগুঁয়ে এবং মানসিক ভাবে অস্থির এক নারী, যার ভিতরে বহু বছর ধরে বাসা বেঁধে আছে এক গভীর মানসিক সমস্যা। তার আচরণ ক্রমশ অস্বাভাবিক এবং ভয়ের হয়ে উঠতে থাকে।
অন্যদিকে তানিয়া, ছবির নায়িকা, আসে তাদের ছোট মেয়ের দেখাশোনা করতে। প্রথমে সব কিছু স্বাভাবিক মনে হলেও ধীরে ধীরে তানিয়া বুঝতে পারে যে এই বাড়ির পরিবেশের ভিতরে লুকিয়ে আছে এক অদ্ভুত অস্বস্তি। সময়ের সঙ্গে সঙ্গে তানিয়ার সঙ্গে আরাত্রিকার স্বামীর একটি সহজ ও আন্তরিক বন্ধুত্ব গড়ে ওঠে।
কিন্তু সেই সম্পর্কও সহ্য করতে পারে না আরাত্রিকা। সন্দেহ, হিংসা এবং মানসিক অস্থিরতায় আক্রান্ত হয়ে সে ধীরে ধীরে তানিয়ার উপর মানসিক অত্যাচার শুরু করে। ছোট ছোট অপমান থেকে শুরু করে ভয়ঙ্কর মানসিক নির্যাতন, সব কিছুই ক্রমশ আরও অন্ধকার হয়ে উঠতে থাকে।
এরপর ধীরে ধীরে প্রকাশ পেতে শুরু করে বহুদিনের চাপা সত্য। কেন আরাত্রিকা এমন আচরণ করে, তার অতীতের কোন ভয়াবহ ঘটনা তাকে এই অবস্থায় নিয়ে এসেছে, এবং '141 Church Street'-এর দেয়ালের আড়ালে ঠিক কী লুকিয়ে আছে—সেই রহস্য যা ধীরে ধীরে উন্মোচিত হয়। শেষ পর্যন্ত এই তিনটি চরিত্রের সম্পর্ক কোন ভয়ঙ্কর পরিণতির দিকে এগোয়, সেটাই এই ছবির মূল রহস্য। ছবিতে তানিয়ার চরিত্রে দেখা যাবে মধুমিতাকে।
ছবিটি প্রযোজনা করেছে মুভিং রিলস এন্টারটেইনমেন্ট, প্রযোজক শরবানি বসু চৌধুরী। ছবিটি পরিচালনা করেছেন সায়ন বসু চৌধুরী। ছবির শ্যুটিং শুরু হবে চলতি বছরের জুলাই থেকে। কলকাতা ও নর্থ বেঙ্গলের বেশ কিছু জায়গা মিলিয়ে হবে কাজ।
E-Paper

