‘হতে পারে ওরা তারকা…’! ভিমল ইলাইচি বিজ্ঞাপন নিয়ে শাহরুখ-অজয়-টাইগারকে ‘আইনভঙ্গকারী’ বললেন FDA কমিশনার

ভিমল ইলাইচির বিজ্ঞাপন নিয়ে শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফকে শোকজ নোটিস দিয়েছিল মহারাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। এবার এই মামলায় মুখ খুললেন FDA কমিশনার তুকারাম মুন্ধে।

Published on: Sep 18, 2026, 19:30:03 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

মহারাষ্ট্র ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (FDA) কমিশনার তুকারাম মুন্ধে বর্তমানে রাজ্যে খাদ্য নিরাপত্তা নিয়ে কড়া পদক্ষেপের জন্য চর্চায় রয়েছেন। এবার শাহরুখ খান, অজয় দেবগণ ও টাইগার শ্রফকে ভিমল ইলাইচির বিজ্ঞাপন নিয়ে পাঠানো শোকজ নোটিস প্রসঙ্গে মুখ খুললেন তিনি। তাঁর দাবি, বিজ্ঞাপনের মাধ্যমে নিয়ম ভাঙলে শুধু প্রস্তুতকারক সংস্থাই নয়, সেই বিজ্ঞাপনে থাকা ব্যক্তি বা প্রতিষ্ঠানও দায়ী হতে পারেন।

শাহরুখ-অজয়-টাইগারকে ‘আইনভঙ্গকারী’ বললেন তুকারাম মুন্ধে
শাহরুখ-অজয়-টাইগারকে ‘আইনভঙ্গকারী’ বললেন তুকারাম মুন্ধে

এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তুকারাম মুন্ধে বলেন, ‘আপনাদের কাছে তাঁরা তারকা হতে পারেন, কিন্তু আমার কাছে তাঁরা সেই মানুষ, যাঁরা এই পণ্যের বিজ্ঞাপন করেছেন।’ তাঁর দাবি, আইন অনুযায়ীই তিন অভিনেতার বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে। তিনি বলেন, ‘আমি তাঁদের আইনভঙ্গকারী হিসেবে দেখি এবং আইন নিজের মতো করে কাজ করবে।’

তিন অভিনেতার মধ্যে কে নোটিসের জবাব দেননি?

তুকারাম মুন্ধে জানিয়েছেন, তিন অভিনেতার মধ্যে দু’জন নোটিসের জবাব দিয়েছেন এবং তাঁদের বক্তব্য খতিয়ে দেখা হবে। তবে একজন অভিনেতা এখনও নোটিসের জবাব দেননি বলে দাবি তাঁর। ওই অভিনেতা শাহরুখ খান কি না, প্রশ্ন করা হলে মুন্ধে বলেন, বিষয়টি তাঁর সহকারী কমিশনারের কাছে রয়েছে। তাই তিনি নিশ্চিতভাবে বলতে পারছেন না শাহরুখ জবাব দিয়েছেন কি না।

তবে তিনি স্পষ্ট করেছেন, যাঁরা জবাব দিয়েছেন, তাঁদের বক্তব্য শুনে পরবর্তী পদক্ষেপ করা হবে। আর যিনি জবাব দেননি, তাঁর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া হবে।

বিজ্ঞাপনে থাকা তারকাও কি দায়ী?

শুধু প্রস্তুতকারক সংস্থার ওপর দায় চাপানোর যুক্তির সঙ্গেও একমত নন তুকারাম মুন্ধে। তাঁর বক্তব্য, ফুড সেফটি আইনের আওতায় কোনও পণ্যের বিজ্ঞাপনকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানও নির্দিষ্ট পরিস্থিতিতে দায়বদ্ধ হতে পারেন।

তাঁর মতে, কোনও পণ্যের বিজ্ঞাপন করার আগে সেটি সম্পর্কে যথাযথ তথ্য যাচাই করা বিজ্ঞাপনে থাকা তারকা বা প্রতিষ্ঠানের দায়িত্বের মধ্যেও পড়ে। অর্থাৎ, কোনও পণ্যের প্রচারের সঙ্গে যুক্ত ব্যক্তিরাও সেই বিজ্ঞাপনের বিষয়বস্তু সম্পর্কে সতর্ক থাকবেন—এটাই তাঁর বক্তব্য।

প্রসঙ্গত, গত ১১ অগস্ট শাহরুখ খান, অজয় দেবগণ ও টাইগার শ্রফকে ভিমল ইলাইচির বিজ্ঞাপন নিয়ে শোকজ নোটিস পাঠিয়েছিল মহারাষ্ট্র FDA। ১৫ দিনের মধ্যে তাঁদের জবাব দিতে বলা হয়েছিল।

শাহরুখ, অজয় ও টাইগারের কাজ

কাজের দিক থেকে শাহরুখ খানকে শেষবার ২০২৩ সালের ‘ডানকি’ ছবিতে দেখা গিয়েছিল। এরপর তাঁর নতুন ছবি হিসেবে ‘কিং’ নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ রয়েছে। ছবিতে শাহরুখের সঙ্গে রয়েছেন সুহানা খান, দীপিকা পাড়ুকোন এবং অনিল কাপুর।

অন্যদিকে, অজয় দেবগণের হাতে রয়েছে ‘দৃশ্যম ৩’ এবং ‘গোলমাল ৫’-এর মতো ছবি। ‘দৃশ্যম ৩’-এ অজয়ের সঙ্গে দেখা যাবে তব্বু ও শ্রিয়া শরণকে। ‘গোলমাল ৫’-এ অজয়ের পাশাপাশি থাকবেন অক্ষয় খান্না, আরশাদ ওয়ারসি, তুষার কাপুর, শ্রেয়স তলপড়ে-সহ একাধিক অভিনেতা।

টাইগার শ্রফকে শেষবার ‘বাগি ৪’-এ দেখা গিয়েছিল। এবার তাঁকে ‘লগ যা গলে’ ছবিতে দেখা যাবে। ছবিটি ২০২৭ সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More