নৌসেনা অফিসার নন, নামজাদা UK-এর কোম্পানির মেরিন ইঞ্জিনিয়ার! নভেম্বরেই আইনি বিয়ে, কে মিমির হবু বর সিদ্ধার্থ?
নৌসেনা নয়, মেরিন ইঞ্জিনিয়ার মিমির হবু বর! নভেম্বরে বিয়ে, চিনুন সিদ্ধার্থ দত্তকে। কলকাতার ছেলেই মন চুরি করল জলপাইগুড়ির মেয়ের।
টলিউড সুন্দরী মিমি চক্রবর্তীর বিয়ের সানাই বাজল বলে! এতদিন যিনি নিজের ব্যক্তিগত জীবনকে লাইমলাইটের আড়ালে সযত্নে লুকিয়ে রেখেছিলেন, সেই মিমির মন জয় করে নিয়েছেন কলকাতারই এক সুপুরুষ। খবর চাউর হতেই নেটপাড়ায় শুরু হয়েছিল জোর জল্পনা— কে এই পাত্র? একাংশের মতে তিনি নাকি ভারতীয় নৌসেনার (Indian Navy) উচ্চপদস্থ অফিসার! কিন্তু আসল তথ্য কিন্তু তা নয়। তিনি নৌসেনার জওয়ান বা অফিসার নন, পেশায় আন্তর্জাতিক স্তরের একজন সফল মেরিন ইঞ্জিনিয়ার (Marine Engineer)।

টালিউড সম্রাজ্ঞীর মন চুরি করা এই রাজপুত্রের নাম সিদ্ধার্থ দত্ত।

কে এই সিদ্ধার্থ দত্ত?
কলকাতার ছেলে সিদ্ধার্থের পড়াশোনা শহরের খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান ‘ক্যালকাটা বয়েজ স্কুল’ (Calcutta Boys' School) থেকে। এরপর নৌ-প্রকৌশল বা মেরিন ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা শেষ করে আন্তর্জাতিক মার্চেন্ট নেভি (Merchant Navy) দুনিয়ায় পা রাখেন তিনি। ২০০৮ সালের মার্চ মাস থেকে টানা যুক্ত রয়েছেন যুক্তরাজ্যের (UK) নামজাদা আন্তর্জাতিক শিপিং সংস্থা 'Shell Ship Management Limited'-এর সঙ্গে। শিক্ষানবিস হিসেবে ক্যারিয়ার শুরু করে দীর্ঘ বছরের অভিজ্ঞতা ও দক্ষতায় আজ তিনি সেই বহুজাতিক সংস্থার দায়িত্বশীল সিনিয়র মেরিন ইঞ্জিনিয়ার। বিশাল আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজের ইঞ্জিন রুম সামলানো এবং বিশ্বজুড়ে সমুদ্রে ভেসে বেড়ানোই তাঁর পেশা।
সোশাল মিডিয়ায় লুকিয়ে ছিল প্রেমের সূত্র:
বিনোদন জগতের আলো-ঝলমলে পরিবেশের থেকে সিদ্ধার্থের জীবন সম্পূর্ণ আলাদা। তবে রূপোলি পর্দার সঙ্গে সরাসরি যুক্ত না থাকলেও, টলিপাড়ার ভেতরের বেশ কয়েকজন তারকা বন্ধুর ঘনিষ্ঠ বৃত্তে তাঁর যাতায়াত ছিল। বিশেষ করে গত বছরের দুর্গাপুজোর আড্ডায় বন্ধুদের ভিড়ে মিমির পাশাপাশি হাসিমুখে দেখা মিলেছিল এই সিদ্ধার্থের! অনুরাগী ও মিডিয়ার নজর এড়িয়ে এতদিন বিষয়টি গোপন থাকলেও, সম্প্রতি দুজনের সম্পর্কের রসায়ন প্রকাশ্যে এসেছে। তবে জানতে অবাক হবেন, এখনও সিদ্ধার্থকে ইনস্টাগ্রামে ফলো করেন না মিমি। অন্তত নিজের ভ্যারিফায়েড প্রোফাইল থেকে। ডুবে ডুবে জল খেতেই যে সেই বন্দোবস্ত তা আর বলতে!
নভেম্বরেই আইনি বিয়ে:
শোনা যাচ্ছে, বিয়ের প্রস্তুতি ইতিমধ্যেই তুঙ্গে। নিকটাত্মীয় এবং বন্ধুবান্ধবদের কাছে নাকি খবর পৌঁছে গিয়েছে। চলতি বছরের আগামী নভেম্বর মাসেই আইনি রেজিস্ট্রি সারবেন মিমি ও সিদ্ধার্থ। এরপর কনকনে শীতে, অর্থাৎ ডিসেম্বর মাসে পাহাড়ি শৈলশহর কালিম্পংয়ে বসবে তাঁদের চোখধাঁধানো ‘ডেস্টিনেশন ওয়েডিং’-এর আসর।
এতদিন কাজ আর পোষ্যদের নিয়ে ব্যস্ত থাকা মিমির জীবনে এখন নতুন বসন্ত। সমুদ্র আর জাহাজ সামলানো সিদ্ধার্থের সঙ্গে টলিউড কুইনের এই রূপকথার বাঁধন দেখতে এখন অধীর আগ্রহে প্রহর গুনছেন অনুরাগীরা।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


