Messi-Aroop: ২০১১-র পর ফের ২০২৬, ইভিএম নয়, বাংলায় সরকার বদলে দায়ী মেসি! অরূপ হারতেই লিও-র প্রতিক্রিয়া চান অরিত্র
ভোটের বাজারে যখন সিরিয়াস রাজনীতির কচকচানি তুঙ্গে, তখন টলিপাড়ার বুদ্ধিজীবী আর অভিনেতাদের একাংশ যেন মেতেছেন এক অদ্ভুত রসিকতায়। ইভিএম বা জোটের সমীকরণ নয়, ২০২৬-এর বাংলার বিধানসভা নির্বাচনের ফলাফল নাকি লেখা হয়ে গিয়েছিল সুদূর আর্জেন্টিনার ফুটবল জাদুকর লিওনেল মেসির পায়েই!
২০২৬-এর বিধানসভা নির্বাচনে বাংলায় যখন রাজনৈতিক ভূমিকম্প ঘটে গিয়েছে, তখন সমাজমাধ্যমে এক অদ্ভুত সমাপতন খুঁজে পেলেন পরিচালক প্রতীম ডি গুপ্তা। তাঁর দাবি, বাংলার নির্বাচনের ভাগ্য ইভিএম দিয়ে নয়, বরং নির্ধারিত হয় লিওনেল মেসির ট্রাভেল ক্যালেন্ডার দিয়ে! আর এই রসিকতায় ঘি ঢাললেন অভিনেতা অরিত্র দত্ত বণিক।

প্রতীমের ‘মেসি-তত্ত্ব’:
প্রতীম তাঁর পোস্টে দুটি গুরুত্বপূর্ণ সময়ের কথা মনে করিয়ে দিয়েছেন:
২০১১ কলকাতা: মেসি শহরে এলেন, দীর্ঘ ৩৪ বছরের বাম জমানার পতন হলো।
২০২৫ কলকাতা: মেসি আবার কলকাতায় পা রাখলেন (ডিসেম্বর মাসে মেসির সফর), আর ২০২৬-এর ভোটেই রাজ্যে ক্ষমতা পরিবর্তন হলো।
প্রতীমের সাফ কথা, ‘ইভিএম বা এক্সিট পোল ভুলে যান। মেসিই আসল কারণ। তিনি এমনি এমনি সর্বকালের সেরা (GOAT) নন!’ যদিও প্রতীমের এই দাবি যথাযত নয়, পুরোপুরি। কারণ লিও মেসি ২০১১ সালে যখন কলকাতায় এসেছিলেন, ততক্ষণে বাম দূর্গ গুড়িয়ে বাংলায় ঘাসফুল ফুটিয়ে ফেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে অরূপ বিশ্বাসের হারের পর রাজনৈতিক বিশ্লেষকদের মত, মেসি-কাণ্ড অরূপের কফিনে শেষ পেরেক পুঁতেছ।
অরিত্রর ‘চক্রান্ত’ তত্ত্ব:
প্রতীমের এই পোস্টের রেশ ধরেই সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক এক ‘অভিযোগ’ তুললেন অরিত্র দত্ত বণিক। অরূপ বিশ্বাস বা অদিতি মুন্সীদের মতো তারকাদের হারের পর যখন সংবাদমাধ্যম প্রতিক্রিয়ার জন্য দৌড়ঝাঁপ করছে, তখন অরিত্রর নিশানায় খোদ লিও মেসি! তিনি ব্যঙ্গ করে লিখেছেন— ‘বাংলার প্রেস খুবই খারাপ, টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের রেজাল্ট ঘোষণা হয়ে গেলো কিন্তু লিও মেসির কোনো প্রতিক্রিয়া নেওয়া হলো না। চক্রান্ত!’
টালিগঞ্জ আর মেসির যোগসূত্র:
অরিত্রর এই পোস্টের লক্ষ্য ছিল মূলত টালিগঞ্জ কেন্দ্র এবং সেখানকার বিদায়ী বিধায়ক অরূপ বিশ্বাসের পরাজয়। ফুটবল পাগল টালিগঞ্জে সরকার বদলে যাওয়ার পর কেন মূল ‘কারিগর’ মেসির ইন্টারভিউ নেওয়া হলো না, তা নিয়ে তাঁর এই মস্করা নিমেষেই ভাইরাল হয়েছে। নেটিজেনদের একাংশের মতে, অরূপ-স্বরূপ বিশ্বাসের একাধিপত্য খতম হওয়ার দিনে অরিত্রর এই মন্তব্য যেন এক চিলতে হাসির খোরাক দিয়েছে।
নেটপাড়ার প্রতিক্রিয়া:
প্রতীম আর অরিত্রর এই যুগলবন্দী পোস্টে মজেছে বাঙালি। কেউ লিখেছেন, ‘সত্যিই তো, মেসির বাইট ছাড়া খবরটা অসম্পূর্ণ!’ আবার কেউ রসিকতা করে বলছেন, ‘পরের বার জেতার জন্য কি তবে নেইমারকে ডাকতে হবে?’
রাজনীতির সিরিয়াস পিচে মেসিকে টেনে এনে টলিপাড়ার এই ‘ম্যাচ’ এখন চর্চার কেন্দ্রবিন্দুতে।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


