‘ওনার আবার পছন্দ…’! হবু বরকে নিয়ে ইঙ্গিত মিমির! খোঁটা দিয়ে কী লিখলেন অঙ্কুশ?
আপাতত মিমি চক্রবর্তীর বিয়ে নিয়ে জল্পনা তুঙ্গে। ডিসেম্বরেই শুভকাজ সম্পন্ন হবে বলে জানা যাচ্ছে। এদিকে, ফের একবার ইঙ্গিতবাহী পোস্ট এল অভিনেত্রীর তরফ থেকে।
চলতি মাসেই খবর এসেছে যে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। আর স্বাভাবিকভাবেই টলিপাড়ার খ্যাতনামা নায়িকার বিয়ে নিয়ে উত্তেজনা। যদিও মিমি নিজেও গোটা ব্যাপারটা নিয়ে চুপ। যদিও পুরোপুরি চুপ বলা চলে না! কারণ, নিজের প্রোফাইলে বহুবার প্রেমিকের আভাস দিয়েছেন তিনি। শুধু সেই বিশেষ মানুষটার পরিচয়ই আড়াল করে রেখেছিলেন।

নো মেকআপ সেলফি পছন্দ নয় মিমির ‘ওনার’
এদিকে মঙ্গলবার রাতে ফের একবার মিমির মুখে তাঁর ভালোবাসার মানুষের কথা। নিজের বেশ অনেকগুলো সেলফি শেয়ার করে নিয়েছেন। আর ক্য়াপশনে লিখেছেন, ‘সেলফি কুমারী। বিনা মেকআপেরগুলো আমার পছন্দ, আর মেকআপওয়ালাগুলো ওনার’।
ব্যস আর যায় কোথায়। মিমির বেস্ট ফ্রেন্ড অঙ্কুশ হাজির বন্ধুর লেগপুল করতে। কমেন্ট করলেন, ‘এই ওনার-টা কে?’ আর বন্ধুকে চুপ করিয়ে অভিনেত্রীর জবাব, ‘মাইন্ড ইয়োর ওন বিজনেস’। মিমি আর অঙ্কুশের খুনসুটি এভাবেই চলতে থাকে হামেশা। তবে আপাতত সকলের নজর মিমির এই ‘ওনার’ দিকেই। কারণ, ডিসেম্বরে বিয়ে। এবার তো একটু নায়িকার প্রেমের খবর জানতে আগ্রহ হয় বৈ কি!
মিমির হবু বর নৌসেনা অফিসার
জানা গিয়েছে যে নভেম্বরে বাগদান ও রেজিস্ট্রি করছেন মিমি। আর ডিসেম্বরে বিয়ে। তাও আবার ডেস্টিনেশন ওয়েডিং। কালিম্পংয়েই চার হাত এক হবে। আসলে জলপাইগুড়ির মেয়ে মিমি। পাহাড় ভালোবাসেন, বলা চলে নায়িকার পায়ের তলায় সর্ষে।
আপাতত শুধু জানা গিয়েছে যে, মিমির হবু বর নৌসেনায় কাজ করেন। নাম সিদ্ধার্থ। মিমির টলিপাড়ার বন্ধুদের সঙ্গে এক পুজো আড্ডায় সিদ্ধার্থ হাজিরও ছিলেন। এমনকী, সেলফিতেও ধরা দিয়েছিলেন। শুধু ব্যাপারটা গোপন থাকায় কারও নজরে আসেননি।
মিমি-রাজের ছবির শ্যুট শুরু
এদিকে মিমি খবরে রয়েছেন তাঁর নতুন কাজ নিয়েও। ১১ বছরের দীর্ঘ বিরতির পর রাজ চক্রবর্তীর প্রযোজনায় কাজ করতে চলেছেন। পরিচালনা করবেন অয়ন চক্রবর্তী। ছবির নাম 'তাণ্ডব'। ২০১৫ সালে রাজ চক্রবর্তীর পরিচালনায় 'কাটমুণ্ডু' ছবিতে শেষবার কাজ করেছিলেন মিমি। সেই সময় দুজনের মধ্যে ছিল গভীর প্রেম। ঠিক পরের বছর অর্থাৎ ২০১৬ সালের আগস্ট মাসে তাঁদের বিচ্ছেদের খবর সামনে আসে।
তবে অতীত পিছনে ফেলে এসেছেন রাজ-মিমি দুজনেই। রাজ তো শুভশ্রীর সঙ্গে সংসারই পেতে ফেলেছেন। বর্তমানে তাঁরা দুই সন্তানের বাবা-মা। অন্যদিকে, রাজের সঙ্গে বিচ্ছেদের পর সেভাবে মিমির প্রেমের খবর সামনে আসেনি। নায়িকারও ব্যক্তিগত জীবনকে একেবারে লাইমলাইট থেকে দূরে রেখে দিয়েছিলেন।
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper


