৮ বছর বয়সে কাজ শুরু, দিনে আয় মাত্র ১০-২০ টাকা! ক্লাসে ফার্স্ট হতেন, তাও ষষ্ঠ শ্রেণির পর পড়াশোনা ছাড়তে হয় মুনাওয়ারকে

আজ তিনি পরিচিত মুখ, রিয়্যালিটি শোয়ের মঞ্চে একাধিকবার জিতেছেন ট্রফি। অথচ মুনাওয়ার ফারুকির জীবনের শুরুটা ছিল অত্যন্ত কঠিন। মাত্র ৮ বছর বয়সে সংসারের প্রয়োজনে কাজে নামতে হয়েছিল তাঁকে। দিনে রোজগার করতেন মাত্র ১০-২০ টাকা। আর্থিক অনটনের কারণে ষষ্ঠ শ্রেণির পর বন্ধ হয়ে যায় পড়াশোনাও।

Published on: Nov 11, 2026, 15:06:47 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

আজ তিনি জনপ্রিয় কমেডিয়ান। ‘লক আপ’ থেকে ‘বিগ বস ১৭’, একের পর এক রিয়্যালিটি শো জিতে পরিচিতি পেয়েছেন মুনাওয়ার ফারুকি। কিন্তু সাফল্যের এই জায়গায় পৌঁছনোর পথ মোটেও সহজ ছিল না। ছোটবেলা থেকেই সংসারের দায়িত্ব কাঁধে তুলে নিতে হয়েছিল তাঁকে। মাত্র আট বছর বয়সে কাজ শুরু করেন মুনাওয়ার। তখন প্রতিদিন তাঁর রোজগার ছিল মাত্র ১০ থেকে ২০ টাকা। সম্প্রতি প্রাক্তন টেনিস তারকা সানিয়া মির্জার পডকাস্ট ‘সার্ভিং ইট আপ উইথ সানিয়া’-তে নিজের জীবনের সেই কঠিন দিনগুলির কথা তুলে ধরেছেন তিনি।

অর্থের অভাবে ছাড়েন লেখাপড়া, মাত্র ৮ বছর বয়স থেকে চাকর করছেন মুনাওয়ার।
অর্থের অভাবে ছাড়েন লেখাপড়া, মাত্র ৮ বছর বয়স থেকে চাকর করছেন মুনাওয়ার।

প্রথম কাজের অভিজ্ঞতা ভাগ করে নিয়ে মুনাওয়ার জানান, আট বছর বয়সে একটি ছোট দোকানে বিভিন্ন জিনিস বিক্রি করতেন তিনি। সেখান থেকে দিনে ১০-২০ টাকা উপার্জন হত। ১১ বছর বয়সে একটি উপহারের দোকানেও কাজ শুরু করেন। সেখানে দু' থেকে চার মাস কাজ করেছিলেন। তবে তাঁর প্রথম নিয়মিত কাজ ছিল একটি বাসনপত্রের দোকানে।

ষষ্ঠ শ্রেণির পর বন্ধ পড়াশোনা

ছোটবেলায় পড়াশোনায় যথেষ্ট ভালো ছিলেন মুনাওয়ার। এমনকী ক্লাসে প্রথমও হতেন তিনি। কিন্তু পরিবারের আর্থিক পরিস্থিতির কারণে ষষ্ঠ শ্রেণির পর আর পড়াশোনা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। পডকাস্টে মুনাওয়ার জানান, পড়াশোনা করতে চাইলেও পরিস্থিতি তাঁকে সেই সুযোগ দেয়নি। তবে পিছনে ফিরে তাকালে পড়াশোনা ছেড়ে দেওয়ার জন্য বিশেষ আক্ষেপ হয় না তাঁর।

মুনাওয়ারের কথায়, কাজ করতে তিনি ভীষণ ভালোবাসেন। প্রতিদিন কাজ করতে পারলে তাঁর কোনও ক্লান্তি আসে না। ছুটি কাটানোর চেয়ে উপার্জন করা এবং পরিশ্রম করতেই বেশি পছন্দ করেন তিনি। অনেকে তাঁকে অতিরিক্ত পরিশ্রমী বললেও তাঁর মতে, প্রত্যেকেই নিজের জায়গা থেকে পরিশ্রম করেন।

কীভাবে সাফল্যের মুখ দেখলেন মুনাওয়ার?

গুজরাতের জুনাগড় থেকে কিশোর বয়সে মুম্বইয়ে চলে আসেন মুনাওয়ার। মায়ের মৃত্যুর পর পরিবারের পাশে দাঁড়াতে একাধিক কাজ করতে হয়েছিল তাঁকে। পরবর্তীতে স্ট্যান্ড আপ কমেডি এবং ডিজিটাল কনটেন্টের মাধ্যমে নিজের পরিচিতি তৈরি করেন। ২০২২ সালে ‘লক আপ’-এর প্রথম সিজনে জয়ী হওয়ার পর তাঁর জনপ্রিয়তা আরও বাড়ে। এরপর ২০২৪ সালের জানুয়ারিতে ‘বিগ বস ১৭’-এর ট্রফিও জেতেন তিনি। সম্প্রতি ‘দ্য ট্রেইটার্স ইন্ডিয়া ২’-তেও অংশ নিয়েছেন মুনাওয়ার।

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More