Neha-Sunudhi: ‘না পেলে আঙুর ফল টক’, সুনিধি চৌহানকে কটাক্ষ নেহা কক্করের!তেড়ে এল গায়িকার ভক্তরা
তাঁর গান শুনে বড় হয়েছে গোটা একটা প্রজন্ম। অলকা ইয়াগনিক-কবিতা কৃষ্ণমূর্তিদের পরবর্তী জমানায় সবচেয়ে চর্চিত মহিলা কণ্ঠশিল্পী নিঃসন্দেহে সুনিধি ও শ্রেয়া। তাঁদের পরস্পরের প্রতি সম্মান চোখে পড়ার মতো। সুনিধি চৌহানকে নিয়ে আচমকা তোপ দাগলেন ‘বেসুরো’ বলে ট্রোলড হওয়া নেহা কক্কর।
গানভিত্তিক রিয়্যালিটি শোয়ের সত্যতা ও অটোটিউনের ব্যবহার নিয়ে জলঘোলা অনেক দিনের। এর আগে প্রখ্যাত গায়িকা সুনিধি চৌহান (Sunidhi Chauhan) রিয়্যালিটি শো-কে ‘স্ক্রিপটেড’ বলে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছিলেন। তবে এবার সুনিধির সেই দাবিকে স্রেফ উড়িয়ে দিয়ে কড়া আক্রমণ শানালেন নেহা কক্কর (Neha Kakkar)। সিনিয়র গায়িকাকে ‘আঙুল ফল টক’ বলে কটাক্ষ করেন নেহা, যার জেরে ‘মিলে হো তুম হামসে’ গায়িকা নিজেই নেটিজেনদের তীব্র ক্ষোভের মুখে।

সুনিধির বিস্ফোরক অভিযোগ
সম্প্রতি শেখর সুমন এবং রাজ শামানির সঙ্গে আড্ডায় সুনিধি চৌহান রিয়্যালিটি শোয়ের গোপন হাঁড়ি হাটে ভেঙেছিলেন। তিনি জানান, বর্তমানে রিয়্যালিটি শোতে প্রতিযোগী ও বিচারকদের পারফর্ম্যান্সে অবাধে অটোটিউন ব্যবহার করা হচ্ছে। এছাড়া টিআরপির জন্য দর্শকদের আবেগ নিয়ে খেলা করা এবং শো-নির্মাতারা আগে থেকেই নির্দিষ্ট কোনও প্রতিযোগীকে মনপসন্দ প্রশংসা করার নির্দেশ দেন বলেই তিনি এসব রিয়্যালিটি শোয়ের বিচারক আসন থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন।
‘আমি ছেড়েছি বলেই টিআরপি পড়েছে!’
‘I-POPSTAR Volume 2’-এর লঞ্চে এসে সুনিধির সেই বিস্ফোরক অভিযোগের জবাবে পাল্টা চাবুক চালান নেহা কক্কর। রিয়্যালিটি শোয়ের জনপ্রিয়তা কমে যাওয়া প্রসঙ্গে গর্বের সাথে নেহা দাবি করেন, ‘আমি করা বন্ধ করে দিয়েছি বলেই রিয়্যালিটি শোয়ের টিআরপি কমে গেছে! আমি যতদিন করছিলাম, ততদিন টিআরপি ছিল একদম তুঙ্গে।’
‘আঙুর না পেলে আঙুর ফল টক!’
সুনিধি চৌহানের নাম না নিয়ে তাঁকে উদ্দেশ্য করে নেহা বলেন, যে যা খুশি বলতে পারে, কিন্তু এই শো কোনোভাবেই স্ক্রিপ্টেড নয়। চেনা শ্লেষাত্মক ভঙ্গিতে তিনি বলেন, 'দুঃখিত, তবে আমি বলতে চাই— 'আঙুর না পেলে আঙুর ফল টক!' মানুষ যখন নিজের মনের মতো কিছু পায় না, তখন তারা ওভাবেই বলে। যে আঙুর হাতে পায় না, তার কাছে ওটা টকই লাগবে। কারও জীবনের কষ্ট বা ব্যাকগ্রাউন্ড শুনে আমি যদি আবেগপ্রবণ হয়ে পড়ি, তবে সেটা একদম খাঁটি ও স্বাভাবিক।'
নেটপাড়ায় চরম ট্রোলড নেহা
সুনিধি চৌহানের মতো এক বিশ্ববরেণ্য গায়িকাকে এভাবে অসম্মান করায় তীব্র কটাক্ষের মুখে পড়েছেন নেহা। সমাজমাধ্যমে একজন লিখেছেন, ‘এই পর্যায়ের অহংকার আর ভ্রান্ত ধারণা সত্যিই মারাত্মক!’ অন্য এক নেটিজেনের মন্তব্য, ‘অত্যন্ত অপমানজনক! কক্কর পরিবারের কেউ স্টুডিওতেও ঠিকঠাক গাইতে পারে না, আর সুনিধি চৌহান ভারতের সেরা লাইভ কনসার্ট পারফর্ম করেন।’
তবে সমালোচকদের তোয়াক্কা না করে নতুন শোর প্রচারে ব্যস্ত নেহা কক্কর। সুনিধি বনাম নেহার এই লড়াইয়ে সুরের দুনিয়ায় নতুন করে তরজা শুরু হলো।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


