‘ছেলেবেলায় আরও মেয়েলি ছিলাম, বহু পুরুষ শ্লীলতাহানি করেছে’! বিগ বস বাংলায় বললেন নিরঞ্জন, জীতু-র উপর এই কারণেই রেগে যান

জীতু কমলের উপর নিরঞ্জনের অভিযোগ ছিল, গোপনাঙ্গে হাত দেওয়ার। এই নিয়ে শুধু বিগ বস বাংলার ঘরে নয়, বাইরেও চলে আলোচনা, সমালোচনা। এবার অনুষ্কা ও ঝিলমকে ছোটবেলা শ্লীলতাহানির শিকার হওয়ার কথা জানালেন নিরঞ্জন। 

Published on: Sep 29, 2026, 15:36:04 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

কদিন আগেই বিগ বসের ঘরে টাস্ক চলাকালীন জিতু কমলের সঙ্গে বিতর্কে জড়ান নিরঞ্জন মণ্ডল। নিরঞ্জনের কোমরে বাঁধা একটা স্কার্ফ নিয়ে টানাটানির সময় নিরঞ্জনের অভিযোগ ছিল, জীতু তাঁর গোপনাঙ্গে হাত দিয়েছে। এদিকে, জীতু ক্রমাগত ব্যাপরটা অস্বীকার করে যেতে থাকে। যা নিয়ে নিরঞ্জন আরও মেজাজ হারান। নিজের হাতে থাকা বোতল ছুঁড়ে মারেন, বিগ বসের ঘরে থাকা একটি গাছের টবও।

'বহু পুরুষ আমায় শ্লীলতাহানি করেছে', বিগ বসের ঘরে জীতু-কাণ্ডে মুখ খুললেন নিরঞ্জন।
'বহু পুরুষ আমায় শ্লীলতাহানি করেছে', বিগ বসের ঘরে জীতু-কাণ্ডে মুখ খুললেন নিরঞ্জন।

এরপর সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের কাছে দাদার দরবার চলাকালীন এই কারণে সমালোচনার মুখেও পড়েন নিরঞ্জন। তাঁকে সৌরভের উপদেশ, টাস্ক চলাকালীন যদি এমন ঘটনা ঘটে, সেটিকে ইস্যু না বানানোর। এবার নিরঞ্জন ঘরের দুই সদস্য অনুষ্কা ও ঝিলমের সামনে জানালেন যে, কেন সেদিন অতটা রেগে গিয়েছিলেন তিনি।

নিরঞ্জন অনুষ্কাকে বলেন, ‘আমি সবার কাছে কেন ভিলেন হয়ে গেলাম’। তাতে অনুষ্কা জীতুর নাম নেন। আর এরপর নিরঞ্জন জানান, ছোটবেলাকার কিছু খারাপ অভিজ্ঞতার কারণেই সেদিন নিজেকে আটকাতে পারেননি। নিরঞ্জন বলেন, ‘সেদিন জীতুর সঙ্গে যেটা হয়েছে সেটা তখনই মিটে যেত যদি জীতু এগিয়ে এসে নিজের ভুল স্বীকার করত। বলত, ভাই হয়ে গিয়েছে কিছু মনে করিস না। টাস্কের সময় লাগতেই পারে। কিন্তু যেটা আমাকে ট্রিগার করল, আমি যখন চিৎকার করলাম, তখনও কিন্তু আমি টব আর বোতল ফেলিনি। আর জীতুদা দাঁড়িয়ে বলে চলেছে, 'ও মিথ্য়া বলছে'। এই 'মিথ্যে বলছে' কথাটা আমায় ট্রিগার করেছে।’

‘এবার তোর মনে হতে পারে, কেন আমাকে ট্রিগার করল। ছোটবেলা আমাকে অনেকে পুরুষ মলেস্ট করেছে। যেহেতু তখন আমার মধ্যে ফেমিনিন (মেয়েলি) ব্যাপারটা ছিল, এখনও আমার মধ্যে কিছু ফেমিনিন স্বভাব আছে। কিন্তু তখন আরও বেশি ছিল। আর যেহেতু আমি ওরকম ছিলাম, যখনই আমি নিজের জন্য স্ট্যান্ড নিতাম, তখন সেই লোকগুলো নিজেদের বাঁচাতে আমাকে মিথ্যেবাদী বলত। আমি আড়াইদিন কথা বলিনি কারও সাথে। লোকজনের মনে হতেই পারে আমি ওভার রয়্যাক্ট করেছি। কিছু জিনিস তো আমি ন্যাশনাল টেলিভিশনে লোকের সামনে বলতে আটকাব। তার মানে এই নয় যে নিজের মধ্যে যেটা চলছে সেটাকেও আটকাতে পারব। আমার ইচ্ছে করছিল না কারও সঙ্গে কথা বলতে।’, আরও বলেন নিরঞ্জন।

প্রসঙ্গত, নিরঞ্জন 'লাফটারসেন' নামেই পরিচিত সোশ্যাল মিডিয়ায়। ২০২৬ সালে তিনি কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে হেঁটে নজর কেড়েছিলেন। তবে বিগ বস বাংলায় নিরঞ্জনকে নিয়ে হতাশ তাঁর অনেক অনুরাগীই। তাঁদের অভিযোগ, খেলায় একেবারেই মন নেই নিরঞ্জনের। হয় এক কোনে বসে থাকেন, আর নয়তো ঝিলমের সঙ্গে সারাদিন অন্য প্রতিযোগীদের নামে করেন সমলোচনা।

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More