Ranbir Kapoor: 'অ্যানিমাল'-এর মতো ছবি আর করবেন না, ‘রাম’ রণবীর কাপুরকে পরামর্শ 'মহাভারত'-এর কৃষ্ণ নীতীশ ভরদ্বাজের

রামায়ণ-এর ট্রেলার দেখে মুগ্ধ নীতীশ ভরদ্বাজ। তবে রামের চরিত্রে অভিনয়ের পর রণবীর কাপুরকে আর অ্যানিমাল-এর মতো ছবিতে কাজ না করার অনুরোধ জানালেন তিনি।

Published on: Jul 31, 2026, 11:55:28 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

‘মহাভারত’-এ ভগবান কৃষ্ণের চরিত্রে অভিনয় করে জনপ্রিয় হওয়া নীতীশ ভরদ্বাজ সম্প্রতি ইনস্টাগ্রামে ‘রামায়ণ’-এর ট্রেলার নিয়ে নিজের প্রতিক্রিয়া জানান। পরিচালক নীতীশ তিওয়ারির প্রশংসা করে তিনি লেখেন, এই ছবি বিশ্বমঞ্চে ভারতীয় সিনেমার মর্যাদা আরও বাড়াবে। প্রোডাকশন ডিজাইন, সিনেমাটোগ্রাফি, ভিএফএক্স, এআই-এর ব্যবহার এবং সুরকার হ্যান্স জিমারের সঙ্গীত সহযোগিতারও ভূয়সী প্রশংসা করেন তিনি। রণবীর কাপুর ও যশের অভিনয় নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করেন।

রণবীর কাপুর। (AP)
রণবীর কাপুর। (AP)

‘রামের পর আর অ্যানিমাল নয়’

প্রশংসার পাশাপাশি রণবীর কাপুরকে একটি বিশেষ পরামর্শও দেন নীতীশ। তাঁর মতে, ‘রামায়ণ’-এ রামের মতো ঐতিহাসিক ও ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের পর অভিনেতার সামাজিক দায়িত্ব আরও বেড়ে যায়। তাই তিনি লেখেন, রণবীর যেন ভবিষ্যতে ‘অ্যানিমাল’-এর মতো ছবি না করেন, যত বড় পারিশ্রমিকের প্রস্তাবই আসুক না কেন। তাঁর কথায়, ভারতের ঐতিহ্য, সংস্কৃতি ও মূল্যবোধকে তুলে ধরার মতো অসংখ্য গল্প রয়েছে, যা একজন অভিনেতার প্রতিভা প্রকাশের জন্য যথেষ্ট।

সাই পল্লবীকে সীতা হিসেবে গ্রহণ করার আবেদন

নীতীশ ভরদ্বাজ আশা প্রকাশ করেন, দর্শকরা সাই পল্লবীকে সীতার চরিত্রে আন্তরিকভাবে গ্রহণ করবেন। একই সঙ্গে তিনি জানান, ছবিতে যদি তুলসীদাসের রামচরিতমানস-এর চৌপাই এবং মৃদঙ্গ-করতালের সুরের ব্যবহার থাকে, তাহলে তা ভারতীয় দর্শকদের আবেগের সঙ্গে আরও গভীরভাবে সংযোগ তৈরি করবে। তিনি আরও বলেন, পরিচালক নীতীশ তিওয়ারির এই প্রচেষ্টাকে সম্মান জানাতে তিনি অন্তত পাঁচবার রামায়ণ দেখতে চান।

'রামায়ণ'-এর ট্রেলারে কী দেখা গেল?

ট্রেলারের শুরুতেই যশ অভিনীত রাবণ নিজেকে ত্রিলোকের অধিপতি হিসেবে ঘোষণা করে। তার অত্যাচারে বিপর্যস্ত পৃথিবীকে রক্ষা করতে ভগবান বিষ্ণু রামের অবতার ধারণ করেন। এরপর ট্রেলারে দেখা যায় রণবীর কাপুর তথা রামকে। সঙ্গে অসুরদের বিরুদ্ধে যুদ্ধ, প্রজাদের রক্ষা এবং সীতার সঙ্গে তাঁর বিবাহের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলির ঝলক। ছবির ভিজ্যুয়াল, অ্যাকশন এবং পৌরাণিক আবহ ইতিমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More