OMG 2 Controversy: অক্ষয়ের নাম নিয়ে বড় দাবি! ‘ওএমজি ২’ বিতর্কে পরেশ রাওয়ালকে তুলোধোনা প্রযোজকের

‘ওএমজি ২’ নিয়ে পরেশ রাওয়ালের সাম্প্রতিক মন্তব্য ঘিরে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। এবার অভিনেতার অভিযোগকে ‘অসত্য ও ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়ে মুখ খুললেন ছবির প্রযোজক অশ্বিন ভার্দে। পাশাপাশি, ছবির চিত্রনাট্য ও মেধাস্বত্ব নিয়ে একাধিক বিস্ফোরক দাবি করেছেন তিনি।

Published on: Jul 17, 2026, 19:30:40 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

সম্প্রতি ২০২৩ সালের ব্লকবাস্টার ছবি ‘ওএমজি ২’-এর আসল কৃতিত্ব এবং গল্প তাঁরই মস্তিষ্কপ্রসূত ছিল বলে এক বিস্ফোরক সাক্ষাৎকারে দাবি করেন পরেশ রাওয়াল। সঙ্গে আরও বলেন যে, অক্ষয়ের এন্ট্রির পরেই নাকি রাতারাতি বদলে যায় ছবির চিত্রনাট্য, এমনকী পরেশকে কোনও ক্রেডিট পর্যন্ত দেওয়া হয়নি! আর ‘ওএমজি ২’ নিয়ে পরেশ রাওয়ালের এই মন্তব্যকে সরাসরি খণ্ডন করলেন ছবির প্রযোজক অশ্বিন ভার্দে। অভিনেতার অভিযোগকে তিনি ‘বিস্ময়কর, অসত্য এবং সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে দাবি করেছেন। তাঁর কথায়, এই মন্তব্যের জেরেই ছবির তৈরির নেপথ্যের পুরো ঘটনাক্রম জনসমক্ষে তুলে ধরতে বাধ্য হয়েছেন তিনি।

পরেশের আনা গল্প চুরির অভিযোগ অসত্য, দাবি ওএমজি ২ প্রযোজকের।
পরেশের আনা গল্প চুরির অভিযোগ অসত্য, দাবি ওএমজি ২ প্রযোজকের।

ভার্দের দাবি, অভিনেতা পবন মালহোত্রার মাধ্যমেই তাঁর সঙ্গে লেখক-পরিচালক অমিত রাইয়ের পরিচয় হয়। প্রথমে অন্য একটি প্রকল্প নিয়ে আলোচনা হলেও, পরে অমিত রাই তাঁকে একটি নতুন গল্প শোনান, যা পরবর্তীতে ‘ওএমজি ২’-এর রূপ নেয়।

প্রযোজকের কথায়, গল্পটির মূল ভাবনা শুনেই তাঁর ‘ওএমজি’-র কথা মনে পড়ে। তিনি আরও দাবি করেন, পরেশ রাওয়াল নিজেই নাকি অমিত রাইকে প্রথম ছবির আবহ বজায় রেখে গল্পটি লেখার পরামর্শ দিয়েছিলেন। তবে ফ্র্যাঞ্চাইজির মেধাস্বত্ব (আইপি) নিয়ে শুরু থেকেই সতর্ক ছিলেন ভার্দে। তাঁর বক্তব্য, অক্ষয় কুমারের অনুমতি ছাড়া ‘ওএমজি’ ফ্র্যাঞ্চাইজির নতুন ছবি তৈরি করা সম্ভব নয়, কারণ ছবিটির আইপি স্বত্ব (Intellectual Property Rights) তাঁর কাছেই রয়েছে।

এখানেই থেমে থাকেননি ভার্দে। তাঁর অভিযোগ, পরেশ রাওয়াল অমিত রাইকে আশ্বস্ত করেছিলেন যে ওই মেধাস্বত্ব তাঁরই। এমনকি, অন্য নামে ‘ওএমজি’-র একটি সংস্করণ তৈরির চেষ্টাও করা হচ্ছিল বলে দাবি করেন তিনি। ভার্দের ভাষায়, এমন উদ্যোগ ছিল ‘অনৈতিক এবং অপেশাদারী’।

চিত্রনাট্য নিয়েও স্পষ্ট অবস্থান নিয়েছেন প্রযোজক। তাঁর দাবি, ‘ওএমজি ২’-এর সম্পূর্ণ চিত্রনাট্য অমিত রাইয়ের লেখা এবং সেটি তাঁর নামেই নিবন্ধিত। ভার্দে জানান, একাধিক অভিনেতার কাছে এই চিত্রনাট্য নিয়ে যাওয়া হলেও তাঁরা এটি গ্রহণ করেননি। কারণ, তাঁদের মতে, গল্পটির সঙ্গে ‘ওএমজি’-র স্পষ্ট মিল ছিল এবং সেটি অক্ষয় কুমারের ফ্র্যাঞ্চাইজির অংশ বলেই তাঁরা মনে করেছিলেন।

পরবর্তীতে ভার্দের সংস্থা ওয়াকাও ফিল্মস চিত্রনাট্যটির স্বত্ব কিনে নেয়। তাঁর দাবি, আজও চিত্রনাট্যটি অমিত রাইয়ের নামেই নিবন্ধিত রয়েছে এবং তিনিই ছবিটির একমাত্র লেখক। ভার্দে আরও বলেন, পুরো প্রক্রিয়ায় একাধিক বৈঠক হলেও পরেশ রাওয়াল কখনও লেখক হিসেবে নিজের কৃতিত্ব দাবি করেননি।

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More