ভারতে নিষিদ্ধ হবে ফাওয়াদ-মাহিরার 'জো বচে হ্যায় সঙ্গ সমেট লো? পাকিস্তানি সিরিজ নিয়ে নেটফ্লিক্সকে কড়া বার্তা কেন্দ্রের

ফাওয়াদ খান ও মাহিরা খানের নতুন সিরিজ 'জো বচে হ্যায় সঙ্গ সমেট লো' ঘিরে বিতর্ক ক্রমশ বাড়ছে। আগামী ৪ ডিসেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাওয়ার কথা এই পাকিস্তানি সিরিজের। কিন্তু ভারতে এর সম্প্রচার নিয়ে আপত্তি উঠতেই এবার নেটফ্লিক্সকে ২০২৫ সালের নির্দেশিকার কথা মনে করিয়ে দিল তথ্য ও সম্প্রচার মন্ত্রক।

Published on: Nov 26, 2026, 15:30:59 IST
As Prefered on
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

পাকিস্তানি বিনোদন জগতের পরিচিত মুখ ফাওয়াদ খান ও মাহিরা খানকে আবার একসঙ্গে পর্দায় দেখার অপেক্ষায় অনুরাগীরা। তাঁদের অভিনীত নতুন সিরিজ 'জো বচে হ্যায় সঙ্গ সমেট লো' নিয়ে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। কিন্তু সিরিজটি ঘিরে ভারতের পরিস্থিতি একেবারেই আলাদা। এর মুক্তির ঘোষণার পর থেকেই দেশে পাকিস্তানি কনটেন্ট সম্প্রচার নিয়ে আপত্তি উঠতে শুরু করেছে। এবার সেই বিতর্কে পদক্ষেপ করল কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক। ভারতীয় দর্শকদের জন্য পাকিস্তানি কনটেন্ট ব্লক করার বিষয়ে ২০২৫ সালের মে মাসে জারি করা নির্দেশিকা মেনে চলতে বলা হল নেটফ্লিক্সকেয

নেটফ্লিক্সে আসা পাকিস্তানি সিরিজ নিষিদ্ধ করবে কেন্দ্র? (Social Media)
নেটফ্লিক্সে আসা পাকিস্তানি সিরিজ নিষিদ্ধ করবে কেন্দ্র? (Social Media)

নেটফ্লিক্সকে ২০২৫ সালের নির্দেশিকা মনে করাল কেন্দ্র

গত বছর ৮ মে, অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানি কনটেন্ট নিয়ে একটি নির্দেশিকা জারি করেছিল কেন্দ্র। সেই নির্দেশ অনুযায়ী, ভারতীয় দর্শকদের জন্য পাকিস্তানের কোনও ধরনের কনটেন্ট সম্প্রচার না করার কথা বলা হয়েছিল। শুধু সিনেমা বা সিরিজ নয়, সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানি তারকাদের অ্যাকাউন্ট নিয়েও পদক্ষেপ করা হয়েছিল।

এই নির্দেশিকার পর ২০২৫ সালের জুন মাসে নেটফ্লিক্স তথ্য ও সম্প্রচার মন্ত্রককে জানিয়েছিল, ভারতের গ্রাহকদের জন্য তাদের প্ল্যাটফর্মে পাকিস্তানের কোনও ছবি বা সিরিজ উপলব্ধ নেই।

কিন্তু সম্প্রতি 'জো বচে হ্যায় সঙ্গ সমেট লো' নিয়ে একাধিক অভিযোগ জমা পড়েছে মন্ত্রকের কাছে। সেই পরিস্থিতিতে নেটফ্লিক্সকে আগের অবস্থান বজায় রাখার কথা মনে করিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ, ২০২৫ সালের জুনে ভারতীয় দর্শকদের জন্য পাকিস্তানি কনটেন্ট না রাখার যে অবস্থানের কথা জানিয়েছিল স্ট্রিমিং সংস্থাটি, সেই প্রতিশ্রুতি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।

কী নিয়ে বিতর্ক?

'জো বচে হ্যায় সঙ্গ সমেট লো' একটি রোম্যান্টিক ড্রামা সিরিজ। আগামী ৪ ডিসেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাওয়ার কথা রয়েছে এই সিরিজের। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে এর ট্রেলার। অভিনয় করছেন ফাওয়াদ খান, মাহিরা খান, হানিয়া আমির, সনম সইদ, আহদ রাজা মীর, হামজা আলি আব্বাসি এবং ইকরা আজিজের মতো জনপ্রিয় পাকিস্তানি তারকারা।

সিরিজটির মুক্তির খবর প্রকাশ্যে আসতেই ভারতে তা সম্প্রচার বন্ধ করার দাবি উঠতে শুরু করে। অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (AICWA) সহ একাধিক সংগঠন এই সিরিজের ভারতীয় মুক্তি আটকানোর দাবিতে সরব হয়েছে। এমনকী প্রধানমন্ত্রীকে চিঠি পাঠিয়েও পাকিস্তানি কনটেন্টের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি জানানো হয়েছে।

কী গল্প বলবে 'জো বচে হ্যায় সঙ্গ সমেট লো'?

প্রেমের গল্পকে কেন্দ্র করেই তৈরি হয়েছে এই সিরিজ। তবে এখানে শুধুমাত্র একটি প্রেমের কাহিনি নয়, বরং তিন প্রজন্মের জীবনের সঙ্গে জড়িয়ে থাকা ছয়টি আলাদা প্রেমের গল্প তুলে ধরা হবে। সিরিজটির পরিচালনা ও প্রযোজনার দায়িত্বে রয়েছেন মোমিনা দুরাইদ।

নির্মাতাদের পরিকল্পনা অনুযায়ী, বিশ্বের ১৯১টি দেশে সিরিজটি মুক্তি পাওয়ার কথা। কিন্তু ভারতের ক্ষেত্রে পরিস্থিতি অন্যরকম হতে পারে। কেন্দ্রীয় মন্ত্রকের তরফে নেটফ্লিক্সকে আগের নির্দেশিকা মেনে চলার কথা মনে করিয়ে দেওয়ায় এ দেশে সিরিজটির সম্প্রচার অনিশ্চিত হয়ে পড়েছে।

কী এই অপারেশন সিঁদুর?

২০২৫ সালের ৬ ও ৭ মে রাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে সামরিক অভিযান চালায় ভারতীয় সশস্ত্র বাহিনী। এই অভিযানের নাম দেওয়া হয়েছিল অপারেশন সিঁদুর।

এর আগে ২০২৫ সালের ২২ এপ্রিল পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলায় প্রাণ হারান ২৬ জন। সেই হামলার জবাব হিসেবেই অপারেশন সিঁদুর চালানো হয়েছিল। এই ঘটনার পর থেকেই ভারত-পাকিস্তান সম্পর্কের উত্তেজনা আরও বেড়ে যায়। তারই প্রভাব পড়ে দুই দেশের বিনোদন জগতের উপরেও। এবার সেই আবহেই ফাওয়াদ খান ও মাহিরা খানের নতুন সিরিজের ভারতীয় মুক্তি নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

ABOUT THE AUTHOR

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।