Papiya Adhikari: ‘বলে দর্শকরা খাবে…’! বাংলা ধারাবাহিকে আর দেখানো হবে না ‘পরকীয়া’, ঘোষণা পাপিয়ার
রূপ বিশ্বাসের ‘দূর্গে’ পালাবদল ঘটিয়ে টালিগঞ্জের বিধায়ক হয়েছেন পাপিয়া অধিকারী। ইতিমধ্যেই নতুন সরকারের তরফে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিজেপির চার বিধায়ক পাপিয়া অধিকারী, রুদ্রনীল ঘোষ, রূপা গঙ্গোপাধ্যায় ও হিরণ চট্টোপাধ্যায়ের উপর দায়িত্ব দিয়েছেন টলিউডকে সাজিয়ে গুছিয়ে নেওয়ার।
২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পাপিয়া অধিকারী বিজেপি প্রার্থী হিসেবে টালিগঞ্জ কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেছেন। ২০ বছর পর টালিগঞ্জের তৃণমূল কংগ্রেসের অরূপ বিশ্বাসের ‘দূর্গে’ পালাবদল ঘটিয়ে তিনি বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন। এরপর থেকে একাধিক মন্তব্য করে রীতিমতো ভাইরাল হয়েছেন পাপিয়া অধিকারী। এবার তিনি দাবি করলেন বাংলা সিরিয়াল থেকে ‘পরকীয়া’ মুছে ফেলবেন তিনি।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পাপিয়া বলেন, ‘দর্শকদের জন্য, আপনাদের ভালোলাগার জন্য কাজ করতে চাই। আপনারা এর আগে খুব বিরক্ত হয়েছেন। বারবার করে বলেছেন, এসব পরকীয়া আমরা আর দেখতে চাই না। কারণ এতে সংসারের ভারসাম্য নষ্ট হয়, এটা আপনারাই বলেছিলেন।’
‘যারা এসব বানায়, আমি তাদের জিজ্ঞাসা করেছিলাম, কেন এগুলো লেখ তোমরা, জবাব আসত, 'দর্শকরা এটা খাবে'! খাওয়ানোটা বড় কথা নয়, সে তো একটা বাচ্চাকেও জোর করে খাওয়ানো যায়। কিন্তু বাচ্চাকে যদি আমরা সুষম খাবার না দেই, তাহলে অপুষ্টি হয়। তেমনই ঠিকঠাক সুষম বিনোদন যেখানে আছে, সেই সমস্ত কনটেন্ট আমরা বানাব। মাথার নিউট্রিশন, চোখের নিউট্রিশন, মনের নিউট্রিশন।’, আরও বলেন পাপিয়া অধিকারী।
প্রসঙ্গত, ১৯৮৫ সালে রতিশ দে সরকার পরিচালিত 'সোনার সংসার' সিনেমার মাধ্যমে পাপিয়ার অভিনয় জীবন শুরু হয়। : তার অভিনীত জনপ্রিয় সিনেমাগুলোর মধ্যে রয়েছে 'মাদার ইন্ডিয়া', 'আমার মায়ের শপথ' (২০০৩), এবং 'শঙ্কা' (১৯৯৩)। চলচ্চিত্রের পাশাপাশি তিনি বহু জনপ্রিয় বাংলা টেলিভিশন ধারাবাহিকেও অভিনয় করেছেন। তবে দীর্ঘ সময় তিনি ছিলেন অভিনয় জগত থেকে দূর।
পশ্চিম বাংলায় সরকার বদলের পর টলিপাড়াতেও এখন পালা বদলের সময় এসেছে। ইতিমধ্যেই নতুন সরকারের তরফে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিজেপির চার বিধায়ক পাপিয়া অধিকারী, রুদ্রনীল ঘোষ, রূপা গঙ্গোপাধ্যায় ও হিরণ চট্টোপাধ্যায়ের উপর দায়িত্ব দিয়েছেন, বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে টলিউডের সব আরাজকতা বন্ধ করার। এমনকী বুধবার টেকনিশিয়ানদের সঙ্গে পাপিয়া অধিকারি একটি বৈঠকও করতে চলেছেন। এখন দেখার তাতে কী সিদ্ধান্ত নেওয়া হয়।
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper


