লালবাগচা রাজায় পরিণীতি! ভিডিয়ো কল করে গণপতি দর্শন করালেন বর রাঘব চাড্ডাকেও

ওয়েব সিরিজে ডেবিউর আগে লালবাগচা রাজার কাছে গণেশ দর্শনে গেলেন পরিণীতি চোপড়া। তবে একা নন, স্বামী রাঘব চাড্ডাকেও এই পুণ্যদর্শনের অংশ করে নিলেন অভিনেত্রী। মণ্ডপে পৌঁছে ভিডিও কল করে রাঘবকে গণেশ দর্শন করান পরিণীতি।

Published on: Sep 22, 2026, 11:06:43 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বলিউডের একাধিক তারকাকে সম্প্রতি মুম্বইয়ের লালবাগচা রাজার মণ্ডপে গণেশ দর্শন করতে দেখা গিয়েছে। শাহরুখ খান, রণবীর সিং, দীপিকা পাড়ুকোনের পর এবার বাপ্পার আশীর্বাদ নিতে সেখানে হাজির হলেন পরিণীতি চোপড়া। তবে পরিণীতির এই সফরে নজর কাড়ল তাঁর স্বামী রাঘব চাড্ডার উপস্থিতি না থেকেও দর্শনের অংশ হয়ে ওঠার বিষয়টি।

লালবাগচা রাজা দর্শনে পরিণীতি।
লালবাগচা রাজা দর্শনে পরিণীতি।

২১ সেপ্টেম্বর লালবাগচা রাজার মণ্ডপে যান পরিণীতি। গোলাপি রঙের অ্যানারকলি স্যুটে অভিনেত্রীকে দেখা যায়। সঙ্গে ছিল লম্বা স্টেটমেন্ট কানের দুল। মণ্ডপে পৌঁছে গণেশের মূর্তির সামনে দাঁড়িয়ে মুগ্ধ হয়ে বাপ্পার দর্শন করেন তিনি। তবে স্বামী রাঘব সেখানে উপস্থিত না থাকায় তাঁকে ভিডিও কল করেন পরিণীতি। ফোনের মাধ্যমে রাঘবও গণেশের দর্শন করেন এবং আশীর্বাদ নেন।

পরিণীতির আগে পরিবারকে সঙ্গে নিয়ে লালবাগচা রাজার দর্শনে গিয়েছিলেন শাহরুখ খান। তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী গৌরী খান ও মেয়ে সুহানা খান। রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনও পরিবারের সঙ্গে সেখানে গিয়ে বাপ্পার আশীর্বাদ নিয়েছেন। তাঁদের দ্বিতীয় সন্তান জন্মের আগে এই দর্শন বলে জানা যায়। ১৯ সেপ্টেম্বর দ্বিতীয় কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন রণবীর-দীপিকা। সোমবার পরিবারকে সঙ্গে নিয়ে লালবাগচা রাজার দর্শনে যান অভিনেতা পৃথ্বীরাজ সুকুমারনও।

খুব শীঘ্রই ওয়েব সিরিজে অভিষেক হতে চলেছে পরিণীতির। রেনসিল ডি’সিলভা ও সিদ্ধার্থ পি মালহোত্রা পরিচালিত ‘শক: ট্রাস্ট নো ওয়ান’ একটি সাইকোলজিক্যাল থ্রিলার। এই সিরিজে পরিণীতির সঙ্গে রয়েছেন জেনিফার উইঙ্গেট, তাহির রাজ ভাসিন, সোনি রাজদান, অনুপ সোনি, সুমীত ব্যাস এবং হারলিন শেঠি।

সিরিজের গল্প এক মাকে কেন্দ্র করে, যার সন্তান নিখোঁজ হয়ে যায়। এরপর প্রায় ন’বছর ধরে সন্তানকে খুঁজতে থাকেন তিনি। সত্যের কাছাকাছি পৌঁছনোর সঙ্গে সঙ্গে একের পর এক গোপন তথ্য সামনে আসতে থাকে। সম্পর্ক, বিশ্বাস এবং কাছের মানুষদের কতটা চেনা যায়—সেই প্রশ্নই গল্পের কেন্দ্রে। ২৪ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাওয়ার কথা সিরিজটির।

স্ত্রীর ওয়েব সিরিজ ডেবিউ নিয়ে ইতিমধ্যেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন রাঘব চাড্ডা। ইনস্টাগ্রামে পরিণীতির উদ্দেশে তিনি লেখেন, “তোমাকে নিয়ে খুব গর্বিত, পরিণীতি।” সিরিজটির জন্য অভিনেত্রীর পরিশ্রম, প্রস্তুতি ও নিষ্ঠারও প্রশংসা করেন তিনি। পাশাপাশি জানান, এই সিরিজ দর্শকদের শেষ পর্যন্ত ভাবতে বাধ্য করবে বলেই তাঁর মনে হচ্ছে।

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More