Hiya Dey: হাসপাতালে ভর্তি ‘পটলকুমার গানওয়ালা’! মঙ্গলে অস্ত্রোপচার, কী হয়েছে হিয়ার?

স্কুলে অনূর্ধ্ব-১৯ কবাডি প্রতিযোগিতার প্র্যাকটিস করার সময় পড়ে গিয়ে ডান হাতের কব্জি ভেঙে যায় অভিনেত্রী হিয়া দে-র। 

Published on: Jun 30, 2026, 07:42:35 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

‘পটলকুমার গানওয়ালা’ ধারাবাহিকের সেই মিষ্টি ‘পটল’কে মনে আছে? সে এখন আর ছোট নেই। একাদশ শ্রেণির ছাত্রী হিয়া দে (Hiya Dey)। পড়াশোনার চাপ, অভিনয় থেকে দীর্ঘদিন দূরে থাকলেও সোশ্যাল মিডিয়ায় প্রচণ্ড অ্যাক্টিভ হিয়া।

হাসপাতালে ভর্তি ‘পটলকুমার গানওয়ালা’! মঙ্গলে অস্ত্রোপচার, কী হয়েছে হিয়ার?
হাসপাতালে ভর্তি ‘পটলকুমার গানওয়ালা’! মঙ্গলে অস্ত্রোপচার, কী হয়েছে হিয়ার?

সোমবার হাসপাতালের বিছানায় বসে নিজের বেশকিছু ছবি আপলোড করেন হিয়া। ক্যাপশনে লেখেন, ‘কখনও এইরকম কুল রোগী দেখেছো, হাত ভাঙা’।

বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন এবং খুব শীঘ্রই তাঁর হাতে একটি অস্ত্রোপচার (Surgery) করা হবে। হিয়ার মা জানিয়েছেন, মেয়ের হাতে প্লেট বসবে। হাসপাতালের বেড থেকে নিজের ব্যান্ডেজ করা হাতের কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেই মুহূর্তের মধ্যে অনুরাগীদের মনে উদ্বেগ ছড়িয়ে পড়ে।

কবাডি খেলতে গিয়েই অঘটন, যন্ত্রণা চেপে রেখে বকুনি হিয়ার

কী হয়েছে হিয়ার? কেমন ভাবে ভাঙল হাত, জানতে অভিনেত্রীর মায়ের সঙ্গে যোগাযোগ করেছিলাম আমরা। হিয়ার মা জানান, গত সপ্তাহের বুধবার স্কুলে অনূর্ধ্ব-১৯ (Under-19) কবাডি প্রতিযোগিতার জোরকদমে অনুশীলন চলছিল। সেই সময় খেলতে গিয়ে আচমকাই মাটিতে আছাড় খেয়ে পড়ে যায় হিয়া। পড়ে যাওয়ার ফলে তাঁর পুরো শরীরের ভার গিয়ে পড়ে ডান হাতের কব্জির ওপর।

প্রথমে হিয়া বা তাঁর পরিবার বিষয়টিকে অতটা গুরুত্ব দেননি। প্রচণ্ড যন্ত্রণা সহ্য করেই হিয়া বেশ কয়েকদিন স্বাভাবিক থাকার চেষ্টা করেছিল। কিন্তু ব্যথা কমার বদলে দিন দিন তা আরও বাড়তে শুরু করায় শেষমেশ তাঁকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা করার পর ডাক্তারবাবু জানান, হিয়ার কব্জির হাড় ভেঙে গিয়েছে। এত বড় চোট চেপে রাখার জন্য চিকিৎসকের কাছে বেশ বকুনিও খেতে হয়েছে পর্দার ‘পটল’-কে। চিকিৎসকদের মতে, এত বড় ফ্র্যাকচার নিয়ে দেরি করা একদমই ঠিক হয়নি, তাই আর কোনও ঝুঁকি না নিয়ে আজ, মঙ্গলবারই তাঁর অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অভিনয়ের পাশাপাশি এখন লক্ষ্য পড়াশোনা ও খেলাধুলো

হিয়ার মা জানিয়েছেন, আপাতত হিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং তাঁরা সবাই এখন হিয়ার দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছেন।

ছোটবেলায় ‘পটল’ চরিত্রে অভিনয় করে বাংলার ঘরে ঘরে আইকন হয়ে ওঠা হিয়া বর্তমানে একাদশ শ্রেণির ছাত্রী হিয়া। অভিনয়ের গ্ল্যামার জগত থেকে এই মুহূর্তে কিছুটা দূরে থাকলেও, পড়াশোনা এবং খেলাধুলোকেই নিজের সবচেয়ে বড় অগ্রাধিকার বানিয়েছেন তিনি। তবে অভিনয়কে তিনি চিরতরে বিদায় জানাননি। এক সাক্ষাৎকারে হিয়া জানিয়েছিলেন, ভবিষ্যতে পড়াশোনা শেষ করে তিনি আবার চেনা লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ায় ফিরবেন। কিন্তু পড়াশোনার ক্ষতি করে কোনও কাজ করতে তিনি নারাজ।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More