Arijit-Qazi Touqeer: জিয়াগঞ্জে স্কুটি চালাচ্ছেন অরিজিৎ, পিছনে ফেম গুরকুলের কাজি তৌকির, জমল রিউনিয়ন
২০০৫ সালে একসঙ্গে ভাগ নিয়েছিলেন ফেম গুরুকুল শো-তে। ২১ বছর পর জমল দুজনের রিউনিয়ন। জিয়াগঞ্জে স্কুটি চেপে ঘুরলেন দুই বন্ধু।
২০০৫ সালে সোনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনে সম্প্রচারিত একটি অত্যন্ত জনপ্রিয় ভারতীয় সঙ্গীত রিয়েলিটি শো ছিল ফেম গুরুকুল। এটি ছিল যুক্তরাজ্যের বিখ্যাত শো 'ফেম একাডেমি'-র ভারতীয় রূপান্তর। তবে এখনও বিশেষ করে এটির নাম বারবার আলোচনায় উঠে আসে, কারণ এই শো দিয়েই খ্যাতির আলোয় এসেছিলেন অরিজিৎ সিং। মাত্র ১৮ বছর বয়সে এই শো-তে ভাগ নেন তিনি। যদিও কম ভোট পাওয়ার কারণে শীর্ষ ৫ পর্যন্ত পৌঁছালেও, তারপর এলিমিনেট হয়ে যান। আর এই শো জিতে নিয়েছিলেন কাজি তৌকির ও রূপরেখা বন্দ্যোপাধ্যায়।

যদিও রিয়েলিটি শো-র বিজয়ী তকমা না থাকলেও, জনপ্রিয়তা কাজি তৌকির বা রূপরেখা, দুজনকেই অনেক যোজন পিছনে ফেলেছেন জিয়াগঞ্জের ছেলেটা। কিন্তু ওই যে, অরিজিৎ বড্ড মাটির মানুষ। তারকা-খ্যাতি স্পর্শই করতে পারেনি কখনো তাঁর ব্যক্তিত্বকে। এবার একটি ভিডিয়ো এল সামনে, যা শেয়ার করা হয়েছে গায়কেরই ফ্যান পেজ থেকে। যেখানে দেখা গেল জিয়াগঞ্জের মেঠো রাস্তা দিয়ে ছুটছে অরিজিতের স্কুটার। বলাই বাহুল্য চালাচ্ছেন তিনি নিজেই। আর পিছনে বসে আছেন কাজি তৌকির। অরিজিতের বাড়ির অন্দরমহলেও দেখা গেল দুই বন্ধুকে। গল্প-আড্ডা, খাওয়াদাওয়া সবই হল বেশ জমিয়ে। একটা ফোটোতে দেখা গেল দুজনেই মাথায় লাল কাপ ধরে পোজ দিয়েছেন। আবার আরেকটি গঙ্গার পারে স্কুটি দাঁড় করিয়ে তোলা।
দেখুন সেই ভিডিয়ো-
বলিউডের কোলাহল থেকে দূরে কাশ্মীরে নিজের বাড়িতেই বেশি সময় কাটান কাজি তৌকির। কবীর খান পরিচালিত ‘ফ্যান্টম’ ছবিতে ‘আফগান জলেবি’ গানটি গেয়েছিলেন কাজি তৌকির। তবে তারপর সেভাবে আর অফার আসেনি প্লেব্যাকের। যদিও গান থেকে পুরোপুরি সরিয়েও নেননি নিজেকে। তিনি ইনস্টাগ্রাম-সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সক্রিয়। বিভিন্ন স্টেজ শো করে থাকেন। অরিজিতের সঙ্গেও তাঁকে স্টেজ শেয়ার করতে দেখা গিয়েছিল ২০২৪ সালে। আর আরেকটা কাজ বরাবর করে থাকেন, তা হল অরিজিতের ঢালাও প্রশংসা। এমনকী, অরিজিৎ-রূপরেখার বিয়ে নিয়ে যে গুঞ্জন, তাতেও জল ঢেলেছিলেন কাজি তৌকির। মাঝে অভিনয়ের চেষ্টাও করেন। কিন্তু সেখানেও সেভাবে সুযোগ করে উঠতে পারেননি।
ফেম গুরুকূলে থাকতে অরিজিতের গানে ‘আবেগ নেই’ মন্তব্য করলেও, পরে নিজের বক্তব্য পুরোপুরি বদলে ফেলেন কাজি তৌকির। বলেন, ‘অরিজিৎ আমার বন্ধু। ও এক জন চমৎকার মানুষ। আমরা ফোনে কথা বলি। এমনকি, যখনই আমি লং ড্রাইভে যাই তখন আমি ওর গান শুনি। ও সবসময় প্লে ব্যাক সিঙ্গার হওয়ার স্বপ্ন দেখত। আমার গর্ব হয় ভাবলে যে, ও আমার বন্ধু।’
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper


