রাজ চক্রবর্তী সেজে ফোন! নায়ক হওয়ার স্বপ্নে ২ লক্ষ টাকা প্রতারণার মুখোমুখি যুবক
অভিনেতা হওয়ার স্বপ্ন দেখেই প্রতারণার ফাঁদে যুবক! পরিচালক রাজ চক্রবর্তীর নাম করে অভিনয়ের সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি, এমনকী এআই প্রযুক্তির সাহায্যে নকল করা হল তাঁর কণ্ঠস্বরও। ইতিহাসভিত্তিক ছবিতে কাজের টোপ দিয়ে এক যুবকের কাছ থেকে ধাপে ধাপে ২ লক্ষ ৭ হাজার টাকা হাতানোর অভিযোগ উঠেছে।
পরিচালক রাজ চক্রবর্তীর নাম এবং তাঁর কণ্ঠস্বর ব্যবহার করে প্রতারণার অভিযোগ উঠল। অভিনয়ের সুযোগ দেওয়ার প্রলোভন দেখিয়ে এক যুবকের কাছ থেকে ধাপে ধাপে ২ লক্ষ ৭ হাজার টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ। শুধু নাম নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সাহায্যে রাজের গলাও নকল করা হয়েছিল বলে দাবি প্রতারিত যুবকের। ইতিমধ্যেই এই ঘটনায় বাঁশদ্রোণী থানায় এফআইআর দায়ের করেছেন শুভজিৎ ঘোষ দস্তিদার। অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করেছে পুলিশ।

কীভাবে এই প্রতারণার ফাঁদে পড়লেন শুভজিৎ? অভিযোগকারীর বক্তব্য অনুযায়ী, একটি জনপ্রিয় প্রযোজনা সংস্থার নামে সোশ্যাল মিডিয়ায় নতুন ও উঠতি অভিনেতাদের জন্য একটি বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। সেই বিজ্ঞাপন দেখেই যোগাযোগ করেন তিনি। এরপর তাঁকে একটি ফোন নম্বর দেওয়া হয়। বলা হয়, সেটি রাজ চক্রবর্তীর নম্বর। সেই নম্বরে নিজের ছবি পাঠানোর পরই তাঁর কাছে ফোন আসে। ফোনের ওপারে থাকা ব্যক্তি নিজেকে রাজ চক্রবর্তী বলে পরিচয় দেন। পরিচালকের গলার সঙ্গে হুবহু মিল থাকায় প্রথমে সন্দেহ হয়নি শুভজিতের। পরে তিনি বুঝতে পারেন, এআই প্রযুক্তির সাহায্যে রাজের কণ্ঠস্বর নকল করে কথা বলা হয়েছিল।

এরপর অভিনয়ের সুযোগ দেওয়ার নাম করে টাকা চাওয়া শুরু হয় বলে অভিযোগ। প্রথমে ৩০ হাজার টাকা, পরে ৯২ হাজার টাকা দিতে বলা হয়। প্রোফাইল শুটের জন্যই এই অর্থ প্রয়োজন বলে জানানো হয়েছিল। পাশাপাশি একটি ইতিহাসভিত্তিক প্রজেক্টে অভিনয়ের সুযোগ দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়। শুভজিতের দাবি, এইভাবে বিভিন্ন সময়ে তাঁর কাছ থেকে মোট ২ লক্ষ ৭ হাজার টাকা নেওয়া হয়েছে।
প্রতারণার বিষয়টি বুঝতে পেরে পুলিশের দ্বারস্থ হন ওই যুবক। বাঁশদ্রোণী থানায় এফআইআর দায়ের করে তিনি এই ধরনের জালিয়াতি বন্ধ করার আর্জি জানিয়েছেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং মোবাইল নম্বরের সূত্র ধরে অভিযুক্ত সাইবার প্রতারকদের পরিচয় জানার চেষ্টা চলছে।
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper


