বিগ বস বাংলা জুটি রাজবীর-নন্দিনীকে নিয়ে সিনেমা আনছেন রাণা সরকার? ফেসবুক পোস্ট নিয়ে জল্পনা

কয়েকদিন ধরেই কানাঘুষো চলছে যে, যেভাবে বিগ বস বাংলা দিয়ে জনপ্রিয়তা পেয়েছেন রাজবীর দে, খুব জলদিই তাঁকে দেখা যাবে টলিউডের প্রোজেক্টে। এরই মাঝে রাজবীর ও নন্দিনীকে নিয়ে রাণা সরকারের করা একটি পোস্ট তৈরি করল জল্পনা। 

Published on: Nov 23, 2026, 14:30:20 IST
As Prefered on
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

বিগ বস বাংলা-তে চলতি সিজনে যে দুটো মানুষকে নিয়ে সবচেয়ে বেশি চর্চা হয়েছে, তাঁরা হলেন রাজবীর দে ও নন্দিনী দত্ত। এমনকী, তাঁদের প্রেম, অনুরাগ, ভালোবাসা, ঝগড়া, খুনসুটি-- সবই এসেছে আলোচনায়। এমনকী, প্রেমিকের সঙ্গে ঝগড়া করে, তাঁর গায়ে হাত তোলার কারণে নন্দিনীকে মাঝপথে ছাড়তে হয়েছে বিগ বসের ঘর। তাঁকে ঘর থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেন খোদ বিগ বস বাংলার সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়।

রাজবীর-নন্দিনীকে নিয়ে আসছে কোনো টলিউড প্রোজেক্ট?
রাজবীর-নন্দিনীকে নিয়ে আসছে কোনো টলিউড প্রোজেক্ট?

কয়েকদিন ধরেই কানাঘুষো চলছে যে, যেভাবে বিগ বস বাংলা দিয়ে জনপ্রিয়তা পেয়েছেন রাজবীর দে, খুব জলদিই তাঁকে দেখা যাবে টলিউডের প্রোজেক্টে। এরই মাঝে প্রযোজক রাণা সরকারের একটি পোস্ট ভাইরাল। যেখানে তিনি লিখেছেন, ‘রাজবীর নন্দিনীর বিয়ে হলে মানুষ বেশি খুশি হবে? নাকি ওদের জুটির সিনেমা হলে?’ আর রাণার এই পোস্ট থেকে জল্পনা, তাহলে কি ‘রাজনন্দিনী’কে নিয়ে কোনো নতুন প্রোজেক্ট আনার পরিকল্পনা রাণার? নাকি সবটাই ঢেউয়ে গা ভাসানো!

বেশিরভাগই রাণা-র এই পোস্টে মন্তব্য করেছেন যে তাঁরা দুটোই চান। তবে একটি মন্তব্যে লেখা হয়, ‘বিয়ে অনেক বড় ব্যাপার, বাইরের দুনিয়ায় এসে ওরা আগে আরও নিজেদেরকে চিনুক, জানুক। তারপরে বিয়ের কথা ভাবলে ভালো হয় মনে হয়...। তবে একসঙ্গে সিনেমা করতেই পারে আপাতত। কিন্তু আমার মনে হয় রাজবীর-সৃজলা জুটিকে অনস্ক্রিন বেশি ভালো মানাবে।’

ইতিমধ্যেই বিয়ে নিয়ে মুখ খুলেছেন নন্দিনী। তাঁকে বলতে শোনা গিয়েছে যে, বিগ বস ঘরের বাইরে রাজবীরের সঙ্গে অন্তত কয়েকবছর না মিশলে, বিয়ের সিদ্ধান্ত নেওয়া কঠিন। এদিকে, ঘরের ভিতরেই সৌরভের সঙ্গে গল্প করার সময় রাজবীরকে বলতে শোনা গিয়েছিল, বিগ বস থেকে বেরিয়েই তিনি নন্দিনীকে নিজের শিলিগুড়ির বাড়িতে নিয়ে যেতে চান। শুধু তাই নয়, পারিবারিক সপ্তাহে যখন মা এসেছিল রাজবীরের সঙ্গে দেখা করতে, তখনো রাজবীর মায়ের কাছে বারংবার জানতে চেয়েছিলেন যে, নন্দিনীকে তাঁদের পছন্দ কি না!

এদিকে, বিগ বস বাংলা থেকে বেরিয়ে গিয়েও রাজবীরের জন্য লড়ে যাচ্ছেন নন্দিনী। এখন দেখার, রিয়েলিটি শো-তে তৈরি হওয়া এই প্রেমকাহিনি সত্যিই কি বিয়ের দিকে গড়ায়? নাকি নিন্দুকদের কথা অনুসারে, সবটাই ছিল খেলার জন্য ‘নাটক’!

ABOUT THE AUTHOR

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।