Ranibir-Alia Anniversary: বিয়ের ৪ বছরের জন্মদিন কাটছে বরফ ঢাকা পাহাড়ে! আলিয়া-রণবীরের সঙ্গী হল খুদে রাহা-ও

Ranibir Kapoor-Alia Bhatt Anniversary: বিশেষ মুহূর্তকে আরও স্মরণীয় করে তুলতে, রণবীর কাপুর ও আলিয়া ভাট শহরের কোলাহল থেকে দূরে এক অজানা তুষারাবৃত স্থানে ছুটি কাটাচ্ছেন। আলিয়া সোশ্যাল মিডিয়ায় তাঁদের এই ভ্যাকেশন-এর কিছু অত্যন্ত ব্যক্তিগত ও সুন্দর ছবি শেয়ার করেছেন, যা দ্রুত ভাইরাল হয়ে উঠেছে।

Apr 14, 2026, 18:27:01 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Ranbir-Alia-Raha: বলিউডের অন্যতম প্রিয় জুটি রণবীর কাপুর এবং আলিয়া ভাট আজ তাঁদের বিয়ের চতুর্থ বার্ষিকী উদযাপন করছেন। এই বিশেষ মুহূর্তকে আরও স্মরণীয় করে তুলতে, এই তারকা জুটি শহরের কোলাহল থেকে দূরে এক অজানা তুষারাবৃত স্থানে ছুটি কাটাচ্ছেন। আলিয়া ভাট সোশ্যাল মিডিয়ায় তাঁদের এই ‘ভ্যাকেশন’-এর কিছু অত্যন্ত ব্যক্তিগত ও সুন্দর ছবি শেয়ার করেছেন, যা দ্রুত ভাইরাল হয়ে উঠেছে।

রণবীর ও আলিয়ার চতুর্থ বিবাহবার্ষিকী।
রণবীর ও আলিয়ার চতুর্থ বিবাহবার্ষিকী।

‘তু সাথ হো তো দিন রাত হো’

আলিয়া ভাট ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবির ‘ক্যারোসেল’ শেয়ার করে রণবীরের প্রতি তাঁর ভালোবাসা প্রকাশ করেছেন। নিজের অনুভূতিগুলো শব্দে প্রকাশ করে তিনি লিখেছেন, ‘পড়ে যাওয়া আর উঠে দাঁড়ানো, হাঁটা আর অনেক কথার মাঝে... আমরা আমাদের জন্য একটা অসাধারণ জীবন তৈরি করেছি। সংক্ষেপে বলতে গেলে— তু সাথ হো তো দিন রাত হো।’ আলিয়ার এই ক্যাপশন শুধু তাঁর ভক্তদের মন জয় করেনি, বরং তাঁদের চার বছরের সুন্দর সম্পর্কের গভীরতাও তুলে ধরেছে।

ছোট্ট রাহার উপস্থিতিতে উৎসবের রং

এই বছর বিবাহবার্ষিকী উদযাপনের সবচেয়ে বড় আকর্ষণ ছিল তাঁদের মেয়ে রাহা কাপুর-এর উপস্থিতি। ছবিগুলোতে দেখা যাচ্ছে, রণবীর ও আলিয়া তাঁদের ছোট্ট পরীর সঙ্গে বরফের মধ্যে আনন্দ উপভোগ করছেন। যদিও ছবিতে রাহার মুখ স্পষ্ট নয়, তবে ভারী শীতের জ্যাকেট ও জুতোয় তাঁকে অত্যন্ত মিষ্টি দেখাচ্ছে। তুষারঢাকা ঢালে স্কিইং গিয়ার পরে রণবীর ও আলিয়া যেন একেবারে সাধারণ দম্পতির মতো তাঁদের ব্যক্তিগত সুখের মুহূর্তগুলো উপভোগ করছেন।

ক্যান্ডললাইট ডিনার

শেয়ার করা ছবিগুলিতে তাঁদের রোমান্টিক মুহূর্তের ঝলকও দেখা গিয়েছে। একটি ছবিতে দু’জনকে হাতে কফির মগ নিয়ে শান্ত সময় কাটাতে দেখা যাচ্ছে, আবার অন্য একটি ছবিতে রয়েছে এক মনোরম ক্যান্ডললাইট ডিনারের দৃশ্য— যেখানে টেবিলে তাজা পাউরুটি, গোলাপের ফুল ও জ্বলন্ত মোমবাতি সাজানো। এই পরিবেশ তাঁদের বার্ষিকী উদযাপনকে আরও রোমান্টিক করে তুলেছে। পোস্টের শেষে আলিয়া একটি খুবই মিষ্টি আলপাকা-র (আলপাকা হলো ভেড়ার একটি প্রজাতি, যা মূলত দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতমালা অঞ্চলের,প্রধানত পেরু, বলিভিয়া, ইকুয়েডর এবং চিলির উচ্চভূমিতে পাওয়া যায়) ছবিও শেয়ার করেছেন, যা তাঁদের ভ্রমণের আনন্দঘন মুহূর্তগুলিকে আরও প্রাণবন্ত করে তুলেছে।

চার বছরের সফল পথচলা

উল্লেখযোগ্য যে, রণবীর ও আলিয়া ২০২২ সালের ১৪ এপ্রিল মুম্বইয়ের নিজস্ব বাড়ি ‘বাস্তু’-তে এক ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে বিবাহবন্ধনে আবদ্ধ হন। সেই থেকে আজ পর্যন্ত, এই জুটি শুধু পেশাগত ক্ষেত্রেই নয়, ব্যক্তিগত জীবনেও সমানভাবে সাফল্যের সঙ্গে এগিয়ে চলেছেন। রাহার আগমনের পর তাঁদের জীবন যেন আরও পূর্ণতা পেয়েছে।

শুভেচ্ছার বন্যায় ভাসলেন তারকা জুটি

সোশ্যাল মিডিয়ায় নীতু কাপুর, সোনি রাজদান এবং শাহিন ভাট-সহ পরিবারের সদস্যরা এবং বলিউডের একাধিক তারকা এই জুটিকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন। ভক্তরাও কমেন্ট সেকশনে ‘সেরা জুটি’ এবং ‘রাহার মা-বাবাকে অভিনন্দন’ লিখে তাঁদের ভালোবাসা উজাড় করে দিয়েছেন। তুষারাবৃত এই ছবিগুলো প্রমাণ করে, রণবীর ও আলিয়া তাঁদের সাধারণ সুখের মধ্যেই জীবনের সবচেয়ে বড় আনন্দ খুঁজে পান।

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More