Ranbir Kapoor: চোখে সংক্রমণ, তবু রামায়ণ-এর ট্রেলার ইভেন্টে রণবীর! মঞ্চে উঠেই কেন চাইলেন ক্ষমা?
নীতেশ তিওয়ারির বহুল প্রতীক্ষিত 'রামায়ণ: পার্ট ১'-এর বিশেষ ট্রেলার প্রদর্শনীতে হাজির হয়েই দর্শকদের কাছে ক্ষমা চাইলেন রণবীর কাপুর। চোখে সংক্রমণ নিয়ে কালো চশমা পরে মঞ্চে ওঠেন অভিনেতা।
২৪ জুলাই মুক্তি পেতে চলেছে নীতেশ তিওয়ারি পরিচালিত 'রামায়ণ: পার্ট ১'-এর ট্রেলার। তার আগে শনিবার দিল্লির প্রগতি ময়দানে বিশেষ আমন্ত্রিত অতিথিদের জন্য আয়োজন করা হয় ট্রেলারের এক্সক্লুসিভ স্ক্রিনিং। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির মুখ্য অভিনেতা রণবীর কাপুর-সহ গোটা তারকাবাহিনী।

মঞ্চে উঠে প্রথমেই 'জয় শ্রী রাম' ধ্বনি দেন রণবীর। এরপর চোখে কালো চশমা পরার কারণ ব্যাখ্যা করে দর্শকদের উদ্দেশে তিনি বলেন, ‘আমি আপনাদের সকলের কাছে ক্ষমা চাইছি, কারণ আমি কালো চশমা পরে এসেছি। আমার চোখে সংক্রমণ হয়েছে। তবে এই শুভ দিনে আমার হৃদয়ে শুধুই ভালোবাসা রয়েছে। তাই আমাকে ক্ষমা করবেন।’
সম্প্রতি খবর প্রকাশ্যে আসে যে, মেয়ে রাহার কাছ থেকেই কনজাঙ্কটিভাইটিসে (চোখ ওঠা) আক্রান্ত হয়েছেন রণবীর। তা সত্ত্বেও প্রতিশ্রুতি রক্ষা করতে তিনি ট্রেলার স্ক্রিনিং অনুষ্ঠানে উপস্থিত হন। অনুষ্ঠানে রণবীর বিশেষভাবে সম্মান জানান রামানন্দ সাগরের জনপ্রিয় ধারাবাহিকে শ্রীরামের চরিত্রে অভিনয় করা প্রবীণ অভিনেতা অরুণ গোভিলকে। প্রথমে তাঁকে দাঁড়াতে বললেও পরে নিজেই অনুরোধ করেন বসে থাকতে।
রণবীর বলেন, ‘আপনি যে নিষ্ঠা, সৌন্দর্য এবং মর্যাদার সঙ্গে এত বছর ধরে এই চরিত্রটিকে জীবন্ত রেখেছেন, তা আমাদের সকলের জন্য অনুপ্রেরণা। আমি যদি আপনার অভিনয়ের সামান্য অংশও পর্দায় তুলে ধরতে পারি, তাহলেই মনে করব আমার পরিশ্রম সার্থক হয়েছে।’ রণবীরের এই বক্তব্য শুনে হাসিমুখে প্রতিক্রিয়া জানান অরুণ গোভিল।
উল্লেখ্য, 'রামায়ণ'-এর একাধিক সংস্করণ তৈরি হলেও রামানন্দ সাগরের ধারাবাহিকে অরুণ গোভিলের শ্রীরাম চরিত্র আজও দর্শকদের কাছে আইকনিক। তাই বড় পর্দায় সেই চরিত্রে অভিনয় করতে গিয়ে রণবীর কাপুরের সামনে যে বড় চ্যালেঞ্জ রয়েছে, তা বলাই বাহুল্য। এখন দর্শকদের নজর, তিনি কতটা সফলভাবে সেই প্রত্যাশা পূরণ করতে পারেন।
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper


