১০ দিনেই ১২০০ কোটির গণ্ডি পার ‘রামায়ণ’-এর, তবে রণবীর ভাঙতে পারলেন না ‘ধুরন্ধর’ রণবীর সিং-এর রেকর্ড

বক্স অফিসে অপ্রতিরোধ্য রামায়ণ। দ্বিতীয় শনিবারেও এই ছবির আয় ৭২ কোটি পার। 

Published on: Nov 15, 2026, 15:22:12 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

বক্স অফিসে অপ্রতিরোধ্য গতিতে ছুটছে নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’। গত ৫ নভেম্বর দীপাবলির মরসুমে মুক্তি পাওয়ার পর থেকেই দেশ এবং বিদেশের প্রেক্ষাগৃহে রীতিমতো ঝড় তুলেছে রণবীর কাপুরের এই মহাকাব্যিক ছবি। মুক্তির মাত্র নয় দিনের মাথায় বিশ্বব্যাপী ১০০০ কোটির মাইলফলক ছুঁয়ে ফেলেছিল ছবিটি। আর দশম দিনে এসে সেই আয় পৌঁছে গেল ১২২৮ কোটি টাকায়। রামের ভূমিকায় রণবীর কাপুর, সীতার চরিত্রে সাই পল্লবী এবং রাবণের ভূমিকায় যশের অভিনয় দর্শকদের হলমুখী করতে দারুণভাবে সফল। দু’পর্বের এই ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় কিস্তি মুক্তি পাওয়ার কথা ২০২৮ সালে।

১০ দিনেই ১২০০ কোটির গণ্ডি পার ‘রামায়ণ’-এর, তবে রণবীর ভাঙতে পারলেন না ‘ধুরন্ধর’ রণবীর সিং-এর রেকর্ড
১০ দিনেই ১২০০ কোটির গণ্ডি পার ‘রামায়ণ’-এর, তবে রণবীর ভাঙতে পারলেন না ‘ধুরন্ধর’ রণবীর সিং-এর রেকর্ড

বাণিজ্য বিশ্লেষক সংস্থা ‘স্যাকনিল্ক’-এর রিপোর্ট অনুযায়ী, দ্বিতীয় শনিবার অর্থাৎ দশম দিনে ভারতে ২৩,৪৫১টি শো থেকে ৭২.৯০ কোটি টাকা নেট আয় করেছে ‘রামায়ণ’। এর ফলে দেশের বাজারে ছবিটির মোট গ্রস আয় দাঁড়িয়েছে ৮১৯.৫০ কোটি টাকায়। আন্তর্জাতিক বাজারে ‘রামায়ণ: রাইজ অফ আ লেজেন্ড’ নামে মুক্তি পাওয়া এই ছবির ওভারসিজ গ্রস আরও ৩০ কোটি টাকা বেড়ে হয়েছে ৪০৮.৫০ কোটি। সব মিলিয়ে মাত্র দশ দিনেই বিশ্বব্যাপী ছবিটির ঝুলিতে এসেছে ১২২৮ কোটি টাকা।

গতির নিরিখে ভারতীয় সিনেমার ইতিহাসে একাধিক ব্লকবাস্টারকে পেছনে ফেলে দিয়েছে ‘রামায়ণ’। মাত্র সাত দিনে ১০০০ কোটির ক্লাবে ঢুকে তালিকায় শীর্ষে রয়েছে ‘পুষ্পা ২: দ্য রুল’ এবং রণবীর সিংহ ও আদিত্য ধরের ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। এর ঠিক পরেই জায়গা করে নিয়েছে রণবীর কাপুরের ছবি, যার সময় লেগেছে মাত্র নয় দিন। এই দৌড়ে ‘রামায়ণ’ পেছনে ফেলে দিয়েছে ‘বাহুবলী ২’ (১০ দিন), ‘আরআরআর’ (১৬ দিন) এবং ‘কেজিএফ: চ্যাপ্টার ২’ (১৮ দিন)-এর মতো ছবিকে। এমনকী শাহরুখ খানের ‘জওয়ান’ (১৮ দিন) এবং ‘পাঠান’-এর (২৭ দিন) চেয়েও অনেক দ্রুত এই মাইলফলক স্পর্শ করেছে ছবিটি। তবে দশ দিনের মোট আয়ের নিরিখে এখনও সামান্য এগিয়ে রয়েছে ‘ধুরন্ধর ২’, যার দশম দিনের শেষে বিশ্বব্যাপী আয় ছিল ১২৫৫.৪১ কোটি টাকা।

শুধু বক্স অফিসের অঙ্কই নয়, আন্তর্জাতিক আঙিনাতেও বড়সড় সম্মান পেতে চলেছে ‘রামায়ণ’। আগামী ২০ নভেম্বর গোয়ায় শুরু হতে চলা ৫৭তম ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (IFFI)-এ ‘ব্রিকস’ (BRICS) বিভাগের উদ্বোধনী ছবি হিসেবে প্রদর্শিত হবে এই ছবি। প্রেস ইনফরমেশন ব্যুরো (PIB) সূত্রে খবর, এই বিভাগে ব্রিকস-ভুক্ত ১১টি সদস্য দেশ এবং সহযোগী রাষ্ট্রগুলির নির্বাচিত সিনেমা দেখানো হবে। বাণিজ্যিক সাফল্যের পাশাপাশি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও যে ভারতের এই মহাকাব্যিক ছবি দর্শকদের মন জয় করতে প্রস্তুত, তা বলাই বাহুল্য।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More