অস্কারের দৌড়ে ‘রামায়ণ’! ভারতের সরকারি এন্ট্রি নয়, অন্য পথে মনোনয়ন পাওয়ার চেষ্টা রণবীরের ছবির
ভারতের সরকারি অস্কার এন্ট্রি হিসেবে নির্বাচিত হয়েছে মারাঠি ছবি ‘গোন্ধল’। তবে সেই তালিকার বাইরে থেকেও অস্কারের দৌড়ে শামিল হওয়ার চেষ্টা করছে রণবীর কাপুরের ‘রামায়ণ’। ৯৯তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের বিবেচনার জন্য ছবিটি জমা দিয়েছেন নির্মাতারা।
বক্স অফিসে দুর্দান্ত শুরু করেছে রণবীর কাপুর অভিনীত ‘রামায়ণ’। এবার ছবিকে ঘিরে তৈরি হয়েছে নতুন চর্চা। ৯৯তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের বিবেচনার জন্য ছবিটি জমা দিয়েছেন নির্মাতারা। অথচ এবারের অস্কারে আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে ভারতের সরকারি মনোনয়ন হিসেবে ইতিমধ্যেই নির্বাচিত হয়েছে মারাঠি ছবি ‘গোন্ধল’। তাহলে কি একই বছর দুটি ভারতীয় ছবি অস্কারের দৌড়ে থাকতে পারে?

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, অস্কারের বিবেচনার জন্য জমা পড়েছে নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’। আসলে কোনও দেশের সরকারি মনোনয়নই অস্কারে যাওয়ার একমাত্র রাস্তা নয়। নির্দিষ্ট যোগ্যতার শর্ত পূরণ করলে অন্য ছবিও স্বাধীনভাবে অ্যাকাডেমির বিবেচনার জন্য জমা দেওয়া যায়। ফলে ভারতের সরকারি এন্ট্রি ‘গোন্ধল’-এর পাশাপাশি ‘রামায়ণ’-এরও অস্কারের দৌড়ে থাকার সুযোগ রয়েছে।
তবে ছবি জমা পড়লেই যে মনোনয়ন নিশ্চিত, এমনটা নয়। অ্যাকাডেমির নির্ধারিত নিয়ম ও যোগ্যতার মাপকাঠি পূরণ করার পরেই পরবর্তী পর্যায়ের জন্য বিবেচিত হবে কোনও ছবি।
গত ৫ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘রামায়ণ’। ভারতীয় বক্স অফিসের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও ছবিটি ভালো ব্যবসা করছে বলে দাবি নির্মাতাদের। ছবিতে রণবীরের পাশাপাশি রয়েছেন সাই পল্লবী, যশ, রবি দুবে, শিবা চাড্ডা, অরুণ গোভিল, রাকুলপ্রীত সিং এবং কাজল আগরওয়াল।
অন্যদিকে, ভারতের সরকারি অস্কার এন্ট্রি মারাঠি ছবি ‘গোন্ধল’ পরিচালনা করেছেন সন্তোষ দাভাখর। ২০২৫ সালে মুক্তি পাওয়া এই ছবিটি ৩৩টি ছবির মধ্যে থেকে নির্বাচিত হয়েছে। নির্বাচন কমিটির চেয়ারম্যান পি শেষাদ্রি এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
‘গোন্ধল’-এর গল্প আবর্তিত হয়েছে মহারাষ্ট্রের ঐতিহ্যবাহী লোকাচারকে কেন্দ্র করে। ছবিতে সুমন ও সরজেরাওয়ের প্রেমের কাহিনি তুলে ধরা হয়েছে। একে অপরকে ভালোবাসলেও সরজেরাওয়ের বাবার পণের দাবির কারণে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। শেষ পর্যন্ত সুমনকে বিয়ে করতে হয় সরল স্বভাবের আনন্দ রাওকে। এরপর নবদম্পতির জীবনে একের পর এক সমস্যা দেখা দিলে সেগুলি কাটানোর জন্য আয়োজন করা হয় ঐতিহ্যবাহী গোন্ধল লোকানুষ্ঠানের। সেই অনুষ্ঠানকে ঘিরেই গল্পে আসে নতুন মোড়।
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper


