ডন ৩-এর আগে, রণবীর সিংয়ের এই ছবিগুলিও ঘোষণার পরেই স্থগিত হয়, তালিকায় করণের সিনেমাও রয়েছে
রণবীর সিং তাঁর কেরিয়ারে অনেক হিট ছবি দিয়েছেন, তবে এমন অনেক ছবি রয়েছে যা ঘোষণা করার পরেও, সেগুলি কখনও তৈরিই হয়নি।
বিগত কয়েকদিন ধরেই চর্চায় রয়েছেন রণবীর সিং। ২০২৫ সালের শেষে ও ২০২৬-এর শুরুতে দু-দুটি ব্লকব্লাস্টার সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের। তবে এহেন রণবীর সিং-কেই এখন বয়কট করা হয়েছে বলে খবর। শোনা যাচ্ছে, ফারহান আখতার পরিচালিত বহুচর্চিত ছবি ডন ৩ থেকে নাকি সরে দাঁড়িয়েছেন রণবীর। এমনও দাবি করা হচ্ছে যে, এই ঘটনার পর ফারহান আখতার অভিনেতার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছেন। পাশাপাশি, রণবীরকে নাকি ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজের তরফেও নিষিদ্ধ করা হয়েছে। ফলে আপাতত অনেক ছবির কাজ থমকে রয়েছে বলে জোর জল্পনা। যদিও এই নিয়ে আনুষ্ঠানিকভাবে স্পষ্ট কোনও ঘোষণা সামনে আসেনি।

তবে জানেন কি, এর আগেও রণবীর সিংয়ের এমন একাধিক ছবির ঘোষণা হয়েছিল, যেগুলি নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি হলেও শেষ পর্যন্ত সেই সিনেমাগুলি আর বাস্তবায়িত হয়নি? তালিকায় রয়েছে একাধিক বড় পরিচালকের ছবিও।
তখত
রণবীর সিংয়ের বহুল আলোচিত ছবি তখত ঘোষণাও একসময় ব্যাপক শোরগোল ফেলেছিল। ছবিটি পরিচালনা করার কথা ছিল করণ জোহরের। শুধু রণবীরই নন, ছবিতে থাকার কথা ছিল আলিয়া ভাট, ভিকি কৌশল, জাহ্নবী কাপুর এবং করিনা কাপুর খানের মতো তারকাদেরও। এত বড় স্টারকাস্টের জন্য দর্শকদের উৎসাহ ছিল তুঙ্গে। কিন্তু নানা কারণে ছবিটি আর তৈরি হয়নি এবং শেষ পর্যন্ত তা বন্ধ হয়ে যায়।
বৈজু বাওরা
পরিচালক সঞ্জয় লীলা বনশালির সঙ্গে রণবীর সিংয়ের কাজ করার কথা ছিল বহুচর্চিত ছবি বৈজু বাওরা-এ। দীর্ঘদিন ধরেই এই সিনেমাকে ঘিরে বলিউডে জোর গুঞ্জন ছিল। খবর ছিল, ছবিতে রণবীরের সঙ্গে দেখা যেতে পারে আলিয়া ভাট এবং কিয়ারা আডবানিকে। পরে আবার এমনও শোনা যায় যে, ছবিটি নাকি রণবীর কাপুরকে নিয়ে তৈরি হতে পারে। যদিও এখনও পর্যন্ত ছবিটি নিয়ে কোনও নিশ্চিত আপডেট প্রকাশ্যে আসেনি।
তামিল ছবি ‘আন্নিয়ান’-এর হিন্দি রিমেক
দক্ষিণী জনপ্রিয় তামিল ছবি আন্নিয়ানের হিন্দি রিমেক নিয়েও একসময় জোর আলোচনা হয়েছিল। খবর ছিল, এই ছবিতে মুখ্য ভূমিকায় থাকবেন রণবীর সিং এবং পরিচালনার দায়িত্বে থাকবেন তামিল পরিচালক এস শংকর নিজেই। তবে পরবর্তীতে ছবিটি বন্ধ হয়ে যাওয়ার খবর সামনে আসে। এখনও পর্যন্ত এই প্রোজেক্ট নিয়ে নতুন কোনও তথ্য প্রকাশ্যে আসেনি।
শক্তিমান
শক্তিমান ছবিকে ঘিরে উত্তেজনার শেষ ছিল না। শোনা গিয়েছিল, এই সুপারহিরো ছবিটি পরিচালনা করবেন বাসিল জোসেপ। তবে ছবির ঘোষণা হওয়ার পর থেকেই টেলিভিশনের ‘শক্তিমান’ চরিত্রে অভিনয় করা জনপ্রিয় মুকেশ খান্না এই কাস্টিংয়ের বিরোধিতা করে আসছেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, রণবীর সিংকে শক্তিমানের চরিত্রে দেখতে চান না তিনি। তাঁর মতে, এই চরিত্রে নতুন মুখের অভিনেতাকে সুযোগ দেওয়া উচিত। এমনকী তিনি এও বলেন যে, নিজের সিদ্ধান্তে তিনি অনড় থাকবেন এবং বলিউডের কোনও অভিনেতাকেই এই চরিত্রের জন্য যথাযথ বলে মনে করেন না।
রাক্ষস
এরপর খবর ছড়ায়, রণবীর সিং নাকি রাক্ষস নামের একটি সুপারন্যাচারাল ছবি নিয়েও আসতে চলেছেন। ছবিটি পরিচালনা করার কথা ছিল প্রশান্ত বর্মা-র। তবে সময়ের সঙ্গে সঙ্গে এই ছবিটিও বন্ধ হয়ে যাওয়ার খবর সামনে আসে। ফলে আপাতত রণবীরের এই প্রজেক্টও অনিশ্চয়তার তালিকাতেই রয়ে গিয়েছে।
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper


