Rashmika Mandanna: এক পুরুষকে নিয়ে দুই বন্ধুর টানাটানি! ককটেল ২-তে অভিনয় করতে কেন ভয় পান রশ্মিকা?
‘পুষ্পা’ বা ‘অ্যানিমেল’-এর মতো ছবিতে গম্ভীর চরিত্রের পর এত চনমনে ও রোমান্টিক-কমেডি ছবিতে কাজ করতে শুরুতে বেশ দ্বিধায় ছিলেন অভিনেত্রী।
শাহিদ কাপুর, কৃতি স্যানন এবং রশ্মিকা মন্দানা অভিনীত আগামী ছবি ‘ককটেল ২’ (Cocktail 2) নিয়ে এই মুহূর্তে বলিউডে চর্চা তুঙ্গে। ২০১২ সালের সুপারহিট ছবি ‘ককটেল’-এর সিক্যুয়েল বা ফ্র্যাঞ্চাইজি ফিল্ম হতে চলেছে এটি, যার পরিচালনায় রয়েছেন হোমি আদজানিয়া। সম্প্রতি ছবিটির ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকেই দর্শক মহলে দারুণ সাড়াও মিলেছে। ছবিতে রশ্মিকাকে এক্কেবারে নতুন, আধুনিক এবং গ্ল্যামারাস অবতারে দেখা গেছে। তবে ট্রেলার লঞ্চের এক অনুষ্ঠানে এসে ‘ন্যাশনাল ক্রাশ’ রশ্মিকা নিজেই খোলসা করলেন এক চমকপ্রদ তথ্য— এই ছবিতে অভিনয় করার জন্য ‘হ্যাঁ’ বলতে নাকি রীতিমতো ভয় পাচ্ছিলেন তিনি!

এক্কেবারে উল্টো ধাঁচের চরিত্র
এর আগে ‘পুষ্পা’ ছবির সাদাসিধে শ্রীভল্লী কিংবা ‘অ্যানিমেল’ ছবির তীব্র আবেগপ্রবণ ও গম্ভীর গীতাঞ্জলির চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন রশ্মিকা। কিন্তু ‘ককটেল ২’ ছবিতে তাঁর ‘দিয়া’ চরিত্রটি এক্কেবারে চনমনে, আধুনিক এবং শহুরে মেজাজের এক তরুণীর। রশ্মিকা জানান, তাঁর আগের কাজগুলোর কারণে দর্শকেরা তাঁর কাছ থেকে সব সময়ই বেশ সিরিয়াস বা ড্রামাটিক পারফরম্যান্স আশা করেন। তাই আচমকা এত হালকা চালের রোমান্টিক-কমেডিতে কাজ করাটা তাঁর জন্য বেশ বড় চ্যালেঞ্জ ছিল।
ভয়ের কারণ কী?
‘আমি সত্যি বলতে বেশ ভয় পেয়েছিলাম। কারণ সিনেমা ক্যারিয়ারে এর আগে আমাকে এতটা আরবান বা আধুনিক লুকে কখনও দেখা যায়নি। এতদিন আমার করা ছবিগুলোর কারণে দর্শক আমার থেকে এক ধরণের গম্ভীর বা নাটকীয় অভিনয় প্রত্যাশা করে এসেছেন। কিন্তু প্রথমবার আমি এত হালকা মেজের কোনও কাজ করলাম, যেখানে বন্ধুত্ব, পাগলামি আর ভালোবাসাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। শুরুতে আমি ভাবছিলাম, এই সিদ্ধান্তটা আমার ক্যারিয়ারের জন্য সঠিক হবে তো?’
কেন শেষ পর্যন্ত রাজি হলেন রশ্মিকা?
শুরুতে মনে দ্বিধাদ্বন্দ্ব থাকলেও শেষ পর্যন্ত নিজেকে ভাঙার সিদ্ধান্ত নেন অভিনেত্রী। রশ্মিকার মতে, দর্শকেরা সব সময়ই প্রিয় তারকাদের কাছ থেকে নতুন এবং সারপ্রাইজিং কিছু আশা করেন। তাই নিজেকে একঘেয়েমি থেকে বের করে এক নতুন রূপ দিতেই এই ছবিতে অভিনয় করার সিদ্ধান্ত নেন তিনি। রশ্মিকা মনে করেন, ‘দিয়া’ চরিত্রটি ফুটিয়ে তোলার মাধ্যমে তিনি নিজের এক সম্পূর্ণ ভিন্ন এবং প্রাণোচ্ছ্বল দিক পর্দায় তুলে ধরতে পেরেছেন।
১৯শে জুন প্রেক্ষাগৃহে আসছে নতুন প্রেমের গল্প
‘ককটেল ২’ ছবিতে শহীদ কাপুর (কুণাল) এবং রশ্মিকা মন্দানার (দিয়া) চরিত্রের মধ্যে একটি মিষ্টি রোমান্টিক সম্পর্ক দেখানো হলেও, তাঁদের মাঝে আগমন ঘটে কৃতির (অ্যালি), যিনি আসলে শহীদের প্রিয় বন্ধু কিন্তু ধীরে ধীরে তাঁর প্রেমে পড়তে শুরু করেন। এই ত্রিমুখী জটিল প্রেম, বন্ধুত্ব ও কনফিউশনের গল্পটি আগামী ১৯শে জুন, ২০২৬ তারিখে বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে। প্রায় ১৫০ কোটি টাকার বিপুল বাজেটে তৈরি এই ছবিটি চলতি মাসের অন্যতম প্রতীক্ষিত রোম-কম।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


