নরেন্দ্র-প্রেমে মগ্ন! মোদীর প্রতি আসক্তি নিয়ে করণ জোহরকে কী বললেন রবি কিষাণ?

কফি উইথ করণ ৯-এর মঞ্চে র‍্যাপিড ফায়ার রাউন্ডে মজার প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন রবি কিষাণ। অনন্যা পাণ্ডে, জাহ্নবী কাপুরের মতো অভিনেত্রীরা নাকি সোশ্যাল মিডিয়ায় তাঁর প্রতি মুগ্ধতার কথা জানিয়েছেন। কিন্তু নিজে কার প্রতি ‘অবসেসড’? করণের এই প্রশ্নে একটুও না ভেবে মোদীর নাম নিলেন অভিনেতা-রাজনীতিক।

Published on: Nov 27, 2026, 14:30:45 IST
As Prefered on
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

করণ জোহরের জনপ্রিয় চ্যাট শো ‘কফি উইথ করণ ৯’-এর সাম্প্রতিক পর্বে হাজির হয়েছিলেন অক্ষয় কুমার ও রবি কিষাণ। শোয়ের মঞ্চে নানা মজার প্রশ্নের পাশাপাশি উঠে আসে ব্যক্তিগত পছন্দ-অপছন্দের কথাও। আর সেখানেই রবি কিষাণের একটি উত্তর বেশ নজর কেড়েছে। অভিনেতা-রাজনীতিকের মুখে তাঁর বিশেষ পছন্দের মানুষের নাম শুনে চমকে গিয়েছেন অনেকেই।

মোদীকে নিয়ে কী বললেন রবি কিষাণ?
মোদীকে নিয়ে কী বললেন রবি কিষাণ?

অনুষ্ঠানের র‌্যাপিড ফায়ার রাউন্ডে করণ জোহর রবি কিষাণকে জানান, অনন্যা পাণ্ডে ও জাহ্নবী কাপুরের মতো অভিনেত্রীরা সোশ্যাল মিডিয়ায় তাঁর প্রতি মুগ্ধতার কথা জানিয়েছেন। এরপরই করণ জানতে চান, রবি নিজে কার প্রতি সবচেয়ে বেশি ‘অবসেসড’? প্রশ্ন শুনে এক মুহূর্তও সময় নষ্ট করেননি অভিনেতা। সোজাসুজি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম নেন তিনি।

রবি কিষাণের এই উত্তর তাঁর রাজনৈতিক পরিচয়ের সঙ্গেও বেশ সামঞ্জস্যপূর্ণ। তিনি উত্তরপ্রদেশের গোরক্ষপুর কেন্দ্রের বিজেপি সাংসদ। ২০১৯ সালে প্রথমবার এই কেন্দ্র থেকে লোকসভায় নির্বাচিত হন তিনি। ২০২৪ সালের লোকসভা নির্বাচনেও একই আসন থেকে জয়ী হয়ে দ্বিতীয়বার সাংসদ হয়েছেন।

অভিনেতা হিসেবে অবশ্য রবি কিষাণের পরিচিতি বহুদিনের। তাঁর আসল নাম রবীন্দ্র শ্যামনারায়ণ শুক্লা। হিন্দি ছবির পাশাপাশি ভোজপুরি এবং একাধিক ভারতীয় ভাষার ছবিতেও কাজ করেছেন তিনি। বিশেষ করে ভোজপুরি সিনেমায় তাঁর জনপ্রিয়তা বিপুল। রাজনীতিতে যোগ দেওয়ার আগে অভিনয় জগতেই নিজের জায়গা তৈরি করেছিলেন রবি।

এই প্রথম ‘কফি উইথ করণ’-এর সোফায় একসঙ্গে দেখা গেল অক্ষয় কুমার ও রবি কিষাণকে। রবি কিষাণের জন্য এটি ছিল শোয়ে প্রথমবার হাজিরা, অন্যদিকে অক্ষয় পঞ্চমবারের জন্য ফিরলেন করণের অনুষ্ঠানে। করণ জানান, শোয়ে রবি কিষাণকে আমন্ত্রণ জানানোর পরামর্শ দিয়েছিলেন অক্ষয় নিজেই।

আড্ডায় দুই অভিনেতা তাঁদের দীর্ঘদিনের পরিচয়, কেরিয়ারের শুরুর দিকের লড়াই এবং সিনেমা জগতের নানা অভিজ্ঞতা ভাগ করে নেন। ১৯৯১ সালের ছবি ‘সৌগন্ধ’-এর ডাবিংয়ের সময় তাঁদের প্রথম আলাপ হয়েছিল বলেও জানান রবি কিষাণ। অক্ষয় আবার রবি কিষাণের আবেগপ্রবণ স্বভাবের কথাও তুলে ধরেন। পাশাপাশি দু’জনে মিলে অভিনেতার ভাইরাল নাচের স্টেপও আবার করে দেখান।

এদিকে, অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও এখন বেশ জনপ্রিয় রবি কিষাণ। তাঁর মজাদার অভিব্যক্তি, উদ্দাম নাচ, অকপট মন্তব্য এবং ভোজপুরি ঘরানার সংলাপ প্রায়ই নেটদুনিয়ায় ভাইরাল হয়। ‘জিন্দেগি ঝান্ডওয়া, ফির ভি ঘমন্ডওয়া’, ‘মানি ফলোজ মাই ব্রাদার’ কিংবা ‘জলদি, দ্য লেট’-এর মতো তাঁর বলা কথা নিয়েও তৈরি হয়েছে একাধিক মিম। প্রায়ই তাঁর কোনও না কোনও ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।

উল্লেখ্য, করণ জোহর সঞ্চালিত ‘কফি উইথ করণ’-এর নবম সিজনই এই অনুষ্ঠানের শেষ সিজন। অক্ষয় কুমার ও রবি কিষাণের এই পর্বটি ২৫ নভেম্বর ২০২৬-এ জিওহটস্টারে মুক্তি পেয়েছে।

ABOUT THE AUTHOR

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।