ছোট পর্দায় ফিরছেন জগদ্ধাত্রীর নায়ক ঋষভ, বিপরীতে নতুন নায়িকা রূপসা! কোন চ্যানেল?

ঋষভের চরিত্রের নাম ‘নল’, আর রূপসার চরিত্রের নাম দময়ন্তী। কোন চ্যানেলে আসছে ‘নল দময়ন্তী’ ধারাবহাহিক?

Published on: Aug 17, 2026, 13:00:10 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকে নতুন নায়ক হয়ে এসেছিলেন ঋষভ ভৌমিক। ধারাবাহিকে ‘জগদ্ধাত্রী’র মেয়ে দুর্গার সঙ্গে রোম্যান্স করেছিলেন তিনি। এবার ঋষভ ফিরছেন নতুন মেগা ‘নল দময়ন্তী’-তে। আর সেখানে নায়িকার চরিত্রে নতুন মুখ রূপসা চৌধুরী। আর এই ধারাবাহিকটি আসতে চলেছে আকাশ আট চ্য়ানেলে। ঋষভের চরিত্রের নাম ‘নল’। আর রূপসা-র চরিত্রের নাম ‘দময়ন্তী’। ১৭ অগস্ট অর্থাৎ আজ সোমবার থেকে সম্প্রচার হবে এই মেগা।

আসছে ‘নল দময়ন্তী’ ধারাবহাহিক।
আসছে ‘নল দময়ন্তী’ ধারাবহাহিক।

নতুন ধারাবাহিকে মুখ্য হিরো-র চরিত্রে সুযোগ পেয়ে পুরনো মেগা ‘জগদ্ধাত্রী’র নির্মাতাদেরই ধন্যবাদ জানালেন ঋষভ। লিখলেন, ‘কখনও ভাবিনি যে এটি আমার জীবনের এত বড় একটি মোড় হয়ে দাঁড়াবে। নিজের ওপর আমার এতটাই বিশ্বাস ছিল যে, অনেকে হয়তো ভেবেছিলেন আমি আসলে অন্ধ অথবা কেবলই মজা করছি। আমি জানতাম আমি কী করছি এবং আমার ভেতরের অনুভূতি আমাকে বলছিল যে আমি সঠিক পথেই আছি। তবে, আমাকে এই প্ল্যাটফর্মটি দেওয়ার জন্য 'ব্লুজ প্রোডাকশন' (Blues Production)-এর কাছে আমি কৃতজ্ঞ। আপনাদের দলের সঙ্গে কাজ করার স্বপ্ন আমি সবসময়ই দেখতাম। আর স্নেহাশিস স্যার, একমাত্র আপনিই আমার মধ্যে সেই সম্ভাবনাটুকু দেখতে পেয়েছিলেন। আমি আপনার কাছে চিরকাল কৃতজ্ঞ থাকব।’

প্রসঙ্গত, ঐতিহাসিক প্রেক্ষাপটে তৈরি হতে চলেছে নল দময়ন্তী ধারাবাহিকটি। প্রাচীন ভারতীয় মহাকাব্য মহাভারতের বনপর্বের অন্যতম বিখ্যাত এবং জনপ্রিয় দুটি চতরিত্র নল ও দময়ন্তী। নিষাদ রাজ্যের গুণী ও বীর রাজা নল এবং বিদর্ভ রাজ্যের রূপবতী ও বুদ্ধিমতী রাজকুমারী দময়ন্তীর এক চিরন্তন প্রেমের উপাখ্যানই ফুটে উঠবে আকাশ আটের এই মেগায়।

রাজা নল এবং রাজকুমারী দময়ন্তী একে অপরকে না দেখেই কেবল একে-অপরের ব্যাপারে জেনেই ভালোবেসে ফেলেছিলেন। একটি রাজহাঁস বিদর্ভ রাজ্যে গিয়ে দময়ন্তীর কাছে নলের প্রেমের বার্তা পৌঁছে দিয়েছিল। এরপর দময়ন্তীর বিয়ের জন্য স্বয়ম্বর সভার আয়োজন করা হলে মর্ত্যের রাজাদের পাশাপাশি চার প্রধান দেবতা—ইন্দ্র, অগ্নি, যম ও বরুণও সেখানে উপস্থিত হন। দেবতারা দময়ন্তীকে পরীক্ষা করার জন্য প্রত্যেকেই হুবহু রাজা নলের রূপ ধারণ করে আসনে বসেন। সভায় একই রকম পাঁচজন নলকে দেখে দময়ন্তী বিভ্রান্ত হয়ে পড়েন। কিন্তু নিজের প্রখর বুদ্ধি ও একাগ্রতা দিয়ে তিনি দেবতাদের চোখের পলক না পড়া এবং ঘামহীন শরীর দেখে আসল নলকে চিনে নেন এবং তাঁর গলায় মালা পরিয়ে দেন। যদিও এরপর নল ও দময়ন্তীর জীবনে আনের ঘাত প্রতিঘাত আসে। তবে দময়ন্তী এক মুহূর্তেও ভালোবাসা ও শ্রদ্ধা হারাননি স্বামীর থেকে।

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More